, ,

এক ফোঁটা যদি রক্ত থাকে শেখ হাসিনা আসতে পারবে না: এমপি ফজলে হুদা

নিউজটি শেয়ার করুন

পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে নওগাঁর বদলগাছীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

​আজ (২৪ সেপ্টেম্বর) বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় স্থানীয় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি ফজলে হুদা বাবুলের সভাপতিত্বে স্থানীয় নেতা-কর্মীদের নিয়ে একটি বিশাল বিক্ষোভ মিছিল উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

মিছিল শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে এমপি ফজলে হুদা বাবুল জানিয়েছেন,’ আমরা যদি এক থাকি সবকিছু করা সম্ভব। আমরা স্বাধীনতার ঘোষকের দল, ১৯৭৫ এর ৭ই নভেম্বরের বিপ্লবের দল, ২০২৪ এর রাজপথের দল। যারা বলে আপা আসবে তাদের উদ্দেশ্যে বলতে চাই; আজ এই পবিত্র শহীদ মিনারে দাড়িয়ে বলছি, আপা আসলে, শহীদ জিয়ার সৈনিকের বুকের উপর পা দিয়ে আসতে হবে। শরীরে এক ফোঁটা যদি রক্ত থাকে, শেখ হাসিনা আসতে পারবে না।’

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাদী চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি জাকির চৌধুরী, সহ-সভাপতি রেজাউন নবী স্যান্ডোসহ সমাবেশে উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক অংশ নেন।