যেসব আসন থেকে বিএনপির সংসদ সদস্যরা নির্বাচিত হয়েছেন, সেসব এলাকায় কোনো সার সংকট ছিল না এবং তা নিয়ে কোনো আন্দোলনও গড়ে ওঠেনি বলে দাবি করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
তবে জামায়াতে ইসলামীর সংসদ সদস্যদের নির্বাচনী আসনগুলোতেই পরিকল্পিতভাবে কৃত্রিম সারসংকট সৃষ্টি করা হয়েছিল বলে মন্তব্য করেছেন তিনি।
দায়িত্ব গ্রহণের পর বুধবার (৩০ সেপ্টেম্বর ২০২৬) প্রথমবারের মতো কুড়িগ্রাম সফরে এসে জেলা সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। এর আগে সার্কিট হাউজে এসে পৌঁছালে তাঁকে পুলিশের পক্ষ থেকে ‘গার্ড অব অনার’ প্রদান করা হয়।
প্রতিমন্ত্রী মীর শাহে আলমকে রংপুর, গাইবান্ধা ও কুড়িগ্রাম জেলার সরকারি কার্যক্রম তদারকি ও সমন্বয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। গত ২৭ আগস্ট মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ সিদ্ধান্ত বাস্তবায়িত হয়। মাঠপর্যায়ে সুশাসন প্রতিষ্ঠা, আইনশৃঙ্খলা ও দুর্নীতি নিয়ন্ত্রণসহ সরকারি নানা উন্নয়ন কর্মকাণ্ড তদারকির লক্ষ্যে সরকার মন্ত্রী, প্রতিমন্ত্রী ও জাতীয় সংসদের হুইপদের বিভিন্ন জেলার দায়িত্ব দিয়েছে।
কুড়িগ্রামসহ দেশের বিভিন্ন প্রান্তের সার সংকট নিয়ে গণমাধ্যমে প্রকাশিত খবরের প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, “সারের সংকট নিয়ে আমরা সংবাদমাধ্যমে অনেক প্রতিবেদন দেখেছি। কিন্তু বাস্তবে সেই সময় কোনো সার সংকট ছিল না। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে নিয়োগ পাওয়া কিছু ডিলার ও নির্দিষ্ট একটি রাজনৈতিক দলের ইন্ধনেই এই কৃত্রিম সংকট তৈরি করা হয়েছিল।”
সার সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখা ও দুর্নীতি বন্ধে সরকারের নেওয়া পদক্ষেপের কথা উল্লেখ করে তিনি বলেন, প্রতিটি ইউনিয়ন থেকে নতুন করে একজন করে ডিলার নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া দেশের অভ্যন্তরীণ চাহিদা মেটাতে প্রয়োজনের চেয়ে দেড়গুণ বেশি সার আমদানির প্রস্তুতি ইতিমধ্যে শেষ করা হয়েছে।
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মীর শাহে আলম বলেন, ২০২৭ সালের জানুয়ারি থেকে স্থানীয় সরকারের বিভিন্ন স্তরের নির্বাচন শুরু হয়ে একই বছরের ৬ জুনের মধ্যে তা সম্পন্ন হবে। তিনি স্পষ্ট জানিয়ে দেন, নির্বাচন পরিচালনা নিয়ে বর্তমান বিএনপি সরকার কোনো ধরনের বিতর্কের দায় নেবে না।
বিদ্যুৎ ও জ্বালানি খাত নিয়ে বিরোধীদলের আন্দোলনের কঠোর সমালোচনা করে প্রতিমন্ত্রী বলেন, “তাদের এই কর্মসূচির নাম হওয়া উচিত ছিল ‘রোড মার্চ’, কারণ লং মার্চ সাধারণত হে হেঁটে করা হয়।”
বিদ্যুৎ ঘাটতি প্রসঙ্গে বিরোধীদলের শীর্ষ নেতাদের ভূমিকার কথা মনে করিয়ে দিয়ে তিনি বলেন, বিরোধীদলীয় নেতা নিজেও স্বীকার করেছেন যে এই বিদ্যুৎ ও জ্বালানি সমস্যা বিএনপি সরকার উত্তরাধিকার সূত্রে পেয়েছে। তা সত্ত্বেও সাময়িক ভোগান্তির জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের জনগণের কাছে দুঃখ প্রকাশ করে ক্ষমা চেয়েছেন।
মতবিনিময় সভায় জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মোস্তাক, কুড়িগ্রাম জেলা পরিষদের প্রশাসক সোহেল হোসনাইন কায়কোবাদ, রংপুর জেলা পরিষদের প্রশাসক সাইফুল ইসলাম, রংপুর সিটি করপোরেশনের প্রশাসক মাহমুদুল হক চৌধুরী ডন এবং লালমনিরহাট জেলা পরিষদের প্রশাসক মমিনুল ইসলাম উপস্থিত ছিলেন।







