, ,

গদ্য কবিতা ন্যায়ের রক্তাক্ত মুখ 

নিউজটি শেয়ার করুন

দুপুরের রোদে উত্তপ্ত রাস্তায়,
দাঁড়িয়ে ছিলেন শিক্ষকরা-
হাতে দাবির কাগজ, অন্তরে নীরব প্রার্থনা,
হঠাৎ শুরু লাঠিচার্জ– সভ্যতার বুকে বজ্রাঘাত!
ওরা জানে না, ওরা মানুষ নয়,
উর্দির আড়ালে মুখোশধারী যন্ত্র,
অন্তরে জমে থাকা অন্ধকার পশুত্বের বিষ,
এদের হাতে ছিল নিরাপত্তার দায়- এরাই ই আজ ভেঙেছে ন্যায়।
ভেঙেছে কেবল হাড়-শির নয়,
ভেঙেছে জাতির বিবেক,
সন্তানের চোখের আলো-
রক্তে ভিজে উঠেছে শিক্ষকের পবিত্র শরীর।
মায়ের বুকের নীরব অভিশাপ হয়ে
বাতাসে উঠেছে ঝড়,
তবু ওরা জানে না– শিক্ষকই মানুষ গড়ার কারিগর,
তাঁদের হাতেই ছিল ভবিষ্যতের শিকড়।
আজ সেই হাত রক্তাক্ত,
অকৃতজ্ঞের লাঠির নিচে শুয়ে আছে ন্যায়ের প্রতিমা!
হে পুলিশ! জানো কি–
তোমার উর্দির ভেতর আজ লজ্জার আগুন জ্বলছে।
তুমি ভেবেছো, লাঠিই ন্যায়– না, তা এক মিথ্যার জল্লাদ,
তুমি আঘাত করেছো সেই হাতেই
যে হাত একদিন তোমাকে অক্ষর শিখিয়েছিল।
একদিন ওই লাঠিটাই দাঁড়াবে–তোমার বিবেকের কবরফলকে প্রশ্ন হয়ে।