, ,

দক্ষ যুবশক্তিই আগামীর বাংলাদেশ

নিউজটি শেয়ার করুন

যুব শক্তি একটি জাতির উন্নয়নের জন্য অপরিহার্য। যে জাতিবার রাষ্ট্রের যুবশক্তি যত বেশি সংগঠিত উন্নত দক্ষতা অর্জন করে সে জাতি বা রাষ্ট্র ততো উন্নত। গত ১৫ জুলাই ছিল “বিশ্ব যুব দক্ষতা দিবস”। আমাদের বাংলাদেশেও দিবসটি সরকারিভাবে পালিত হয়েছে। জাতিসংঘ ঘোষিত এ দিবসের মূল লক্ষ্য হলো যুবসমাজকে এমন দক্ষতায় গড়ে তোলা, যা তাদের কর্মসংস্থান, উদ্যোক্তা সৃষ্টি এবং টেকসই উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাবে। এ দিবসের ২০২৬ সালের প্রতিপাদ্য “Skills for a Shared Future (সবার জন্য অভিন্ন ভবিষ্যতের দক্ষতা)”, যা কৃত্রিম বুদ্ধিমত্তা (AI), ডিজিটাল তথা তথ্য প্রযুক্তি, সবুজ অর্থনীতি এবং মানবিক দক্ষতার সমন্বয়ে ভবিষ্যতের কর্মজগতের জন্য তরুণদের প্রস্তুত করার ওপর গুরুত্বারোপ করে।
বাংলাদেশ আজ এক অনন্য জনমিতিক সুযোগের সামনে দাঁড়িয়ে। কারণ দেশের বিশাল যুব জনগোষ্ঠীই হতে পারে অর্থনৈতিক অগ্রগতি, প্রযুক্তিগত উন্নয়ন, উদ্ভাবন এবং সামাজিক পরিবর্তনের সবচেয়ে বড় হাতিয়ার। তবে এই সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে হলে প্রয়োজন যুগোপযোগী পরিকল্পনা, দক্ষতা, মানসম্মত শিক্ষা এবং বাস্তবভিত্তিক প্রশিক্ষণের সমন্বয়।
বর্তমান বিশ্বে শুধু মাত্র সনদ নয়, দক্ষতাই সাফল্যের প্রধান চাবিকাঠি। কর্মক্ষেত্র দ্রুত পরিবর্তন হচ্ছে, বদলে যাচ্ছে। কৃত্রিম বুদ্ধিমত্তা, অটোমেশন, রোবোটিক্স, ডেটা অ্যানালিটিক্স এবং সবুজ প্রযুক্তির প্রসারে বহু প্রচলিত পেশা পরিবর্তিত হতে বাধ্য হচ্ছে, আবার নতুন নতুন কর্মসংস্থানের ক্ষেত্রও সৃষ্টি হচ্ছে। ফলে শিক্ষা ব্যবস্থাকে এমনভাবে সাজাতে হবে, যাতে আগামীতে পরিবর্তিত বিশ্বের সাথে চলতে পারে। মনে রাখতে হবে একজন শিক্ষার্থী শুধু পরীক্ষায় ভালো ফলই না করে, বরং বাস্তব জীবনের সমস্যার সমাধানেও সক্ষম হয়ে ওঠে।
বাংলাদেশে প্রতিবছর বিপুলসংখ্যক তরুণ শিক্ষাজীবন শেষ করে কর্মবাজারে প্রবেশ করছে। কিন্তু অনেক ক্ষেত্রে শিল্পপ্রতিষ্ঠানের চাহিদা ও শিক্ষার্থীদের দক্ষতার মধ্যে একটি স্পষ্ট ব্যবধান লক্ষ্য করা যায়। এই ব্যবধান কমাতে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা, তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ, ভাষা শিক্ষা এবং সফট স্কিল উন্নয়নের ওপর আরও জোর দিতে হবে বৈকি।
আজকের যুগে ডিজিটাল দক্ষতা আর কোন বিলাসিতা নয়; এটি মৌলিক প্রয়োজন। প্রোগ্রামিং, গ্রাফিক ডিজাইন, ভিডিও এডিটিং, ডিজিটাল মার্কেটিং, সাইবার নিরাপত্তা, ক্লাউড কম্পিউটিং, ডেটা বিশ্লেষণ এবং AI ব্যবহারের মতো দক্ষতা অর্জন করে বাংলাদেশের তরুণরা আন্তর্জাতিক বাজারেও প্রতিযোগিতা করতে পারে। ইতিমধ্যে পরিলক্ষিত হয়েছে আমাদের যুবরা দক্ষতা দেখিয়েছে। ফ্রিল্যান্সিং ও রিমোট কাজের প্রসার বাংলাদেশের যুবসমাজের জন্য নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে।
তবে প্রযুক্তিগত দক্ষতার পাশাপাশি মানবিক দক্ষতাও সমান গুরুত্বপূর্ণ, যা ভুলে গেলে চলবে না। যোগাযোগের ক্ষমতা, দলগতভাবে কাজ করার মানসিকতা, নেতৃত্ব, সৃজনশীল চিন্তা, নৈতিকতা, সমস্যা সমাধানের সক্ষমতা এবং পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার মন মানসিকতা—এসবই একজন দক্ষ পেশাজীবীর অপরিহার্য গুণ।
বাংলাদেশের উন্নয়ন অভিযাত্রায় নারী যুবদের দক্ষতা উন্নয়ন বিশেষ গুরুত্ব বহন করে। যেহেতু জনসংখ্যার মোট অর্ধেক নারী। তথ্যপ্রযুক্তি, স্বাস্থ্য, শিক্ষা, কৃষি, ক্ষুদ্র উদ্যোক্তা, ই-কমার্স এবং সৃজনশীল শিল্পে নারীদের অংশগ্রহণ বাড়ানো গেলে জাতীয় অর্থনীতি আরও শক্তিশালী হবে। নিরাপদ ও অন্তর্ভুক্তিমূলক প্রশিক্ষণ পরিবেশ নিশ্চিত করাও সময়ের দাবি।
দক্ষতা উন্নয়ন মানেই শুধু চাকরি নয়; এটি উদ্যোক্তা তৈরিরও ভিত্তি। আজকের তরুণরা যদি কৃষি-প্রযুক্তি, নবায়নযোগ্য জ্বালানি, হস্তশিল্প, পর্যটন, স্বাস্থ্যসেবা কিংবা প্রযুক্তিভিত্তিক স্টার্টআপ গড়ে তুলতে পারে, তাহলে তারা নিজের পাশাপাশি অন্যদের জন্যও কর্মসংস্থানের বিশাল সুযোগ সৃষ্টি করবে।
এই জন্য সরকার, শিক্ষা প্রতিষ্ঠান, শিল্পখাত এবং বেসরকারি সংস্থাগুলোর মধ্যে কার্যকর সমন্বয় গড়ে তুলতে হবে। পাঠ্যক্রমকে সময়োপযোগী করা, শিল্পপ্রতিষ্ঠানে ইন্টার্নশিপের সুযোগ বাড়ানো, আন্তর্জাতিক মানের কারিগরি প্রশিক্ষণ নিশ্চিত করা এবং গ্রামীণ যুবকদের জন্য সহজলভ্য দক্ষতা উন্নয়নে আরো বেশি কর্মসূচি চালু করা জরুরি।
বিশ্ব যুব দক্ষতা দিবস আমাদের শুধু একটি দিবস পালনের আহ্বান জানায় না; এটি ভবিষ্যৎ নির্মাণের এক সুদূরপ্রসারী বার্তা বহন করে। দক্ষতা এমন এক বিনিয়োগ, যার সুফল ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্র—সবাই ভোগ করে।
একটি স্মার্ট, উদ্ভাবনী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে হলে আমাদের সবচেয়ে বড় শক্তি হবে দক্ষ, সৃজনশীল ও দায়িত্বশীল যুবসমাজ। তাই আজকের অঙ্গীকার হোক—প্রতিটি তরুণ-তরুণীকে যুগোপযোগী দক্ষতায় গড়ে তুলব, যাতে তারা শুধু নিজের ভবিষ্যৎ নয়, দেশের ভবিষ্যৎও আলোকিত করতে পারে।
দক্ষ যুবশক্তিই পারে বাংলাদেশকে আগামী দিনের জ্ঞানভিত্তিক, প্রযুক্তিনির্ভর ও টেকসই উন্নয়নের নেতৃত্বে পৌঁছে দিতে।