গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের অভিযান, উদ্ধার ১০ পিস ইয়াবা
নরসিংদীর মনোহরদী উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, মাদক নির্মূলের লক্ষ্যে মনোহরদী থানা পুলিশের নিয়মিত অভিযানের অংশ হিসেবে গত ১ এপ্রিল ২০২৬ খ্রিষ্টাব্দ রাত আনুমানিক ৩টা ৩০ মিনিটে গোতাশিয়া ইউনিয়নের চুলা মান্দারটেক এলাকায় অভিযান পরিচালনা করা হয়। মনোহরদী থানার অফিসার ইনচার্জ মোঃ শাহিনুল ইসলামের দিকনির্দেশনায় এসআই মোস্তফা কামাল খান সঙ্গীয় ফোর্সসহ এ অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে গোপন সংবাদের ভিত্তিতে একটি বাড়ির সামনে কাঁচা রাস্তার উপর কয়েকজন ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ে লিপ্ত রয়েছে এমন তথ্যের প্রেক্ষিতে সেখানে অভিযান চালানো হয়। এ সময় আক্তার হোসেন (৪৮), পিতা: মৃত সিরাজ উদ্দিন, গ্রাম: গোতাশিয়া, থানা: মনোহরদী—কে আটক করা হয়।
পরে তার দেহ তল্লাশি করে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যা তাৎক্ষণিকভাবে জব্দ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, সে দীর্ঘদিন ধরে গোপনে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থেকে এলাকার যুব সমাজকে বিপথগামী করে আসছিল।
এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
মনোহরদী থানা পুলিশ জানায়, মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও আরও জোরদারভাবে অব্যাহত থাকবে।







