বাংলাদেশ শিক্ষার মানোন্নয়ন ও দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল আজ বিকেলে চীনের কুমিং মেডিকেল ইউনিভার্সিটি (Kunming Medical University) অফিসিয়াল সফরে গমন করে। প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব জনাব মো. অব্দুল খালেক (Md. Abdul Khaleque)। মাননীয় শিক্ষা মন্ত্রীর একান্ত সচিব জনাব জি এম ফারহান ইশতিয়াক (G M Farhan Isteaq) সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন। আনুষ্ঠানিক বৈঠকের পূর্বে প্রতিনিধি দলটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এবং বিশ্ববিদ্যালয় মিউজিয়াম ঘুরে দেখেন।
আন্তর্জাতিক শিক্ষা স্কুলে (School of International Education) বিকেল ৩:০০ টায় আনুষ্ঠানিক বৈঠকটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কুমিং মেডিকেল বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক শিক্ষা স্কুলের সম্পাদক মিস ঝাং জিয়াওলি (Zhang Xiaoli)। বৈঠকে ইউনান প্রাদেশিক জন সরকারের পররাষ্ট্র বিষয়ক দপ্তরের দক্ষিণ এশিয়া বিষয়ক বিভাগের কর্মকর্তা, বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক বিনিময় ও সহযোগিতা বিভাগ এবং আন্তর্জাতিক শিক্ষা স্কুলের সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশী শিক্ষার্থীদের প্রতিনিধিরাও বৈঠকে অংশ নেন।
অনুষ্ঠানের শুরুতে মিস ঝাং জিয়াওলি কুমিং মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পক্ষে স্বাগত বক্তব্য প্রদান করেন। এরপর আন্তর্জাতিক শিক্ষা স্কুলের ডিন জনাব লিউ ইয়াজিয়ে (Liu Yajie) বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক শিক্ষা ও ‘চীন অধ্যয়ন’ (China study) প্রোগ্রামের সার্বিক চিত্র তুলে ধরেন। বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক শিক্ষার্থীদের ভর্তি নীতি ও প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত তথ্য উপস্থাপন করেন আন্তর্জাতিক শিক্ষা স্কুলের উপ-সম্পাদক জনাব জু ইউবাও (Zhu Youbao)।
পরবর্তীতে কুমিং মেডিকেল বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশী শিক্ষার্থী প্রতিনিধিরা তাদের শিক্ষা জীবন ও ক্যাম্পাসের বিভিন্ন অভিজ্ঞতা সবার সাথে শেয়ার করেন। এরপর সিনিয়র সচিব জনাব মো. অব্দুল খালেক এবং সফররত প্রতিনিধি দল বক্তব্য প্রদান করেন। তারা কুমিং মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা শিক্ষার উচ্চমান এবং বাংলাদেশী শিক্ষার্থীদের জন্য চমৎকার শিক্ষাবান্ধব পরিবেশের ভূয়সী প্রশংসা করেন।
উভয় পক্ষ আলোচনার উন্মুক্ত পর্বে পারস্পরিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন। শিক্ষার্থী ভর্তি, চিকিৎসা ক্ষেত্রে দক্ষ জনশক্তি তৈরি, একাডেমিক বিনিময়, যৌথ গবেষণা এবং দীর্ঘমেয়াদী চিকিৎসা শিক্ষা অংশীদারিত্ব প্রতিষ্ঠার বিষয়ে উভয় দেশ মতামত বিনিময় করে। বাংলাদেশী প্রতিনিধি দল কুমিং মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাথে সম্পর্ক আরও সুদৃঢ় করার আশাবাদ ব্যক্ত করে, যেন আরও বেশি বাংলাদেশী তরুণ চীনে মানসম্মত চিকিৎসা প্রশিক্ষণ গ্রহণ করতে পারে। পাশাপাশি স্বাস্থ্য ও চিকিৎসা ক্ষেত্রে বাস্তবসম্মত যৌথ প্রকল্প নিয়ে কাজ করার আগ্রহ প্রকাশ করা হয়।
এই সফরটি বাংলাদেশ ও কুমিং মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষা ও একাডেমিক বিনিময়ের ক্ষেত্রে এক নতুন অধ্যায়ের সূচনা করল, যা ভবিষ্যতে চিকিৎসা শিক্ষা খাতে বাস্তবিক ও ইতিবাচক ভূমিকা রাখবে।







