, ,

সবুজ সংঘের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি ও শিক্ষা উপকরণ প্রদান

নিউজটি শেয়ার করুন

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় সবুজ সংঘের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থী ও হাফেজ শিক্ষার্থীদের মাঝে মেধাবৃত্তি ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
শনিবার (২৮ নভেম্বর) বেলা ১১টায় উপজেলার খাড়েরা ইউনিয়নের খাড়েরা বাজারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মো. শাকিবের সঞ্চালনায় এবং সংগঠনের সভাপতি লোকমান হোসেন পলার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাড়েরা ইউনিয়ন বিএনপির সভাপতি মিজানুর রহমান ভূঁইয়া। অনুষ্ঠানের উদ্বোধন করেন কসবা প্রেসক্লাবের আহ্বায়ক আবুল খায়ের স্বপন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় সংসদ সদস্য মুশফিকুর রহমানের ব্যক্তিগত মিডিয়া সচিব শান্তনুর আলম, কাউসার আহমেদ, শামসুল আলম, মনির হোসেন, সাইদুর রহমান খান, নুরুল আমিন, ইয়াসিন মনি খান প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্দেশে শিক্ষার মানোন্নয়ন এবং ভালো ফলাফল অর্জনে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। তারা বলেন, একজন শিক্ষার্থীর ভালো ফলাফলের পেছনে মায়ের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একজন সচেতন মা একটি সচেতন জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাই সন্তানের শিক্ষাজীবনে মায়ের দায়িত্ব ও সচেতনতা সবচেয়ে বেশি প্রয়োজন।
বক্তারা আরও বলেন, মোবাইল ফোন বর্তমান সময়ে প্রয়োজনীয় হলেও এর অপব্যবহার শিক্ষার্থীদের পড়াশোনার জন্য বড় প্রতিবন্ধকতা হয়ে দাঁড়িয়েছে। তাই শিক্ষার্থীরা মোবাইল ফোনে কী করছে, সে বিষয়ে অভিভাবকদের সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
তারা বলেন, একজন শিক্ষার্থীর ভালো ফলাফলের জন্য শুধু তার ব্যক্তিগত প্রচেষ্টাই যথেষ্ট নয়। শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকের সম্মিলিত প্রচেষ্টা এবং সমন্বিত ভূমিকার মাধ্যমেই শিক্ষার মানোন্নয়ন ও কাঙ্ক্ষিত সাফল্য অর্জন সম্ভব।
অনুষ্ঠান শেষে মেধাবী এসএসসি পরীক্ষার্থী ও হাফেজ শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। পাশাপাশি সকল শিক্ষার্থীর সাফল্য, সুস্বাস্থ্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনায় দোয়া করা হয়।
দোয়া পরিচালনা করেন ফজলুল হক হাফেজিয়া মাদ্রাসার শিক্ষক হাফেজ ইসামাইল হোসেন।
শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে তাদের শিক্ষাজীবনকে আরও এগিয়ে নিতে সবুজ সংঘের এ উদ্যোগকে উপস্থিত সবাই প্রশংসা করেন।