
স্টাফ রিপোর্টার : সোমা ঘোষ মণিকা
ময়মনসিংহ সিটি করপোরেশনের ১৩ নম্বর ওয়ার্ডের সেহড়া চামড়া গুদাম এলাকায় মাদক ক্রয়-বিক্রয়ের ভয়াবহ বিস্তারে অতিষ্ঠ হয়ে উঠেছেন স্থানীয় বাসিন্দারা। মাদক কারবারিদের হাত থেকে যুবসমাজকে রক্ষা এবং এলাকাকে মাদকমুক্ত করতে অভিনব প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন এলাকাবাসী। এ উপলক্ষে মসজিদে বিশেষ দোয়া মাহফিল ও রাস্তায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সেহড়া চামড়া গুদাম এলাকার বাইতুল মা’মুর জামে মসজিদে স্থানীয় মুসল্লি ও এলাকাবাসীর অংশগ্রহণে মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাতে মহান আল্লাহর দরবারে এলাকাকে মাদকের অভিশাপ থেকে রক্ষার আকুতি জানানো হয়। দোয়া পরিচালনা করেন মসজিদের মুয়াজ্জিন মো. বিল্লাল হোসেন।
দোয়া মাহফিল শেষে এলাকাবাসী চামড়া গুদাম এলাকায় মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন। মানববন্ধনে বক্তারা বলেন, বর্তমানে এলাকায় ১৫ থেকে ২০ জন চিহ্নিত মাদক ব্যবসায়ী সক্রিয় রয়েছে। তাদের বিরুদ্ধে থানায় একাধিক মাদক মামলা থাকা সত্ত্বেও তারা প্রকাশ্যে মাদক ক্রয়-বিক্রয় চালিয়ে যাচ্ছে। এতে করে সাধারণ মানুষ চরম নিরাপত্তাহীনতায় ভুগছে এবং এলাকার পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।
এ সময় মাদক নির্মূলে সামাজিক আন্দোলন জোরদার করতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সমন্বয়ে ৪১ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠনের ঘোষণা দেওয়া হয়। কমিটিটি মাদকবিরোধী জনমত সৃষ্টি এবং অপরাধ দমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করবে বলে জানান আয়োজকরা।
মানববন্ধনে বক্তারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন, “আমরা আমাদের সন্তানদের মাদকের হাত থেকে বাঁচাতে চাই। চামড়া গুদাম এলাকাকে মাদকমুক্ত না করা পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।” অবিলম্বে চিহ্নিত মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন হিরা সওদাঘর, সাহাদাত হোসেন, সাইফুল ইসলাম, মো. রাইন, মো. হাবিবুর রহমান, আলতাফ হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

