, ,

কেশবপুরে দুই সাংবাদিকের বিরুদ্ধে ৫০ লাখ টাকার মানহানি মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ

নিউজটি শেয়ার করুন

যশোরের কেশবপুরে সংবাদ প্রকাশকে কেন্দ্র করে দুই সাংবাদিকের বিরুদ্ধে ৫০ লাখ টাকার মানহানি মামলা করেছেন সাংবাদিক রুস্তম আলী।

সোমবার (২ নভেম্বর) তিনি যশোরের বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের কেশবপুর আমলি আদালতে মামলাটি দায়ের করেন। আদালত মামলাটি আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দিয়েছেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, সাংবাদিক রুস্তম আলী দীর্ঘ ২২ বছর ধরে কেশবপুরে সাংবাদিকতা পেশায় নিয়োজিত রয়েছেন। গত ২৮ অক্টোবর যশোর থেকে প্রকাশিত দৈনিক প্রভাতফেরি ও দৈনিক যশোর বার্তা পত্রিকায় তাঁকে নিয়ে সংবাদ প্রকাশ করা হয়। ওই সংবাদে মনগড়া, উদ্দেশ্যপ্রণোদিত ও মানহানিকর তথ্য উপস্থাপন করা হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। পাশাপাশি সংবাদ প্রকাশের আগে তাঁর বক্তব্য নেওয়া হয়নি বলেও মামলায় উল্লেখ করা হয়েছে।

মামলার অভিযোগে আরও বলা হয়, তাঁকে গ্রেপ্তারের কোনো ঘটনা না ঘটলেও উদ্দেশ্যপ্রণোদিতভাবে সংবাদ প্রকাশের মাধ্যমে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করা হয়েছে। এতে তাঁর দীর্ঘদিনের অর্জিত সামাজিক ও পেশাগত সুনাম ক্ষুণ্ন হয়েছে বলে দাবি করেন বাদী।

এ ঘটনায় দৈনিক প্রভাতফেরি পত্রিকার কেশবপুর প্রতিনিধি মাহাবুবুর রশিদ সবুজ এবং দৈনিক যশোর বার্তার কেশবপুর প্রতিনিধি জেবা খানকে বিবাদী করে ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ দাবি করে মানহানির মামলাটি দায়ের করা হয়।

মামলা নম্বর সি.আর. ৭৩৩/২৬। আদালত মামলাটি আমলে নিয়ে পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছেন।

তবে এ বিষয়ে অভিযুক্ত দুই সাংবাদিকের বক্তব্য পাওয়া গেলে তা-ও প্রকাশ করা হবে।