বহির্বিশ্বে প্রবাসী বাঙালি ও বিশ্বব্যাপী বাংলা সংস্কৃতিপ্রেমীদের সবচেয়ে জনপ্রিয়, জমকালো এবং বহুল প্রতীক্ষিত সাংস্কৃতিক আয়োজন ‘ঢালিউড অ্যাওয়ার্ড’।
বিগত প্রায় দুই যুগ ধরে অত্যন্ত জাঁকজমকপূর্ণ ও সফলতার সাথে অনুষ্ঠিত হয়ে আসছে জনপ্রিয় এই অ্যাওয়ার্ড অনুষ্ঠানটি। প্রতিবারের ধারাবাহিকতা বজায় রেখে এবারও বাংলাদেশের চলচ্চিত্র, নাটক, টেলিভিশন, সংগীত ও ফ্যাশন অঙ্গনের একঝাঁক শীর্ষ তারকা অভিনেতা-অভিনেত্রী, কলাকুশলী এবং খ্যাতনামা সংগীতশিল্পীদের অংশগ্রহণে আগামী ১০ অক্টোবর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বসতে যাচ্ছে ‘ঢালিউড অ্যাওয়ার্ড ২০২৬’।
‘শো টাইম মিউজিক অ্যান্ড প্লে’-এর প্ল্যাটফর্মে প্রতিষ্ঠার সূচনা থেকে ঢালিউড অ্যাওয়ার্ডের অন্যতম প্রধান নির্বাহী ছিলেন আলমগীর খান আলম। তিনি বর্তমানে প্রবাস জীবন ছেড়ে নিজ দেশে স্থায়ীভাবে বসবাস করছেন। ফলে ঢালিউড অ্যাওয়ার্ডের সার্বিক গুরুদায়িত্ব ও আয়োজন পরিচালনার দায়িত্ব এখন কাঁধে তুলে নিয়েছেন আরেক প্রথিতযশা সংস্কৃতিসেবী ও দক্ষ সংগঠক খায়রুল ইসলাম খোকন, যিনি আলমগীর খান আলমের সাথে দীর্ঘদিন সাংগঠনিক কাজের সফল অভিজ্ঞতায় নিজেকে সুসংগঠিত করেছেন। ‘শো টাইম’-এর প্রেসিডেন্ট খাইরুল ইসলাম খোকন ও ভাইস প্রেসিডেন্ট চৌধুরী সাফওয়াত গণির যৌথ ও বলিষ্ঠ তত্ত্বাবধান এবং সার্বিক পৃষ্ঠপোষকতায় ‘শো টাইম মিউজিক অ্যান্ড প্লে’-এর পরিবেশনায় আগামী ১০ অক্টোবর লং আইল্যান্ড সিটির জাঁকজমকপূর্ণ ‘ইভাঞ্জেল চার্চ সেন্টারে’ (Evangel Church Center) অনুষ্ঠিত হবে প্রবাসের মাটিতে দেশীয় বিনোদন ও সংস্কৃতির এই মহা মিলনমেলা। আন্তর্জাতিক মঞ্চে স্বদেশের শিল্প, ঐতিহ্য ও সংস্কৃতিকে সগৌরবে তুলে ধরার ক্ষেত্রে এই অনুষ্ঠানটি সবসময়ই এক অপূর্ব সেতুবন্ধন হিসেবে ভূমিকা পালন করে আসছে।
এবারের ঢালিউড অ্যাওয়ার্ডের অন্যতম প্রধান ও বিশেষ আকর্ষণ হতে যাচ্ছে অনুষ্ঠানের বিশেষ উদ্বোধনী সংগীত, যা রচনা করেছেন বাংলাদেশের প্রখ্যাত শিশুসাহিত্যিক ও কবি হুমায়ূন কবীর ঢালী। প্রবাসী বাঙালির এই বৈশ্বিক ও ঐতিহাসিক মঞ্চে তাঁর রচিত উদ্বোধনী সংগীত যুক্ত হওয়া প্রসঙ্গে আয়োজক খাইরুল ইসলাম খোকন জানান, এটি অনুষ্ঠানটিকে এক অনন্য উচ্চতা, বিশেষ প্রাঞ্জলতা ও গভীর নান্দনিকতা এনে দেবে। শিল্প ও সাহিত্য অঙ্গনে ঢালীর এই অনন্য সৃজনশীল অবদান উৎসবের প্রারম্ভেই দর্শক-শ্রোতাদের হৃদয় স্পর্শ করবে এবং পুরো অডিটোরিয়ামে আবহমান বাংলার স্নিগ্ধ ও ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সুর ছড়িয়ে দেবে।
আয়োজনের মূল তারকা আকর্ষণ হিসেবে মঞ্চ আলোকিত করবেন ঢালিউডের জনপ্রিয় মেগাস্টার শাকিব খান। দীর্ঘ প্রায় পাঁচ বছর পর আবারও যুক্তরাষ্ট্রের এই বর্ণাঢ্য আয়োজনে দেখা যাবে তাঁকে। ২০২১ সালে জ্যামাইকায় অনুষ্ঠিত ১৯তম ঢালিউড অ্যাওয়ার্ডে সর্বশেষ অংশ নিয়েছিলেন তিনি। এবারের আয়োজনে শাকিব খান সম্মাননা গ্রহণের পাশাপাশি সম্মাননা প্রদান ও বিশেষ পারফরম্যান্সেও অংশ নেবেন।
তাঁর উজ্জ্বল উপস্থিতি ছাড়াও তারকাখচিত এই প্রাঙ্গণে উপস্থিত থেকে বিনোদনের ছোঁয়া দিতে ইতিমধ্যে অংশগ্রহণ নিশ্চিত করেছেন চঞ্চল চৌধুরী, অমিত হাসান, ইমন, নিরব হোসাইন, স্পর্শিয়া, তমা মির্জা, মিথিলা, জোভান, দীঘি, মাহি, শিরীন শিলা, জলি, মিষ্টি জান্নাত এবং নিবিড়ের মতো জনপ্রিয় তারকা শিল্পী ও সেরা কলাকুশলীরা। অন্যদিকে সুরের জাদু ও গানের মূর্চ্ছনায় দর্শকদের মাতাতে মঞ্চে উঠবেন দেশের বরেণ্য সংগীতশিল্পী এস আই টুটুল, লুইপা এবং রিজিয়া পারভীন। ইতিপূর্বেও ঢালিউড অ্যাওয়ার্ডের মঞ্চ মাতিয়েছেন রিজিয়া পারভীন, এবারও তিনি বিশেষ গান নিয়ে দর্শকদের সামনে হাজির হওয়ার জোর প্রস্তুতি নিচ্ছেন। আয়োজকেরা জানিয়েছেন, বাংলাদেশের বিনোদন অঙ্গনে বিশেষ অবদান রাখা শিল্পীদের এই মঞ্চে সম্মানিত করা হবে, তবে এবার কারা সম্মানিত হচ্ছেন তা গোপনীয় রাখা হয়েছে এবং অনুষ্ঠানের দিনই আনুষ্ঠানিকভাবে তা ঘোষণা করা হবে।
সম্পূর্ণ অনুষ্ঠানটির সুষ্ঠু, প্রাঞ্জল ও আকর্ষণীয় পরিচালনার জন্য সার্বিক সঞ্চালকের দায়িত্ব পালন করছেন প্রখ্যাত উপস্থাপক শারমিনা সিরাজ সোনিয়া। ইতিমধ্যে অনলাইন টিকিটিং প্ল্যাটফর্ম ইভেন্টব্রাইট (Eventbrite)-এর মাধ্যমে অনুষ্ঠানটির টিকিট সাধারণ দর্শক ও অনুরাগীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে এবং টিকিট বিক্রিতে শুরু থেকেই অভূতপূর্ব সাড়াও মিলছে।
প্রবাসের চরম ব্যস্ত জীবনের যান্ত্রিকতা থেকে কিছুটা সুন্দর মুহূর্ত বের করে স্বদেশের মিষ্টি সুর, ঐতিহ্যবাহী সংস্কৃতি এবং প্রিয় প্রিয় তারকাদের খুব কাছ থেকে প্রত্যক্ষ করার জন্য প্রবাসী বিনোদনপ্রেমী বাঙালিরা এখন প্রবল উৎসাহ, গভীর উদ্দীপনা ও আনন্দ নিয়ে এই ঐতিহ্যবাহী মাহেন্দ্রক্ষণের প্রহর গুনছেন।






