এইচএসসি পরীক্ষায় বগুড়ায় ৫টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে কেউ পাশ করতে পারে নি। এসব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার মান নিয়ে সচেতন মহলে প্রশ্ন উঠেছে। চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল শনিবার বেলা ১১টায় ফলাফল প্রকাশ করা হয়েছে। বগুড়ার বিভিন্ন কলেজের ফলাফল সন্তোষজনক হলেও বগুড়ায় পাঁচটি প্রতিষ্ঠান থেকে পরীক্ষায় অংশ নেয়া কোনো শিক্ষার্থী পাস করতে পারেনি।
রাজশাহী বোর্ড এ তথ্য অনুযায়ী যে সব শিক্ষা প্রতিষ্ঠান থেকে কেউ পাশ করে নি এমন প্রতিষ্ঠানগুলো হলো বগুড়ার গাবতলী উপজেলার তছলিম উদ্দিন তরফদার কলেজ, একই উপজেলার বাগবাড়ি মডেল মহিলা কলেজ, ধুনট উপজেলার গোসাইবাড়ি মহিলা কলেজ, কাহালু উপজেলার দুর্গাপুর আইডিয়াল মহিলা কলেজ এবং একই উপজেলার আল্লামার তাকিয়া হাই স্কুল অ্যান্ড কলেজ।
জানা যায়, এবারের এইচএসসি পরীক্ষায় বগুড়ার গাবতলী তছলিম উদ্দিন তরফদার কলেজ থেকে ৪৬ জন পরীক্ষায় অংশ গ্রহন করে। কিন্তু এই কলেজ থেকে কেউ পাস করতে পারেনি। বাগবাড়ি মডেল মহিলা কলেজ থেকে ৩ জন অংশ গ্রহন করলেও সবাই ফেল করেছে। গোসাইবাড়ি মহিলা কলেজ ও দুর্গাপুর আইডিয়াল মহিলা কলেজ থেকে ২ জনের সবাই ফেল। এছাড়াও আল্লামার তাকিয়া হাই স্কুলের একজন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে একজনই ফেল করেছে। তবে এসব কলেজ থেকে কেন সবাই ফেল করলো সে উত্তর কেউ দিতে পারে নি।







