টেকসই উন্নয়নে ১৩ দফা কৌশলগত প্রস্তাবনা ঘোষণা, প্রথম বছরে এক হাজার কর্মীকে প্রশিক্ষণের পরিকল্পনা
দেশের চামড়া ও চামড়াজাত পণ্য, বিশেষ করে লেদার-ফুটওয়্যার শিল্পের সুরক্ষা, উন্নয়ন ও সমৃদ্ধির লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছে ‘লেদার ফাউন্ডেশন অব বাংলাদেশ’ (এলএফবি)। দেশের চামড়া শিল্পের টেকসই উন্নয়ন, দক্ষ জনবল তৈরি, বিদেশি বিনিয়োগ আকর্ষণ এবং শিল্পসংশ্লিষ্ট বিভিন্ন বাণিজ্য সংগঠনের মধ্যে সমন্বয় প্রতিষ্ঠার প্রত্যয় নিয়ে যাত্রা শুরু করেছে অলাভজনক এই জাতীয় শিল্প-উন্নয়ন প্রতিষ্ঠান।
শনিবার (২৮ নভেম্বর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে সংগঠনটির আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘটে। অনুষ্ঠানে ফাউন্ডেশনের লক্ষ্য, উদ্দেশ্য, রূপকল্প ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরার পাশাপাশি চামড়া শিল্পের বিদ্যমান সংকট ও সম্ভাবনা নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন সংগঠনের নেতারা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলাদেশের অর্থনীতি, রপ্তানি আয়, কর্মসংস্থান এবং ধর্মীয় ও সামাজিক বাস্তবতার সঙ্গে চামড়া শিল্প গভীরভাবে সম্পৃক্ত। এ শিল্পের টেকসই উন্নয়নে পরিবেশবান্ধব উৎপাদন, বর্জ্য ব্যবস্থাপনা, কাঁচা চামড়ার যথাযথ সংরক্ষণ, আধুনিক প্রযুক্তির ব্যবহার, বাজার সম্প্রসারণ এবং নীতিগত সহায়তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব পক্ষকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
ফাউন্ডেশনের সভাপতি সাদাত হোসেন সেলিম বলেন, চামড়া শিল্পের পরিবেশগত উন্নয়নে কেন্দ্রীয় বর্জ্য পরিশোধনাগার (সিইটিপি) গুরুত্বপূর্ণ হলেও এটিই সব সমস্যার একমাত্র সমাধান নয়। শুধু ইটিপি বা সিইটিপির ওপর নির্ভর করে শিল্পের সামগ্রিক সংকট দূর করা সম্ভব নয়। ইটিপিই যদি একমাত্র সমাধান হতো, তাহলে খুলনার সুপার এক্স লেদারের মতো প্রতিষ্ঠান আজ সংকটে পড়ত না। যারা বাস্তবে চামড়া শিল্পকে টিকিয়ে রেখেছেন, সেই উদ্যোক্তা ও ব্যবসায়ীদের অভিজ্ঞতা ও বাস্তব সমস্যাকে গুরুত্ব দিতে হবে। পাশাপাশি কেমিক্যাল সরবরাহ, আমদানি-রপ্তানি এবং ব্যবসায়িক কার্যক্রম সহজ করতে কার্যকর সরকারি সহায়তা নিশ্চিত করা প্রয়োজন।
ফাউন্ডেশনের মহাসচিব ও প্রতিষ্ঠাতা এম মুফাজ্জল ইবনে মাহফুজ সংগঠনের ভিশন, মিশন ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরে বলেন, চামড়া শিল্পের সব খাত, ট্রেড বডি, উদ্যোক্তা ও কারিগরি প্রতিষ্ঠানের মধ্যে কার্যকর সমন্বয় গড়ে তোলাই এলএফবির অন্যতম প্রধান লক্ষ্য। আধুনিক প্রযুক্তির ব্যবহার, পরিবেশগত ভারসাম্য রক্ষা, দক্ষ মানবসম্পদ তৈরি এবং শিল্পবান্ধব নীতিগত সহায়তা আদায়ে সংগঠনটি পরিকল্পিতভাবে কাজ করবে।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ফাউন্ডেশনের যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার এ ফাত্তাহ আল মঞ্জুর আসিফ। তিনি বলেন, দেশে নিজস্ব কাঁচামাল ও কর্মঠ জনশক্তি থাকা সত্ত্বেও দক্ষ মধ্যম সারির জনবলের অভাব, আধুনিক প্রযুক্তির ঘাটতি এবং লেদার ওয়ার্কিং গ্রুপের (এলডব্লিউজি) সনদ অর্জনের জটিলতার কারণে বিশ্ববাজারে বাংলাদেশের চামড়া শিল্প কাঙ্ক্ষিত অবস্থান তৈরি করতে পারছে না।
তিনি জানান, সোসাইটিজ রেজিস্ট্রেশন অ্যাক্ট, ১৮৬০-এর অধীনে নিবন্ধিত এলএফবি ছয়টি স্থায়ী প্রোগ্রাম উইংয়ের মাধ্যমে কার্যক্রম পরিচালনা করবে। এগুলো হলো—এলএফবি ইনস্টিটিউট, গবেষণা ও উদ্ভাবন কেন্দ্র, নীতি ও অ্যাডভোকেসি কাউন্সিল, শিল্প পরামর্শক সেবা, এসএমই ও উদ্যোক্তা উন্নয়ন এবং সামাজিক কল্যাণ ও টেকসই উন্নয়ন ফাউন্ডেশন।
প্রথম বছরের কর্মপরিকল্পনায় এক হাজার কর্মীকে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ প্রদান, ৩০টি কারখানাকে ‘মডেল গ্রিন ফ্যাক্টরি’ হিসেবে গড়ে তোলা এবং শ্রমিকদের সন্তানদের জন্য ‘এলএফবি শিক্ষা সহায়তা বৃত্তি’ চালুর ঘোষণা দেওয়া হয়। পাশাপাশি বিদেশি বিনিয়োগ আকর্ষণ ও আন্তর্জাতিক বাজারের সঙ্গে সংযোগ স্থাপনে বিভিন্ন বিদেশি সংস্থা ও প্রতিনিধিদের সঙ্গে সহযোগিতার ক্ষেত্র তৈরির উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
চামড়া শিল্পের উন্নয়নে ১৩ দফা প্রস্তাবনা
অনুষ্ঠানে চামড়া শিল্পের দীর্ঘদিনের সংকট নিরসন এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতে ফাউন্ডেশনের পক্ষ থেকে ১৩ দফা কৌশলগত প্রস্তাবনা তুলে ধরা হয়। উল্লেখযোগ্য প্রস্তাবগুলোর মধ্যে রয়েছে—
১. চামড়া শিল্পের জন্য স্বতন্ত্র মন্ত্রণালয় অথবা শক্তিশালী ‘লেদার বোর্ড’ গঠন।
২. ক্ষতিগ্রস্ত ও বন্ধ কারখানা পুনরায় চালুর জন্য জরুরি ভিত্তিতে ৫ হাজার কোটি টাকার বিশেষ তহবিল বরাদ্দ।
৩. সাভারের কেন্দ্রীয় বর্জ্য পরিশোধনাগার (সিইটিপি) আধুনিকায়ন এবং নতুন আরও দুটি সিইটিপি নির্মাণ।
৪. এক থেকে দুটি বিশেষায়িত লেদার গুডস ও ফুটওয়্যার ইন্ডাস্ট্রিয়াল পার্ক প্রতিষ্ঠা।
৫. দেশে চার থেকে পাঁচটি নতুন চামড়া শিল্প অঞ্চল স্থাপন।
৬. পূর্ণাঙ্গ ‘লেদার-ফুটওয়্যার বিশ্ববিদ্যালয়’ প্রতিষ্ঠা।
৭. সারা দেশে ১০ থেকে ১৫টি সরকারি কাঁচা চামড়া সংরক্ষণ হাব ও কোল্ড স্টোরেজ নির্মাণ।
৮. সরকারি বিভিন্ন বাহিনীর জুতা ও আনুষঙ্গিক পণ্যে খাঁটি দেশীয় চামড়া ও পাটের ব্যবহার বাধ্যতামূলক করা।
এ ছাড়া চামড়া শিল্পের আধুনিকায়ন, পরিবেশগত মানোন্নয়ন, দক্ষ জনবল তৈরি, উদ্যোক্তাদের আর্থিক সহায়তা এবং আন্তর্জাতিক বাজার সম্প্রসারণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।
ফাউন্ডেশনের সিনিয়র সহসভাপতি অ্যাডভোকেট শফিকুর রহমান চামড়া ব্যবসায়ীদের সহজ শর্তে ঋণপ্রাপ্তি এবং ব্যবসাবান্ধব নীতিমালা প্রণয়নের ওপর জোর দেন।
সহসভাপতি মাওলানা মাহবুবুল হক বলেন, কওমি মাদ্রাসাসহ বিভিন্ন ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠানের অর্থনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে কোরবানির চামড়া সংগ্রহ ও বিক্রির গুরুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। কেবল লবণ প্রয়োগের মধ্যে সীমাবদ্ধ না থেকে চামড়া সংরক্ষণ ও প্রাথমিক প্রক্রিয়াজাতকরণে কারিগরি প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। এ ক্ষেত্রে শিল্প মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয় ও ইসলামিক ফাউন্ডেশনের সহযোগিতা কামনা করেন তিনি।
অনুষ্ঠানে উপস্থিতি ও বক্তব্য
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্যাংচিও ফুটওয়্যারের ব্যবস্থাপনা পরিচালক আসিফ, জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি রাজেকুজ্জামান রতন, বাংলাদেশ চামড়াজাত দ্রব্য প্রস্তুতকারক সমিতির উপদেষ্টা হাজি গোলাম কিবরিয়া চৌধুরী, বাংলাদেশ হাইড অ্যান্ড স্কিন মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি টিপু সুলতান, স্টেপ ফুটওয়্যারের আমিনুল শামিম, ফাউন্ডেশনের সিনিয়র সহসভাপতি অ্যাডভোকেট শফিকুর রহমান, আবু হানিফ সরকার, বিল্লাল হোসেন, জিয়া, দৈনিক সংবাদ সারাবেলার নির্বাহী সম্পাদক কাজী হাবিবুর রহমান এবং ফাউন্ডেশনের পরিচালক মাকসুদা খাতুনসহ বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ী ও শিল্পসংশ্লিষ্ট প্রতিনিধিরা।
এ ছাড়া বক্তব্য দেন অধ্যাপক ড. সবুর আহমেদ (ILET), প্রেসিডেন্ট মোহাম্মদ অভি (LETS, B), চামড়া শিল্প রক্ষা কমিটির সাধারণ সম্পাদক মাওলানা আফজাল হোসাইন, এনসিপির ধর্মবিষয়ক সম্পাদক মাওলানা সানাউল্লাহ খান, কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ডের চেয়ারম্যান সোহেল আহমেদ, স্টেপের সিইও শামিম আমিনুল, কর্মসংস্থান ব্যাংকের পরিচালক ও এসএ টিভির বার্তা সম্পাদক টি. সালাউদ্দিন আহমেদ, মাহমুদুল সাইদ এবং ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের গভর্নর মুফতী আজহারুল ইসলাম ও মুফতী শরিফুল্লাহ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সহসভাপতি বেলাল হোসেন, কোষাধ্যক্ষ শাহ সুলতান, পরিচালক বিল্লাল, পরিচালক এম ফয়সাল মাহফুজ ও পরিচালক শোয়াইব ইবনে মাহফুজসহ চামড়া শিল্পের বিভিন্ন পর্যায়ের প্রতিনিধি ও ব্যবসায়ী নেতারা।
বক্তারা আশা প্রকাশ করেন, লেদার ফাউন্ডেশন অব বাংলাদেশের উদ্যোগে চামড়া শিল্পের উদ্যোক্তা, ব্যবসায়ী, শ্রমিক, কারিগরি প্রতিষ্ঠান, সরকারি সংস্থা ও সংশ্লিষ্ট বাণিজ্য সংগঠনগুলোর মধ্যে কার্যকর সমন্বয় গড়ে উঠবে। এর মাধ্যমে দেশের চামড়া ও ফুটওয়্যার শিল্পকে আধুনিক, পরিবেশবান্ধব, বিনিয়োগবান্ধব এবং আন্তর্জাতিক প্রতিযোগিতায় সক্ষম শিল্পখাতে পরিণত করা সম্ভব হবে।
সমন্বিত উদ্যোগে দেশের চামড়া শিল্পের হারানো সম্ভাবনা পুনরুদ্ধার এবং নতুন সম্ভাবনার দ্বার উন্মোচনের প্রত্যয় ব্যক্ত করার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।







