, ,

ওয়েডিং কার্নিভালের উদ্বোধনী মডেল সুমাইয়া হারুন, নতুন দিগন্তে ফ্যাশন ক্যারিয়ার

নিউজটি শেয়ার করুন

মিস আর্থ বাংলাদেশ ২০২৫ খেতাবজয়ীর আন্তর্জাতিক অঙ্গনে এগিয়ে চলা

 

ফ্যাশন, গ্ল্যামার ও আন্তর্জাতিক অঙ্গনে নিজের স্বতন্ত্র পরিচিতি গড়ে তুলছেন বাংলাদেশি কানাডাপ্রবাসী মডেল সুমাইয়া হারুন। সৌন্দর্য, আত্মবিশ্বাস, মেধা ও ব্যক্তিত্বের সমন্বয়ে ধীরে ধীরে নিজের অবস্থান শক্ত করছেন তিনি। সম্প্রতি ওয়েডিং কার্নিভালের উদ্বোধনী মডেল হিসেবে র‍্যাম্পে উপস্থিত হয়ে আলোচনায় এসেছেন ‘মিস আর্থ বাংলাদেশ ২০২৫’ খেতাবজয়ী এই মডেল। একই সঙ্গে রথাজ ফ্যাশনের একটি বিশেষ গাউনের মডেল হিসেবেও কাজ করেছেন তিনি।

ফ্যাশন জগতে নতুন এই অভিজ্ঞতা নিয়ে বেশ উচ্ছ্বসিত সুমাইয়া। তাঁর ভাষায়, দুটি কাজই প্রত্যাশা অনুযায়ী সফলভাবে সম্পন্ন হয়েছে। পাশাপাশি নতুন কিছু কাজের বিষয়ে আলোচনা চলছে, যা নিয়ে আশাবাদী তিনি।

সুমাইয়ার কাছে সৌন্দর্য কেবল বাহ্যিক আকর্ষণের মধ্যে সীমাবদ্ধ নয়। তাঁর বিশ্বাস, একজন বিউটি কুইনের পরিচয়ের সঙ্গে দায়িত্ববোধ, নেতৃত্ব, আত্মবিশ্বাস এবং সমাজের জন্য ইতিবাচক কিছু করার মানসিকতাও জড়িত। এই ভাবনা থেকেই নিজের পেশাগত জীবনের পাশাপাশি সামাজিক ও পরিবেশবিষয়ক উদ্যোগেও সম্পৃক্ত রয়েছেন তিনি।

মাত্র ২৪ বছর বয়সেই পড়াশোনা, পেশাগত জীবন ও মডেলিং—তিনটি ক্ষেত্রেই নিজের দক্ষতার পরিচয় দিয়েছেন সুমাইয়া। বর্তমানে কানাডিয়ান ওভারসিজ বিজনেস ইনকরপোরেটেডে বিজনেস ডেভেলপমেন্ট এক্সিকিউটিভ হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি এসডিজি উদ্যোক্তা হিসেবেও কাজ করছেন।

২০২২ সালের দিকে মিডিয়া ও ফ্যাশন জগতে তাঁর যাত্রা শুরু। এ পথচলায় সবচেয়ে বড় অনুপ্রেরণা ছিলেন তাঁর মা। মায়ের উৎসাহ ও সমর্থনই তাঁকে নিজের স্বপ্ন বাস্তবায়নে সাহস জুগিয়েছে। ২০২৩ সালে ‘মিস মাল্টিন্যাশনাল’ খেতাব অর্জনের মধ্য দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে তাঁর পরিচিতি তৈরি হয়। এরপর বিভিন্ন ফ্যাশন শো, র‍্যাম্প শো, স্বনামধন্য ফ্যাশন হাউসের মডেলিং এবং পরিবেশ ও সামাজিক সচেতনতামূলক কর্মকাণ্ডে অংশ নিয়ে নিজের অভিজ্ঞতার ঝুলি সমৃদ্ধ করেছেন তিনি।

সাম্প্রতিক কাজের অভিজ্ঞতা ও ভবিষ্যৎ পরিকল্পনা প্রসঙ্গে সুমাইয়া হারুন বলেন, “সম্প্রতি ওয়েডিং কার্নিভালের উদ্বোধনী মডেল হিসেবে কাজ করেছি। পাশাপাশি রথাজ ফ্যাশনের একটি গাউনের মডেল হয়েছি। দুটি কাজই খুব ভালো হয়েছে। কাজগুলো নিয়ে আমি আনন্দিত ও সন্তুষ্ট। বর্তমানে আরও কয়েকটি প্রজেক্ট নিয়ে আলোচনা চলছে। আশা করছি, শিগগিরই নতুন কিছু কাজের সুখবর দিতে পারব।”

এর পাশাপাশি বাবার ব্যবসার দায়িত্বসহ ব্যক্তিগত ও পেশাগত নানা ব্যস্ততা রয়েছে। সবকিছুর মধ্যে ভারসাম্য রেখে কাজ করতে সময় ও পরিকল্পনার প্রয়োজন হয়।”

মডেলিংয়ের পাশাপাশি বড় পর্দায় অভিনয়ের প্রতিও আগ্রহ রয়েছে সুমাইয়া। তবে চলচ্চিত্রে অভিষেকের ক্ষেত্রে কোনো তাড়াহুড়ো করতে চান না তিনি। তাঁর কাছে শুধু পর্দায় উপস্থিত হওয়ার চেয়ে একটি ভালো গল্প, শক্তিশালী চিত্রনাট্য এবং শৈল্পিক উপস্থাপন অনেক বেশি গুরুত্বপূর্ণ। ইতোমধ্যে বেশ কয়েকটি চলচ্চিত্রের প্রস্তাব পেয়েছেন এবং চিত্রনাট্যও পড়েছেন। তবে মনের মতো গল্প না পাওয়ায় এখনো কোনো চলচ্চিত্রে যুক্ত হননি।

চলচ্চিত্র নিয়ে নিজের ভাবনা তুলে ধরে সুমাইয়া বলেন, “আমি এমন গল্পে কাজ করতে চাই, যেখানে শৈল্পিক দৃষ্টিভঙ্গির পাশাপাশি অর্থবহ বিষয়বস্তু থাকবে। বেশ কয়েকটি চলচ্চিত্রের প্রস্তাব পেয়েছি এবং বিভিন্ন চিত্রনাট্যও পড়েছি। কিন্তু এখন পর্যন্ত কোনোটিই আমাকে সেভাবে আকৃষ্ট করতে পারেনি। আমার কাছে চলচ্চিত্রে কাজ করার অর্থ হলো ভালো ও মূল্যবান কোনো সৃষ্টির অংশ হওয়া। পুরোনো ধাঁচের কিংবা দুর্বল গল্পের মাঝারি মানের চলচ্চিত্রে কাজ করার চেয়ে সঠিক গল্প ও উপযুক্ত চরিত্রের অপেক্ষায় থাকতে চাই। প্রয়োজন হলে ভালো কাজ না পাওয়া পর্যন্ত আমার চলচ্চিত্রের তালিকা শূন্যই থাকুক।”

বিশ্ব চলচ্চিত্রের কালজয়ী অভিনয়শিল্পীদের প্রতিও রয়েছে তাঁর গভীর ভালো লাগা। বিশেষ করে ভারতীয় চলচ্চিত্রের কিংবদন্তি জুটি উত্তম কুমার ও সুচিত্রা সেন তাঁর অন্যতম অনুপ্রেরণা। তাঁদের অভিনয়শৈলী, পর্দায় উপস্থিতি এবং গল্পের গভীরতা সুমাইয়াকে মুগ্ধ করে। ভবিষ্যতে চলচ্চিত্রে কাজের সুযোগ পেলে নিজের অভিনয়েও এমন শৈল্পিক নিষ্ঠা ও মানসম্মত কাজের ছাপ রাখতে চান তিনি।

সব মিলিয়ে মডেলিং, আন্তর্জাতিক আয়োজন, পেশাগত দায়িত্ব ও ভবিষ্যতের চলচ্চিত্র ভাবনা—সবকিছু নিয়েই পরিকল্পিতভাবে এগিয়ে যাচ্ছেন সুমাইয়া হারুন। পরিচিতির চেয়ে কাজের মানকে প্রাধান্য দেওয়া এবং বেছে বেছে ভালো প্রকল্পে যুক্ত হওয়ার প্রত্যয় তাঁর ক্যারিয়ারের অন্যতম বৈশিষ্ট্য হয়ে উঠছে।

 

নিজের আগামী দিনের পথচলায় সবার দোয়া ও সহযোগিতা কামনা করে সুমাইয়া বলেন, “সবাই আমার জন্য দোয়া করবেন। আমি যেন ভবিষ্যতে আরও ভালো ও অর্থবহ কাজ করতে পারি এবং নিজের কাজের মাধ্যমে পরিবার, দেশ ও দেশের মানুষের মুখ উজ্জ্বল করতে পারি।”