, ,

সরাইলে নিয়ন্ত্রণ হারিয়ে ইটবোঝাই ট্রাক খাদে

নিউজটি শেয়ার করুন

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার বড্ডাপাড়া এলাকায় ইটবোঝাই একটি দ্রুতগামী ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা পল্লী বিদ্যুতের খুঁটিতে প্রচণ্ড ধাক্কা দিয়ে খাদে পড়ে গেছে। আজ ১৯ সেপ্টেম্বর ২০২৬, শনিবার এই দুর্ঘটনাটি ঘটে। তবে অলৌকিকভাবে চালকসহ গাড়িতে থাকা সংশ্লিষ্ট ব্যক্তিরা অক্ষত থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ সকালে উপজেলার ধরন্তী এলাকার একটি ব্রিকসফিল্ড (ইটভাটা) থেকে ইটবোঝাই করে গাড়িটি কাউতলীর উদ্দেশ্যে রওনা হয়। পথিমধ্যে বড্ডাপাড়া শাহওয়ানী জামে মসজিদের বিপরীত পাশের সড়ক অতিক্রম করার সময় চালক হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে গাড়িটি সড়কের পাশে থাকা একটি বৈদ্যুতিক খুঁটির সাথে সজোরে ধাক্কা খায় এবং উল্টে গিয়ে গভীর খাদে পড়ে যায়।খোঁজ নিয়ে জানা গেছে, দুর্ঘটনাকবলিত গাড়িটির মালিক শাহবাজপুর রাজাবাড়িয়াকান্দি এলাকার মজনু মিয়ার ছেলে শামীম মিয়া। ঘটনার সময় গাড়িটির চালক হিসেবে ছিলেন মেড্ডা এলাকার সেন্টু মিয়ার ছেলে স্বপন।দুর্ঘটনার বিকট শব্দ শুনে আশেপাশের লোকজন ও পথচারীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং উদ্ধারকাজে হাত বাড়ান। ধাক্কার তীব্রতায় গাড়িটির সম্মুখভাগ মারাত্মকভাবে দুমড়েমুচড়ে গেছে এবং ঘটনাস্থলেই সব ইট ছড়িয়ে-ছিটিয়ে পড়ে। তবে গাড়িটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হলেও চালক স্বপন অক্ষত অবস্থায় প্রাণে বেঁচে যান। এদিকে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা লাগার পর সাময়িকভাবে স্থানীয় বিদ্যুৎ সংযোগ ব্যাহত হলেও পরে তা স্বাভাবিক করার উদ্যোগ নেওয়া হয়।ব্যস্ততম এই সড়কে অনভিজ্ঞ চালক ও অতিরিক্ত গতিতে গাড়ি চালানোর কারণেই এই দুর্ঘটনা ঘটেছে বলে স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন। গ্রামীণ ও আঞ্চলিক সড়কগুলোতে ইট ও বালুবাহী ট্রলিগুলোর বেপরোয়া চলাচল বন্ধে প্রশাসনের কঠোর নজরদারি দাবি করেছেন সচেতন মহল।