, ,

এমপি নয়নের উদ্যোগে বিদ্যুতের নতুন দিগন্ত, বদলে যাবে দ্বীপবাসীর জীবন

নিউজটি শেয়ার করুন

সাবমেরিন ক্যাবলে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে মনপুরা

মোঃ ইব্রাহিম ডাকুয়া চরফ্যাশন ভোলা থেকে: ভোলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সুবিধা নিশ্চিত করতে নেওয়া হয়েছে এক যুগান্তকারী উদ্যোগ। সাবমেরিন ক্যাবলের মাধ্যমে জাতীয় গ্রিডে মনপুরাকে যুক্ত করার লক্ষ্যে আন্তর্জাতিক মানের দরপত্র আহ্বান করেছে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ওজোপডিকো)।

‘মনপুরা দ্বীপে বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার উন্নয়ন ও সম্প্রসারণ’ শীর্ষক এই প্রকল্প বাস্তবায়িত হলে দীর্ঘদিনের বিদ্যুৎ সংকট কাটিয়ে আধুনিক সুবিধার আওতায় আসবে দ্বীপটির হাজারো পরিবার, ব্যবসা প্রতিষ্ঠান ও শিক্ষা-স্বাস্থ্য খাত।

সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রকল্পের আওতায় সাবমেরিন ক্যাবলের মাধ্যমে মনপুরাকে জাতীয় গ্রিডের সঙ্গে সংযুক্ত করা হবে। পাশাপাশি বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার আধুনিকায়ন, নতুন লাইন স্থাপন এবং গ্রাহকসেবার মান উন্নয়নের কাজও করা হবে। এতে করে দ্বীপাঞ্চলে নিরবচ্ছিন্ন ও স্থিতিশীল বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত হবে।

স্থানীয়দের মতে, বিদ্যুৎ সংকটের কারণে দীর্ঘদিন ধরে শিল্প-বাণিজ্য, শিক্ষা কার্যক্রম ও স্বাস্থ্যসেবা ব্যাহত হচ্ছিল। বিশেষ করে গভীর রাতে বিদ্যুৎ বিভ্রাটে সাধারণ মানুষের দুর্ভোগ ছিল চরমে। এই প্রকল্প বাস্তবায়িত হলে মনপুরার অর্থনৈতিক কর্মকাণ্ডে নতুন গতি আসবে এবং পর্যটন শিল্পেরও বিকাশ ঘটবে।

এ মহাপরিকল্পনা বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন ভোলা-৪ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম নয়ন। স্থানীয় জনগণের দীর্ঘদিনের দাবিকে গুরুত্ব দিয়ে তিনি সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিদ্যুৎ বিভাগের সঙ্গে ধারাবাহিক যোগাযোগ ও সমন্বয় করে প্রকল্পটি এগিয়ে নিয়েছেন বলে জানা গেছে।

এ বিষয়ে এলাকাবাসী সন্তোষ প্রকাশ করে বলেন, সাবমেরিন ক্যাবলের মাধ্যমে জাতীয় গ্রিডে যুক্ত হলে মনপুরাবাসীর জীবনমানের আমূল পরিবর্তন ঘটবে। বিদ্যুতের স্থায়ী সমাধান দ্বীপের উন্নয়নের নতুন দুয়ার খুলে দেবে।