দিনাজপুর জেলা ব্যুরো প্রধানঃ দিনাজপুর সদর উপজেলার বালুবাড়ী শ্রীশ্রী নিমকালী মন্দিরে শারদীয় দুর্গোৎসব পরিদর্শন করেছেন দিনাজপুরের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম। এ সময় মন্দির কর্তৃপক্ষ ও সনাতন ধর্মাবলম্বীরা তাঁকে ক্রেস্ট দিয়ে সংবর্ধনা জানান।
মন্দির প্রাঙ্গণে সংসদ সদস্যের উপস্থিতিতে ছোট শিশুদের মেধা ও সৃজনশীলতার বিকাশে বহুনির্বাচনী চিত্রকলা প্রদর্শনীর আয়োজন করা হয়। শিশুদের প্রতিভা বিকাশে এ ধরনের উদ্যোগ উৎসবের আনন্দকে আরও অর্থবহ করে তোলে।
পরিদর্শনকালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপির নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। তাঁরা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
প্রাপ্ত তথ্যমতে, দিনাজপুর জেলার ১৩টি উপজেলায় মোট ১ হাজার ৩০০টি মন্দিরে শারদীয় দুর্গোৎসব উদ্যাপিত হয়। দুর্গাপূজা সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। এ উৎসবকে ঘিরে ধর্মীয় আচার-অনুষ্ঠানের পাশাপাশি সামাজিক সম্প্রীতি, পারস্পরিক সৌহার্দ্য ও সাংস্কৃতিক কর্মকাণ্ডেরও পরিবেশ সৃষ্টি হয়।
বালুবাড়ী নিমকালী মন্দিরে সংসদ সদস্যের এ পরিদর্শনকে কেন্দ্র করে স্থানীয় পূজারী ও সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।






