, ,

ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৩০ কোটি টাকা বরাদ্দ, নরসিংদীতে ৬০ লাখ

নিউজটি শেয়ার করুন

পবিত্র ঈদুল ফিতর-২০২৬ উপলক্ষে দেশের দুস্থ, গরিব ও অসহায় মানুষের মধ্যে মানবিক সহায়তা হিসেবে বিতরণের জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে ৩০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। তবে বরাদ্দের তালিকা প্রকাশ হলেও এ বিষয়ে এখনো বিস্তারিত তথ্য জানতে পারেননি নরসিংদীর সাধারণ মানুষ।
গত ১৪ মার্চ ২০২৬ তারিখে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে জানানো হয়, আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে দেশের জাতীয় সংসদের প্রতিটি আসনের গরিব, দুঃস্থ ও অসহায় মানুষের মধ্যে মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ বিতরণের জন্য এ বরাদ্দ অনুমোদন দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, প্রতিটি সংসদীয় আসনের জন্য ১০ লাখ টাকা হিসেবে মোট ৩০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। সেই হিসেবে নরসিংদী জেলার ৬টি সংসদীয় আসনের জন্য মোট ৬০ লাখ টাকা বরাদ্দ নির্ধারণ করা হয়েছে।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশনায় বলা হয়েছে, বরাদ্দকৃত অর্থ দ্রুত উত্তোলন করে স্থানীয় প্রশাসনের মাধ্যমে নির্ধারিত বিধি অনুযায়ী গরিব ও অসহায় মানুষের মাঝে বিতরণ করতে হবে।
তবে এ বরাদ্দের বিষয়ে নরসিংদীতে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো কার্যক্রম শুরু হয়েছে কিনা সে বিষয়ে পরিষ্কার তথ্য জানতে পারেননি জেলার সাধারণ মানুষ। স্থানীয়দের অনেকেই বলছেন, ঈদের আগে যদি দ্রুত এই সহায়তা বিতরণ করা হয়, তাহলে দরিদ্র মানুষের ঈদের আনন্দ কিছুটা হলেও বাড়বে।
এ বিষয়ে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে এখনো বিস্তারিত কোনো বক্তব্য পাওয়া যায়নি।