, ,

পার্বতীপুরের কেলোকা পরিদর্শনে রেলমন্ত্রী, গুরুত্ব দিলেন সমস্যা সমাধান ও সম্প্রসারণে

নিউজটি শেয়ার করুন

দিনাজপুরের পার্বতীপুর রেলওয়ে কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানা (কেলোকা) পরিদর্শন করেছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম।

কারখানার বিদ্যমান সমস্যা সমাধান, জনবলসংকট মোকাবিলা এবং সম্ভাবনাকে কাজে লাগিয়ে কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।
মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে কেলোকা পরিদর্শনকালে মন্ত্রী কারখানার বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন।
পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি বলেন, পার্বতীপুরের এ রেলওয়ে কারখানাকে আরও সম্প্রসারণ ও সমৃদ্ধ করা প্রয়োজন। বিদ্যমান সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানের পাশাপাশি কারখানার সম্ভাবনাকে যথাযথভাবে কাজে লাগাতে হবে।
জনবলসংকটের কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, কারখানায় কর্মরত টেকনিশিয়ানরা ইঞ্জিনের খুঁটিনাটি বিষয়ে যথেষ্ট অভিজ্ঞ ও দক্ষ। তাঁদের কারিগরি জ্ঞান ও অভিজ্ঞতা কাজে লাগাতে পারলে কারখানার কার্যক্রম আরও গতিশীল করা সম্ভব।
এ সময় উপস্থিত ছিলেন রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, সচিব ফাহিমুল ইসলাম, রেলওয়ের মহাপরিচালক আফজাল হোসেন, কেলোকার প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ হাসানুজ্জামান, পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত আমান আজিজসহ রেলওয়ে ও সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
পরিদর্শন শেষে কেলোকার প্রধান নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে সন্ধ্যায় মন্ত্রী ঢাকার উদ্দেশে সৈয়দপুর বিমানবন্দরের দিকে রওনা হন।