, ,

মুকসুদপুরে জুয়ার আড্ডা থেকে নিখোঁজ ব্যবসায়ী সত্য মন্ডল

নিউজটি শেয়ার করুন

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার কাসালিয়া ইউনিয়নের বেদগ্রাম উত্তরপাড়ায় জুয়ার আড্ডা থেকে সত্য মন্ডল (৩৮) নামে এক ব্যবসায়ী রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছেন। নিখোঁজের চার দিন পার হলেও তার কোনো হদিস মেলেনি বলে দাবি পরিবারের।
পরিবার জানায়, শুক্রবার (২৭ নভেম্বর ২০২৫) সন্ধ্যায় স্থানীয় প্রাইমারি স্কুলের শিক্ষক সুমন মন্ডল সত্য মন্ডলকে ডেকে নিয়ে যায় একই গ্রামের শংকরের বাড়িতে, যেখানে প্রতিদিনের মতো জুয়ার আড্ডা বসেছিল। রাত গভীর হলে হঠাৎ সুব্রত বিশ্বাস, চিন্ময় কীর্তনীয়া ও অপূর্ব কীর্তনীয়া ভূয়া ডিবি পরিচয়ে সেখানে হানা দেয়।
এসময় আড্ডায় থাকা সরজিত বৈরাগী ও শিক্ষক সুমন মন্ডলকে বেঁধে ফেলে এবং টাকা নেয়ার পর তাদের ছেড়ে দেয়। তবে ঘটনাস্থল থেকে আর পাওয়া যায়নি সত্য মন্ডলকে।
নিখোঁজের পরিবারের অভিযোগ, ব্যবসায়িক মালামাল কেনার জন্য সত্য মন্ডলের কাছে প্রায় ২ লাখ টাকা ছিল। তারা ধারণা করছেন, টাকার লোভে ভূয়া ডিবি পরিচয়দানকারীরা তাকে হত্যা করে লাশ গুম করে থাকতে পারে।
ঘটনার পর পরিবার থানায় লিখিত অভিযোগ করে। অভিযোগের তদন্ত কর্মকর্তা এসআই মোস্তাফিজুর রহমান ঘটনাস্থল পরিদর্শন ও অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করলেও তাদের আবার ছেড়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ স্বজনদের।
অভিযুক্ত সুব্রত বিশ্বাস, চিন্ময় কীর্তনীয়া ও অপূর্ব কীর্তনীয়ার বাড়িতে গিয়ে কাউকে পাওয়া যায়নি।
এ বিষয়ে জানতে ফোনে যোগাযোগ করা হলে শিক্ষক সুমন মন্ডল ও সরজিত বৈরাগী জানান, তারা কারও প্রভাবে নয়, নিজেদের ইচ্ছাতেই আড্ডায় গিয়েছিলেন। সুমন মন্ডল বলেন, “অভিযোগের পর তদন্ত কর্মকর্তা আমাদের বিভিন্ন আত্মীয়ের বাড়িতে খোঁজ নিতে বলেছেন। তাই স্কুল থেকে ছুটি নিয়ে আমরা বিভিন্ন জায়গায় খুঁজছি।”
নিখোঁজ সত্য মন্ডলের পরিবার দ্রুত তার সন্ধান ও ঘটনার সুষ্ঠ তদন্ত দাবি করেছে।