, ,

নারী ও কন্যাশিশুর সুরক্ষা: ন্যায়বিচার প্রতিষ্ঠা ও দায়মুক্তির অবসান

নিউজটি শেয়ার করুন

নারীর নিরাপত্তা কোনো অনুগ্রহ নয়, এটি মৌলিক মানবাধিকার। অথচ একবিংশ শতাব্দীর প্রযুক্তিনির্ভর ও উন্নয়নমুখী পৃথিবীতেও নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা থামছে না।

ঘরের ভেতর থেকে কর্মক্ষেত্র, শিক্ষাপ্রতিষ্ঠান থেকে গণপরিবহন, এমনকি সামাজিক যোগাযোগমাধ্যম ও ডিজিটাল পরিসর—কোথাও পুরোপুরি নিরাপদ নয় নারী। সহিংসতার শিকার হওয়ার পরও অনেককে ন্যায়বিচারের পরিবর্তে সামাজিক অপমান, অবিশ্বাস, হয়রানি ও দীর্ঘ বিচারপ্রক্রিয়ার মুখোমুখি হতে হয়। অন্যদিকে ক্ষমতা, প্রভাব ও সামাজিক অবস্থানের কারণে অপরাধীর দায়মুক্তির সুযোগ তৈরি হয়। এই বাস্তবতায় নারী ও কন্যাশিশুর প্রতি সব ধরনের লিঙ্গভিত্তিক সহিংসতা বন্ধের আহ্বান নিয়ে শুরু হয়েছে ২০২৬ সালের আন্তর্জাতিক কর্মসূচি—‘ সিক্সটিনথ ডেজ অব অ্যাক্টিভিজম অ্যাগেইনস্ট জেন্ডার-বেইজড ভায়োলেন্স’ (16 Days of Activism Against Gender-Based Violence)।

এবারের প্রচারণার শিরোনাম ‘দ্য ফিউচার শি ডিজার্ভস’ (The Future She Deserves)—অর্থাৎ ‘নারীর প্রাপ্য ভবিষ্যৎ’। বিশ্ব স্বাস্থ্য সংস্থার ২০২৬ সালের প্রচারণায় এই শিরোনামের মাধ্যমে নারী ও কন্যাশিশুর নিরাপদ ভবিষ্যৎ প্রতিষ্ঠার বিষয়টি বিশেষভাবে তুলে ধরা হয়েছে। অন্যদিকে, জাতিসংঘের UNiTE প্রচারণার এবারের আন্তর্জাতিক আহ্বান—‘UNiTE to End Violence Against Women and Girls: Ensure Justice, Protect Survivors, End Impunity’; অর্থাৎ নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হওয়া, ন্যায়বিচার নিশ্চিত করা, সহিংসতার শিকার ব্যক্তিদের সুরক্ষা দেওয়া এবং অপরাধীদের দায়মুক্তির অবসান ঘটানো। ২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, নারী অধিকার সংগঠন, মানবাধিকারকর্মী, উন্নয়ন সংস্থা ও নাগরিক সমাজের সম্মিলিত উদ্যোগে পালিত হচ্ছে এই ১৬ দিনের কর্মসূচি।

এবারের প্রতিপাদ্য কেবল সহিংসতার বিরুদ্ধে প্রতিবাদ জানানোর আহ্বান নয়; বরং বিচারব্যবস্থার কার্যকারিতা, প্রাতিষ্ঠানিক জবাবদিহি এবং ভুক্তভোগীর অধিকার প্রতিষ্ঠার সুস্পষ্ট দাবি। এর অন্তর্নিহিত বার্তা—নারীর জন্য যে ভবিষ্যৎ প্রত্যাশিত, তা প্রতিষ্ঠা করতে হলে নিরাপত্তার পাশাপাশি মর্যাদা, স্বাধীনতা ও ন্যায়বিচারের নিশ্চয়তা দিতে হবে।

১৬ দিনের কর্মসূচির সূচনা ও ঐতিহাসিক প্রেক্ষাপট
১৯৯১ সালে যুক্তরাষ্ট্রের রাটগার্স বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর উইমেনস গ্লোবাল লিডারশিপের (Center for Women’s Global Leadership) উদ্যোগে প্রথম ১৬ দিনের আন্তর্জাতিক প্রচারণার সূচনা হয়। প্রথম উইমেনস গ্লোবাল লিডারশিপ ইনস্টিটিউটে অংশগ্রহণকারী নারী অধিকারকর্মীরা ২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত সময়কে কর্মসূচির জন্য নির্ধারণ করেন। এর মধ্য দিয়ে নারী নির্যাতনকে ব্যক্তিগত বা পারিবারিক সমস্যা হিসেবে নয়, বরং মানবাধিকার লঙ্ঘনের বিষয় হিসেবে প্রতিষ্ঠার আন্দোলন আন্তর্জাতিক মাত্রা লাভ করে।

২৫ নভেম্বর আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস। দিনটি ১৯৬০ সালে ডোমিনিকান প্রজাতন্ত্রের স্বৈরশাসনবিরোধী আন্দোলনের তিন সাহসী কর্মী—মিরাবেল বোনদের হত্যার স্মৃতির সঙ্গে সম্পর্কিত। পাত্রিয়া, মিনার্ভা ও মারিয়া তেরেসা মিরাবেলকে রাজনৈতিক প্রতিরোধের কারণে ১৯৬০ সালের ২৫ নভেম্বর হত্যা করা হয়েছিল। তাঁদের স্মৃতিকে ধারণ করেই দিনটি নারী নির্যাতনবিরোধী আন্দোলনের প্রতীক হয়ে ওঠে। ১৯৯৯ সালে জাতিসংঘ সাধারণ পরিষদ ২৫ নভেম্বরকে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়।
অন্যদিকে ১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস। ১৯৪৮ সালের এই দিনে জাতিসংঘ সাধারণ পরিষদ সর্বজনীন মানবাধিকার ঘোষণা গ্রহণ করে। ২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত ১৬ দিনের সময়সীমা নির্ধারণের মধ্য দিয়ে নারী নির্যাতন প্রতিরোধ এবং মানবাধিকারের সার্বজনীন ধারণার মধ্যে একটি তাৎপর্যপূর্ণ যোগসূত্র তৈরি হয়েছে।

এই কর্মসূচির মূল দর্শন হলো, নারী নির্যাতন কোনো ব্যক্তিগত দুর্ভাগ্য নয়; এটি বৈষম্য, ক্ষমতার অসমতা, সামাজিক কুসংস্কার এবং বিচারহীনতার সঙ্গে সম্পর্কিত একটি কাঠামোগত সমস্যা।
এবারের প্রতিপাদ্যের তিনটি প্রধান দাবি
২০২৬ সালের প্রচারণায় তিনটি বিষয়কে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
প্রথমত, ন্যায়বিচার নিশ্চিত করা। নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতার ঘটনায় অভিযোগ গ্রহণ থেকে শুরু করে তদন্ত, বিচার ও প্রতিকার পর্যন্ত প্রতিটি পর্যায়ে কার্যকর ব্যবস্থা থাকতে হবে। অভিযোগ জানাতে গিয়ে ভুক্তভোগী যেন নতুন করে হয়রানি, অপমান কিংবা অবিশ্বাসের শিকার না হন। বিচারপ্রক্রিয়া হতে হবে নিরপেক্ষ, সংবেদনশীল, দ্রুত এবং আইনসম্মত।

দ্বিতীয়ত, সহিংসতার শিকার ব্যক্তিদের সুরক্ষা নিশ্চিত করা। বিচারপ্রাপ্তির পাশাপাশি তাঁদের প্রয়োজন নিরাপদ আশ্রয়, চিকিৎসা, মানসিক স্বাস্থ্যসেবা, আইনি সহায়তা, সামাজিক গ্রহণযোগ্যতা এবং অর্থনৈতিকভাবে পুনরায় দাঁড়ানোর সুযোগ। ভুক্তভোগীর পরিচয় ও ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা রক্ষা করতে হবে। তাঁর সম্মতি ও মর্যাদাকে প্রাধান্য দিতে হবে।

তৃতীয়ত, দায়মুক্তির অবসান ঘটানো। অপরাধী রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক কিংবা প্রাতিষ্ঠানিক প্রভাব খাটিয়ে যেন শাস্তি এড়াতে না পারে। একই সঙ্গে দায়িত্বে অবহেলা, অভিযোগ ধামাচাপা দেওয়া কিংবা তদন্তে প্রভাব বিস্তারের মতো কর্মকাণ্ডের জন্য সংশ্লিষ্ট ব্যক্তিদেরও জবাবদিহির আওতায় আনতে হবে।

এই তিনটি দাবির সমন্বিত বাস্তবায়ন ছাড়া নারী ও কন্যাশিশুর জন্য নিরাপদ ভবিষ্যৎ নির্মাণ সম্ভব নয়।

বিশ্বজুড়ে সহিংসতার ভয়াবহ বাস্তবতা

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ২০২৬ সালের ১৮ জুন প্রকাশিত হালনাগাদ তথ্য অনুযায়ী, ২০২৩ সালের বৈশ্বিক প্রাক্কলনে বিশ্বের প্রায় ৩১ দশমিক ৬ শতাংশ নারী জীবনের কোনো না কোনো সময়ে অন্তরঙ্গ সঙ্গীর শারীরিক বা যৌন সহিংসতা কিংবা অন্য ব্যক্তির যৌন সহিংসতার শিকার হয়েছেন। সংখ্যার হিসাবে এই হার প্রায় ৮৪ কোটি নারী ও কন্যাশিশুর জীবনের অভিজ্ঞতার সঙ্গে সম্পর্কিত।

বিশেষ উদ্বেগের বিষয় হলো, সহিংসতা অনেক ক্ষেত্রে কৈশোরেই শুরু হয়। ২০২৬ সালের প্রচারণায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা ১৫ থেকে ১৯ বছর বয়সী কিশোরীদের প্রতি বিশেষ গুরুত্ব দিয়েছে। সংস্থাটির প্রকাশিত তথ্য অনুযায়ী, বিশ্বজুড়ে আনুমানিক ৪ কোটি ৩০ লাখ কিশোরী জীবনের কোনো পর্যায়ে অন্তরঙ্গ সঙ্গীর শারীরিক বা যৌন সহিংসতা কিংবা অন্য ব্যক্তির যৌন সহিংসতার শিকার হয়েছে।
এই বাস্তবতায় নারী নির্যাতন প্রতিরোধের উদ্যোগ শুধু প্রাপ্তবয়স্ক নারীদের নিরাপত্তায় সীমাবদ্ধ রাখলে চলবে না। কিশোরীদের শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তা, বাল্যবিবাহ প্রতিরোধ এবং সম্মানজনক সম্পর্কের ধারণা গড়ে তোলাও সমান জরুরি।

সহিংসতার ধরনও বদলাচ্ছে। পারিবারিক নির্যাতন, ধর্ষণ, যৌন হয়রানি, যৌতুকের জন্য নির্যাতন, মানবপাচার ও জোরপূর্বক বিবাহের পাশাপাশি প্রযুক্তিনির্ভর সহিংসতা নতুন উদ্বেগ তৈরি করেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অপমান, অনলাইন ব্ল্যাকমেইল, ব্যক্তিগত ছবি বা ভিডিও অনুমতি ছাড়া প্রকাশ, ভুয়া পরিচয়ে হয়রানি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে আপত্তিকর ছবি তৈরি—এসব অপরাধ নারীর ব্যক্তিগত ও সামাজিক জীবনকে বিপর্যস্ত করতে পারে।

ডিজিটাল সহিংসতাকে তাই কেবল প্রযুক্তিগত সমস্যা হিসেবে দেখার সুযোগ নেই। এটি নারীর মর্যাদা, নিরাপত্তা, মতপ্রকাশের স্বাধীনতা এবং মানবাধিকারের প্রশ্ন।

বাংলাদেশের বাস্তবতা: পরিসংখ্যানের সতর্কবার্তা

বাংলাদেশে নারীশিক্ষা, কর্মসংস্থান, অর্থনৈতিক কর্মকাণ্ড ও সামাজিক নেতৃত্বে নারীর অংশগ্রহণ বেড়েছে। তৈরি পোশাকশিল্প, শিক্ষা, স্বাস্থ্য, প্রশাসন, উদ্যোক্তা কার্যক্রম এবং বিভিন্ন পেশায় নারীর অবদান দৃশ্যমান। কিন্তু এসব অগ্রগতির পাশাপাশি নারী ও কন্যাশিশুর নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে এখনো বড় ধরনের ঘাটতি রয়েছে।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) ও জাতিসংঘ জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ) যৌথভাবে ২০২৪ সালের নারী নির্যাতন জরিপ পরিচালনা করে। জরিপে ১৫ বছর বা তার বেশি বয়সী ২৭ হাজার ৪৭৬ জন নারীর সাক্ষাৎকার নেওয়া হয়। ২০২৫ সালের ১৩ অক্টোবর জরিপের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ করা হয়।

প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশের কখনো বিবাহিত নারীদের ৭৬ শতাংশ জীবনের কোনো না কোনো সময়ে অন্তরঙ্গ সঙ্গীর সহিংসতার অভিজ্ঞতার কথা জানিয়েছেন। এই হিসাবের মধ্যে শারীরিক, যৌন, মানসিক ও অর্থনৈতিক সহিংসতা এবং নিয়ন্ত্রণমূলক আচরণ অন্তর্ভুক্ত রয়েছে। জরিপে আগের ১২ মাসে এ ধরনের সহিংসতার অভিজ্ঞতার কথা জানিয়েছেন ৪৯ শতাংশ নারী।
আরও উদ্বেগজনক তথ্য হলো, জরিপে অংশ নেওয়া নারীদের মধ্যে ৫৪ শতাংশ জীবনের কোনো পর্যায়ে স্বামীর মাধ্যমে শারীরিক অথবা যৌন সহিংসতার শিকার হয়েছেন বলে জানিয়েছেন।
তবে এই পরিসংখ্যান ব্যাখ্যার ক্ষেত্রে কয়েকটি বিষয় মনে রাখা জরুরি। ৭৬ শতাংশের হিসাবটি সব নারী বা ১৫ বছর ও তার বেশি বয়সী সব নারীর ওপর প্রযোজ্য নয়; এটি কখনো বিবাহিত নারীদের মধ্যে জরিপে সংজ্ঞায়িত অন্তরঙ্গ সঙ্গীর সহিংসতার সম্মিলিত হার। একইভাবে, ৪৯ শতাংশের হিসাবটি গত ১২ মাসের অভিজ্ঞতা নির্দেশ করে। এসব পরিসংখ্যান বাংলাদেশের পারিবারিক ও দাম্পত্য সম্পর্কের মধ্যে নারীর নিরাপত্তার সংকটের ব্যাপকতা তুলে ধরে।
জরিপের আরেকটি উদ্বেগজনক তথ্য হলো, সহিংসতার শিকার নারীদের একটি বড় অংশ তাঁদের অভিজ্ঞতার কথা কাউকে জানান না। জরিপে এ ধরনের নারীদের ৬২ শতাংশ কখনো তাঁদের অভিজ্ঞতার কথা কাউকে জানাননি বলে উঠে এসেছে। এই নীরবতা সামাজিক চাপ, পারিবারিক বাধা, নিরাপত্তাহীনতা এবং বিচারপ্রক্রিয়ার প্রতি অনাস্থার গভীরতা নির্দেশ করে।
এই তথ্য আমাদের সামনে এনেছে কঠিন প্রশ্ন—যে পরিবারকে নিরাপত্তা ও আশ্রয়ের সবচেয়ে নির্ভরযোগ্য জায়গা হিসেবে বিবেচনা করা হয়, সেই পরিবারেই যদি নারীর বড় অংশ সহিংসতার অভিজ্ঞতার কথা জানান, তাহলে সামাজিক নিরাপত্তার প্রচলিত ধারণা কতটা কার্যকর?

অর্থনৈতিক নির্ভরশীলতা, সামাজিক অসম্মানের ভয়, সন্তানদের ভবিষ্যৎ, পারিবারিক চাপ এবং বিচারপ্রক্রিয়ার জটিলতা অনেক নারীকে নির্যাতনের বিরুদ্ধে অভিযোগ জানানো থেকে বিরত রাখে। ফলে প্রকৃত সমস্যার ব্যাপ্তি আরও গভীর হতে পারে।

আইন আছে, বাস্তবায়নের প্রশ্ন রয়ে গেছে

বাংলাদেশে নারী ও শিশুর সুরক্ষায় একাধিক আইন প্রণীত হয়েছে। এর মধ্যে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০; পারিবারিক সহিংসতা (প্রতিরোধ ও সুরক্ষা) আইন, ২০১০; বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭; যৌতুক নিরোধ আইন, ২০১৮; মানব পাচার প্রতিরোধ ও দমন আইন, ২০১২ এবং শিশু আইন, ২০১৩ উল্লেখযোগ্য।

ডিজিটাল পরিসরে অপরাধ প্রতিরোধের ক্ষেত্রেও সাইবার সুরক্ষা আইন, ২০২৬ প্রাসঙ্গিক। আইনটি ২০২৬ সালের ১০ এপ্রিল ২০২৬ সনের ৮১ নং আইন হিসেবে প্রণীত হয়। পরবর্তী সময়ে ১ জুলাই ২০২৬ তারিখে সাইবার সুরক্ষা (সংশোধন) আইন, ২০২৬ (২০২৬ সনের ৯৯ নং আইন) প্রণীত হয়। ডিজিটাল পরিসরে নারীর নিরাপত্তা, ব্যক্তিগত গোপনীয়তা এবং প্রযুক্তিনির্ভর সহিংসতা মোকাবিলায় প্রাসঙ্গিক আইনি বিধানগুলোর কার্যকারিতা নিশ্চিত করা জরুরি।

তবে আইন প্রণয়নই শেষ কথা নয়। আইনের কার্যকর প্রয়োগ, অপরাধের নিরপেক্ষ তদন্ত, সাক্ষীর নিরাপত্তা, ভুক্তভোগীর সুরক্ষা এবং বিচারপ্রক্রিয়ার স্বচ্ছতা নিশ্চিত করাই বড় চ্যালেঞ্জ।
বিশেষ করে গ্রামীণ ও প্রান্তিক জনগোষ্ঠীর অনেক নারী আইনি সহায়তা, সরকারি সেবা এবং অভিযোগ জানানোর পদ্ধতি সম্পর্কে পর্যাপ্ত ধারণা রাখেন না। থানা, হাসপাতাল, আদালত, স্থানীয় প্রশাসন ও সামাজিক সেবাপ্রতিষ্ঠানের মধ্যে সমন্বয়ের ঘাটতিও তাঁদের প্রতিকার পাওয়ার পথ কঠিন করে তোলে।
এ অবস্থায় আইন প্রয়োগকারী সংস্থা, বিচার বিভাগ, প্রশাসন, স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান এবং স্থানীয় সরকারব্যবস্থার মধ্যে কার্যকর সমন্বয় প্রতিষ্ঠা জরুরি। একই সঙ্গে অভিযোগকারী ও সাক্ষীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে, যাতে ন্যায়বিচার চাইতে গিয়ে কেউ নতুন ঝুঁকির মুখে না পড়েন।

২০২৬ সালে বাংলাদেশে জাতীয় উদ্যোগ

২০২৬ সালের ২৫ নভেম্বর ঢাকায় ‘ন্যায়বিচার, সুরক্ষা ও দায়মুক্তির অবসানে আইনি কাঠামো শক্তিশালীকরণ’ বিষয়ে জাতীয় সংলাপের মধ্য দিয়ে বাংলাদেশে ১৬ দিনের আন্তর্জাতিক কর্মসূচির সূচনা হয়।
জাতিসংঘ বাংলাদেশ, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় এবং নারীর অগ্রগতি ও লিঙ্গসমতা বিষয়ক স্থানীয় পরামর্শক গোষ্ঠী (LCG WAGE) যৌথভাবে এ আয়োজন করে।
সংলাপে নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে আইনি কাঠামো শক্তিশালী করা, বিদ্যমান আইনের কার্যকর প্রয়োগ, ভুক্তভোগীকেন্দ্রিক সেবা, ডিজিটাল পরিসরে নিরাপত্তা এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের জবাবদিহির ওপর গুরুত্ব দেওয়া হয়।

আলোচনায় একটি গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে—শুধু আইন থাকলেই সহিংসতা বন্ধ হবে না। আইনের প্রয়োগ, প্রাতিষ্ঠানিক সক্ষমতা, পর্যাপ্ত অর্থায়ন এবং ভুক্তভোগীর প্রতি সংবেদনশীল আচরণ নিশ্চিত করতে হবে।
এটি বাংলাদেশের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। কারণ নারী নির্যাতন প্রতিরোধের ক্ষেত্রে রাষ্ট্রীয় উদ্যোগের পাশাপাশি স্থানীয় পর্যায়ে সামাজিক সচেতনতা ও প্রতিরোধব্যবস্থা শক্তিশালী করা প্রয়োজন।

১৬ দিনের কর্মসূচি: প্রতিদিনের করণীয় ও সামাজিক উদ্যোগ

জাতিসংঘের ১৬ দিনের আন্তর্জাতিক প্রচারণার নির্দিষ্ট সময়সীমা ও মূল প্রতিপাদ্য থাকলেও প্রতিদিনের জন্য কোনো বাধ্যতামূলক বৈশ্বিক পৃথক প্রতিপাদ্য নেই। দেশ ও সংগঠনগুলো নিজস্ব বাস্তবতা অনুযায়ী কর্মসূচি গ্রহণ করে। বাংলাদেশের প্রেক্ষাপটে এবারের প্রতিপাদ্যের সঙ্গে সামঞ্জস্য রেখে নিম্নোক্ত দিনভিত্তিক কর্মসূচি গ্রহণ করা যেতে পারে:

২৫ নভেম্বর—আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস: কর্মসূচির উদ্বোধন, মানববন্ধন, শোভাযাত্রা, আলোচনা সভা এবং নারী নির্যাতনবিরোধী সামাজিক অঙ্গীকার।

২৬ নভেম্বর—আইনি অধিকার ও সুরক্ষা: নারী ও শিশু সুরক্ষায় প্রচলিত আইন, অভিযোগ জানানোর পদ্ধতি এবং বিনা মূল্যে আইনি সহায়তার বিষয়ে প্রচারণা।

২৭ নভেম্বর—ন্যায়বিচার ও বিচারপ্রাপ্তি: থানা, আদালত, আইনজীবী ও প্রশাসনের ভূমিকা নিয়ে সংলাপ; বিচারপ্রক্রিয়ার বাধা চিহ্নিত করা।

২৮ নভেম্বর—ডিজিটাল সহিংসতা প্রতিরোধ: অনলাইন হয়রানি, সাইবার বুলিং, ব্ল্যাকমেইল ও ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা বিষয়ে সচেতনতা।

২৯ নভেম্বর—নারীর মর্যাদা ও মানবাধিকার: নারী অধিকারকর্মী, শিক্ষাবিদ ও নাগরিক সমাজের অংশগ্রহণে মানবাধিকারবিষয়ক আলোচনা।

৩০ নভেম্বর—পারিবারিক সহিংসতা প্রতিরোধ: দাম্পত্য নির্যাতন, যৌতুক, মানসিক নির্যাতন এবং পারিবারিক সহিংসতার বিরুদ্ধে সামাজিক প্রচারণা।

১ ডিসেম্বর—বিশ্ব এইডস দিবস: নারী ও কিশোরীদের স্বাস্থ্য অধিকার, নিরাপদ স্বাস্থ্যসেবা এবং এইচআইভি-সংক্রান্ত বৈষম্য দূরীকরণ।

২ ডিসেম্বর—মানবপাচার ও যৌন শোষণ প্রতিরোধ: প্রতারণামূলক কর্মসংস্থান, মানবপাচার এবং নারী ও শিশুর সুরক্ষায় সচেতনতামূলক কর্মসূচি।

৩ ডিসেম্বর—আন্তর্জাতিক প্রতিবন্ধী ব্যক্তি দিবস: প্রতিবন্ধী নারী ও কন্যাশিশুর নিরাপত্তা, প্রবেশগম্যতা ও সমান অধিকার প্রতিষ্ঠার উদ্যোগ।

৪ ডিসেম্বর—বাল্যবিবাহ ও শিশু নির্যাতন প্রতিরোধ: বিদ্যালয়, পরিবার ও স্থানীয় সমাজের অংশগ্রহণে সচেতনতা এবং প্রতিরোধমূলক কার্যক্রম।

৫ ডিসেম্বর—নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন: কর্মসংস্থান, সমমজুরি, সম্পত্তির অধিকার, উদ্যোক্তা উন্নয়ন ও আর্থিক স্বাধীনতা নিয়ে আলোচনা।

৬ ডিসেম্বর—কর্মক্ষেত্র ও শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপত্তা: যৌন হয়রানি প্রতিরোধ, অভিযোগ ব্যবস্থাপনা এবং নিরাপদ পরিবেশ নিশ্চিত করার উদ্যোগ।

৭ ডিসেম্বর—ভুক্তভোগীর সুরক্ষা ও পুনর্বাসন: চিকিৎসা, মানসিক স্বাস্থ্যসেবা, আইনি সহায়তা, নিরাপদ আশ্রয় ও সামাজিক পুনর্বাসন বিষয়ে সংলাপ।

৮ ডিসেম্বর—গণমাধ্যমের দায়িত্ব: ভুক্তভোগীর পরিচয় গোপন, দায়িত্বশীল সংবাদ পরিবেশন এবং নারী নির্যাতনবিরোধী জনমত গঠনে গণমাধ্যমের ভূমিকা।

৯ ডিসেম্বর—বেগম রোকেয়া দিবস: নারীশিক্ষা, জাগরণ, সমতা ও ক্ষমতায়নে বেগম রোকেয়ার অবদান স্মরণ এবং তাঁর চিন্তার আলোকে সামাজিক অঙ্গীকার।

১০ ডিসেম্বর—আন্তর্জাতিক মানবাধিকার দিবস: সমাপনী সংলাপ, ১৬ দিনের কর্মসূচির মূল্যায়ন, সুপারিশমালা ঘোষণা এবং নারী ও কন্যাশিশুর অধিকার প্রতিষ্ঠায় প্রাতিষ্ঠানিক অঙ্গীকার।

এই কর্মসূচির লক্ষ্য কেবল দিবসভিত্তিক আনুষ্ঠানিকতা নয়; বরং প্রতিদিনের আলোচনাকে স্থানীয় সমস্যা সমাধান, সেবাপ্রাপ্তি এবং প্রাতিষ্ঠানিক জবাবদিহির সঙ্গে যুক্ত করা।

গণমাধ্যম, শিক্ষা ও নাগরিক সমাজের ভূমিকা
নারী নির্যাতন প্রতিরোধে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনো সহিংসতার ঘটনা প্রকাশের সময় ভুক্তভোগীর পরিচয়, ছবি, ব্যক্তিগত তথ্য ও সামাজিক মর্যাদা রক্ষা করতে হবে। সংবাদ পরিবেশনে এমন ভাষা ব্যবহার করা উচিত নয়, যা ভুক্তভোগীকেই অপরাধের জন্য দায়ী করে।

অনুসন্ধানী সাংবাদিকতার মাধ্যমে অপরাধের পাশাপাশি তদন্তের অগ্রগতি, বিচারপ্রক্রিয়া, প্রশাসনিক নিষ্ক্রিয়তা এবং প্রাতিষ্ঠানিক জবাবদিহির বিষয়গুলো তুলে ধরতে হবে। একই সঙ্গে নারী অধিকার, ইতিবাচক উদ্যোগ ও সফল প্রতিরোধের ঘটনাও সংবাদে গুরুত্ব পাওয়া প্রয়োজন।

শিক্ষাপ্রতিষ্ঠানে শিশু-কিশোরদের মধ্যে পারস্পরিক সম্মান, সমতা, সম্মতি, ব্যক্তিগত সীমানা এবং নিরাপদ সম্পর্কের ধারণা গড়ে তুলতে হবে। পরিবারেও ছেলেমেয়েদের সমান মর্যাদা, সিদ্ধান্ত গ্রহণের অধিকার এবং সহিংসতামুক্ত আচরণের শিক্ষা নিশ্চিত করা জরুরি।
এক্ষেত্রে পুরুষ ও কিশোরদের সম্পৃক্ত করা বিশেষ প্রয়োজন। নারী নির্যাতন প্রতিরোধ নারীদের একক দায়িত্ব নয়; এটি গোটা সমাজের দায়িত্ব। সামাজিক মূল্যবোধের পরিবর্তন, বৈষম্যমূলক মানসিকতার অবসান এবং সহিংসতার বিরুদ্ধে সম্মিলিত অবস্থান ছাড়া স্থায়ী পরিবর্তন সম্ভব নয়।

প্রতীকী কর্মসূচি নয়, চাই পরিমাপযোগ্য পরিবর্তন

১৬ দিনের কর্মসূচি শেষে কতটি সভা, কতটি ব্যানার টাঙানো কিংবা কতটি শোভাযাত্রা অনুষ্ঠিত হলো—শুধু এসব দিয়ে সাফল্য নির্ধারণ করা যাবে না; দেখতে হবে, কতজন নারী আইনি সহায়তা পেলেন, কতগুলো প্রতিষ্ঠানে কার্যকর অভিযোগব্যবস্থা গড়ে উঠছে, ভুক্তভোগীদের সুরক্ষায় কী পদক্ষেপ নেওয়া হলো এবং অপরাধের তদন্ত ও বিচারপ্রক্রিয়ায় কতটুকু অগ্রগতি হয়েছে।

সরকারি প্রতিষ্ঠান ও বেসরকারি সংগঠনগুলোর উচিত কর্মসূচির শেষে অর্জন, সীমাবদ্ধতা ও ভবিষ্যৎ করণীয় নিয়ে মূল্যায়ন প্রতিবেদন প্রকাশ করা। পাশাপাশি বছরজুড়ে সচেতনতা, প্রতিরোধ ও সহায়তামূলক কার্যক্রম অব্যাহত রাখতে হবে।

উপসংহার: যে ভবিষ্যৎ নারীর প্রাপ্য

নারীর প্রতি সহিংসতা বন্ধের সংগ্রাম কোনো নির্দিষ্ট দিবস কিংবা ১৬ দিনের কর্মসূচিতে সীমাবদ্ধ থাকতে পারে না। এটি প্রতিদিনের সামাজিক দায়িত্ব, রাষ্ট্রীয় অঙ্গীকার এবং মানবিক মূল্যবোধের পরীক্ষা।
একজন নারী যখন নির্যাতনের শিকার হয়ে বিচার চাইতে গিয়ে অপমানিত হন, তখন শুধু তাঁর ব্যক্তিগত অধিকার ক্ষুণ্ন হয় না; রাষ্ট্রের ন্যায়বিচারের প্রতিশ্রুতিও প্রশ্নের মুখে পড়ে। অপরাধী যখন প্রভাব ও ক্ষমতার কারণে দায়মুক্তি পায়, তখন সমাজে অপরাধের বিরুদ্ধে প্রতিরোধ দুর্বল হয়ে যায়। আর ভুক্তভোগী যখন নিরাপদ আশ্রয়, চিকিৎসা কিংবা পুনর্বাসন থেকে বঞ্চিত হন, তখন তাঁর ক্ষত আরও গভীর হয়।
তাই এবারের ‘দ্য ফিউচার শি ডিজার্ভস’ কেবল একটি প্রচারণার শিরোনাম নয়; এটি ভবিষ্যৎ সমাজের কাছে নৈতিক ও রাজনৈতিক প্রত্যাশা। সেই ভবিষ্যৎ হতে হবে এমন, যেখানে নারী ভয় নয়, আত্মবিশ্বাস নিয়ে বাঁচবেন; নীরবতা নয়, নিজের মত প্রকাশের স্বাধীনতা পাবেন; বৈষম্য নয়, সমান মর্যাদা পাবেন এবং অন্যায়ের শিকার হলে ন্যায়বিচার পাবেন।

২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর—এই ১৬ দিন হোক প্রতিবাদ, সচেতনতা, সামাজিক সংহতি ও প্রাতিষ্ঠানিক পরিবর্তনের অঙ্গীকার। কিন্তু ১০ ডিসেম্বর কর্মসূচির সমাপ্তি ঘটলেও সহিংসতার বিরুদ্ধে সংগ্রাম থেমে যেতে পারে না।

নারীর নিরাপত্তা কোনো অনুগ্রহ নয়—অধিকার। ন্যায়বিচার কোনো দয়া নয়—রাষ্ট্রের দায়িত্ব; আর অপরাধীর দায়মুক্তি কোনোভাবেই সভ্য সমাজের গ্রহণযোগ্য সংস্কৃতি হতে পারে না।

স্বাধীন চৌধুরী: কবি, প্রাবন্ধিক ও সাংবাদিক।