মৌলভীবাজারের রাজনগর উপজেলার ২ নং উত্তরভাগ ইউনিয়নের কালার বাজার সিএনজি স্ট্যান্ডে সিরিয়াল (টিপ) নেওয়াকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে এক ভয়াবহ সংঘর্ষ ও এলোপাতাড়ি হামলার ঘটনা ঘটেছে। এতে মুজিব মিয়া (৩০) ও তার পিতা লকুছ মিয়া গুরুতর আহত হয়েছেন। আহতদের মধ্যে মুজিব মিয়ার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
গত ১২ জুন (২০২৬ইং) বিকেল আনুমানিক ৪ ঘটিকার সময় কালার বাজার সিএনজি স্ট্যান্ডের পাশে রূপালী ব্যাংকের সামনের রাস্তায় এই ঘটনা ঘটে।
ঘটনার বিবরণ স্থানীয় ও মামলা সূত্রে জানা যায়, ঘটনার দিন বিকেলে সিএনজির সিরিয়াল নেওয়াকে কেন্দ্র করে নোয়াটিলা গ্রামের লকুছ মিয়ার ছেলে সিএনজি চালক মুজিব মিয়া (৩০) এবং একই গ্রামের মৃত ছয়ফুল আলমের ছেলে সামাদ মিয়া (২৫) এর মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে সামাদ মিয়া ও তার সহযোগীরা দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে মুজিব মিয়ার ওপর এলোপাতাড়ি হামলা চালায়। ছেলেকে বাঁচাতে পিতা লকুছ মিয়া এগিয়ে এলে তাকেও পিটিয়ে গুরুতর জখম করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, কালার বাজার রূপালী ব্যাংকের সামনের রাস্তায় প্রকাশ্য দিবালোকে এই হামলার ঘটনা ঘটে। রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা পিতা-পুত্রকে উদ্ধার করে তাৎক্ষণিকভাবে রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে মুজিব মিয়ার মাথায় ও শরীরে গুরুতর আঘাত থাকায় কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
থানায় মামলা ও আসামি এই নৃশংস হামলার ঘটনায় আহত মুজিব মিয়ার বড় ভাই দেলোয়ার মিয়া বাদী হয়ে রাজনগর থানায় একটি লিখিত মামলা দায়ের করেছেন। মামলায় নোয়াটিলা গ্রামের একই পরিবারের ৫ ভাইসহ মোট ৬ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৫/৬ জনকে আসামি করা হয়েছে।
প্রধান আসামিরা হলেন:
১. সামাদ মিয়া (২৫), পিতা- মৃত ছয়ফুল আলম
২. ছাতির মিয়া (৩৫), পিতা- মৃত ছয়ফুল আলম
৩. ছাদিক মিয়া (৪০), পিতা- মৃত ছয়ফুল আলম
৪. কাদির মিয়া (৩০), পিতা- মৃত ছয়ফুল আলম
৫. জাহাঙ্গীর আলম (৬০), পিতা- মৃত ছয়ফুল আলম
৬. শিপু মিয়া (২২), পিতা- ছাদিক মিয়া
ভুক্তভোগী পরিবারের দাবি
হামলার পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। ভুক্তভোগী ও তাদের পরিবারের সদস্যরা এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে তাদের আকুল আবেদন—পুলিশ যেন দ্রুততার সাথে এই মামলার আসামিদের গ্রেফতার করে এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নিশ্চিত করে।
রাজনগর থানা পুলিশ জানিয়েছে, অভিযোগের প্রেক্ষিতে মামলা রুজু করা হয়েছে এবং আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।







