নাটোরের লালপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের যৌথ উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক শিক্ষক দিবস-২০২৬ উদযাপিত হয়েছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের অনুপস্থিতিতে লালপুর উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ লুৎফর রহমানের সভাপতিত্বে দিবসটি উপলক্ষে নানান কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির শুরুতেই উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষকবৃন্দ ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের অংশগ্রহণে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা অডিটোরিয়ামে গিয়ে শেষ হয়।
পরবর্তীতে উপজেলা অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। লালপুর উপজেলা একাডেমিক সুপারভাইজার শিবলী সাদ-এর সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন সভাপতি ও সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ লুৎফর রহমান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আবির হোসেন।
আলোচনা সভায় বিশেষ ও অন্যান্য অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার প্রীতম কুমার ঘোষ, গোপালপুর টেকনিক্যাল ও ম্যানেজমেন্ট কলেজের অধ্যক্ষ আকরাম হোসেন, গৌরীপুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ রফিকুল ইসলাম, উপজেলা মাদ্রাসা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল করিম, মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম, প্রাথমিক প্রধান শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ রাসেল আহমেদ এবং সহকারী শিক্ষক সমিতি নাটোর/লালপুর শাখার সভাপতি মোঃ আব্দুল মালেকসহ স্থানীয় শিক্ষক নেতৃবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা শিক্ষক সমাজের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি তাঁদের সামাজিক ও পেশাগত মর্যাদা রক্ষায় একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। অন্যদিকে, দেশের জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ এবং একটি সুশিক্ষিত ও মেধাবী জাতি গঠনে শিক্ষকদের অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানান উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।
উক্ত অনুষ্ঠানে লালপুর উপজেলার বিভিন্ন মাধ্যমিক, প্রাথমিক ও মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের বিপুল সংখ্যক শিক্ষকমণ্ডলী উপস্থিত ছিলেন।







