অমিতাভ চৌধুরী, কেশবপুর (যশোর): যশোরের কেশবপুরে যাত্রীবেশে এক ব্যক্তির বিরুদ্ধে মফেজ উদ্দিন মোড়ল (৬০) নামের এক ভ্যানচালককে কুপিয়ে আহত করে তাঁর মোটরভ্যান ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। শনিবার (২৪ অক্টোবর) সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে পাঁজিয়া ইউনিয়নের ব্রাহ্মণডাঙ্গা গ্রামে যাওয়ার পথে এ ঘটনা ঘটে। আহত মফেজ উদ্দিন খুলনার ডুমুরিয়া উপজেলার নরনীয়া এলাকার বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, চুকনগর বাজার থেকে ব্রাহ্মণডাঙ্গা গ্রামে যাওয়ার কথা বলে এক ব্যক্তি মফেজ উদ্দিনের মোটরভ্যানে ওঠেন। পথে হদ নামক গ্রামের একটি নির্জন স্থানে বাগানের পাশে পৌঁছালে ওই ব্যক্তি তাঁকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপ দিয়ে আহত করেন বলে অভিযোগ রয়েছে। পরে তাঁর মোটরভ্যানটি নিয়ে পালিয়ে যান ওই ব্যক্তি।
আহত মফেজ উদ্দিন বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। প্রাপ্ত তথ্য অনুযায়ী, তিনি বর্তমানে আশঙ্কামুক্ত।
একটি মোটরভ্যানই তাঁর জীবিকা নির্বাহের অবলম্বন। সেটি ছিনতাই হওয়ায় তাঁর সংসার চালানো নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
এ ঘটনায় জড়িত ব্যক্তিকে শনাক্ত করে আইনের আওতায় আনা এবং ছিনতাই হওয়া মোটরভ্যানটি উদ্ধারে সংশ্লিষ্ট প্রশাসনের প্রয়োজনীয় পদক্ষেপ কামনা করছেন স্থানীয়রা।
তবে এ ঘটনায় পুলিশের বক্তব্য এবং ছিনতাই হওয়া মোটরভ্যান উদ্ধারের বিষয়ে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।







