ঢাকা, ০৪ অক্টোবর ২০২৬:
চালের বস্তার মধ্যে বিশেষ কৌশলে লুকিয়ে পরিবহনকালে ১৩২ বোতল ফেন্সিডিলসহ মোঃ ইমরান খান (৩৬) নামে একজনকে গ্রেফতার করেছে
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ঢাকা মেট্রো (দক্ষিণ) কার্যালয়ের কোতয়ালী সার্কেলের একটি আভিযানিক দল।
গোপন সংবাদের ভিত্তিতে আজ ০৪/১০/২০২৬ তারিখ ভোর ০৫:১০ ঘটিকা হতে ০৬:১০ ঘটিকা পর্যন্ত দারুস সালাম থানাধীন গাবতলী বাগবাড়ীস্থ মিরপুর হাজী আহসান উল্লাহ কমপ্লেক্সের ২৫৭/ক নম্বর হোটেল তুরাগ আবাসিক ভবনের পূর্ব পাশের রাস্তায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় SP Golden Line নামীয় যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো-ব-১২-৫৮৪৫) তল্লাশি করে চালের বস্তার মধ্যে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ১৩২ বোতল ফেন্সিডিল উদ্ধার ও জব্দ করা হয়। এ সময় আরও ৪৫ কেজি চাল, ১টি বাসের টিকিট এবং ১টি মোবাইল টাচ সেট জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামি মোঃ ইমরান খান (৩৬), পিতা—মৃত মোবাচ্ছের হোসেন, মাতা—মোছাঃ নুরুন্নাহার বেগম। তার স্থায়ী ঠিকানা—লাউড়ি, থানা—মনিরামপুর, জেলা—যশোর। বর্তমানে তিনি ঢাকার গুলশান থানাধীন এলাকায় বসবাস করেন।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ক্রমিক নং-১৪(গ) ধারায় দারুস সালাম থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের “মাদকবিরোধী জিরো টলারেন্স” নীতি বাস্তবায়নে মাদকদ্রব্যের অবৈধ পরিবহন, সরবরাহ ও বিস্তারের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।







