টাঙ্গাইলের কালিহাতীতে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট এবং পূজা উদযাপন ফ্রন্টের নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ (২০ জুলাই সকাল ১১ টায়) উপজেলার কেন্দ্রীয় জয় কালী মন্দির প্রাঙ্গনে এ সভার আয়োজন করা হয়।
সভায় বক্তারা ধর্মীয় সম্প্রীতি রক্ষা, সনাতন ও অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার আদায় এবং সামাজিক উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র গীতা থেকে পাঠ করা হয় এবং নবগঠিত কমিটির সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। পরিচিতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিহাতী পৌরসভার সাবেক সফল মেয়র আলী আকবর জব্বার, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট এর আহ্বায়ক প্রদীপ ব্যানার্জি নীরার সভাপতিত্বে সভায় বক্তারা বলেন, “সকল ধর্মের মানুষের পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রাখা আমাদের অন্যতম প্রধান লক্ষ্য। নবগঠিত এই দুটি ফ্রন্ট কালিহাতী উপজেলায় ধর্মীয় ও সামাজিক মেলবন্ধন আরও দৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। নেতৃবৃন্দ আরও আশাবাদ ব্যক্ত করেন যে, যেকোনো অপশক্তির বিরুদ্ধে দাঁড়িয়ে সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা ও অধিকার সুনিশ্চিত করতে এই কমিটি সবসময় মাঠে থাকবে। উপস্থিতিবৃন্দ পরিচিতি সভায় অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের কালিহাতী উপজেলা শাখার যুগ্ন আহবায়ক হরিমোহন পাল, যুগ্ন আহ্বায়ক রবীন্দ্র নাথ দত্ত, সদস্য সচিব দিলীপ সরকার সহ স্থানীয় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট এবং পূজা উদযাপন ফ্রন্টের অন্যান্য নেতৃবৃন্দ। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে আগত সংগঠনের কর্মী-সমর্থক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন কালিহাতী পূজা উদযাপন ফ্রন্ট এর আহবায়ক সমীর সাহা চৌধুরী মানিক। অনুষ্ঠান শেষে সকলেই প্রসাদ গ্রহণ করেন।







