, ,

লালমোহনে ইউএনও’র সাক্ষর জাল করে ভুয়া আদেশ তৈরী, নতুন বিদ্যালয় ভবনকে পুরাতন দেখিয়ে ভেঙ্গে নেয়ার তোড়জোর

নিউজটি শেয়ার করুন

ভোলার লালমোহনে উপজেলা নির্বাহী কর্মকর্তার সাক্ষর জাল করে অবৈধ আদেশ তৈরীর মাধ্যমে ৭৬ লাখ টাকা ব্যয়ে নির্মিত প্রাথমিক বিদ্যালয়ের দুই তলা ভবন ভেঙ্গে নেয়ার পায়তারা করছে প্রতারক চক্র। এ ঘটনায় তোলাপাড় শুরু হলেও টনক নড়ছে না প্রশাসনের।
জানা গেছে, লালমোহন উপজেলা ফরাজগঞ্জ ইউনিয়নের পেসকারহাট এলাকায় ২০১৮ সালে প্রায় ৭৬ লাখ ব্যয়ে ১৭৩ নং পুর্ব গাইমারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দুই তলা ভবন নির্মান করা হয়। এর পর ৬ বছরের মাথায় ২০২৪ সালে একই স্থানে প্রায় ৮ কোটি টাকা ব্যায়ে আরেকটি তিন তলা বভন নির্মান করা হয়। দুটি ভবনের আয়তন ও শ্রেণীকক্ষ অনুসারে পর্যাপ্ত শিক্ষার্থী নেই বিদ্যালয়টিতে। এই অবস্থায় ১৮ সালে ৭৬ লাখ টাকা ব্যায়ে নির্মান করা বিদ্যালয় ভবনটিকে জরাজীর্ণ ও পরিত্যাক্ত দেখিয়ে ভেঙ্গে নেয়ার অতৎপরতা চালায় প্রতারক চক্র। এক পর্যায়ে ভবনটি ভেঙ্গে নেয়ার উদ্যেশ্যে চক্রের সদস্যরা উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত বিন সাদেক এর সাক্ষর জাল করে গত ২২/৬/২০২৬ তারিখে একটি আদেশ তৈরী করে। যার স্মারক নং ৭৩৬। আদেশ অনুযায়ী ভুয়া টেন্ডাররে গ্রহীতা ও ঠিকাদার হিসেবে ফরাজগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি গিয়াস উদ্দিন বরাবর অনুলিপি প্রেরণ করা হয়। সম্প্রতি প্রতারক চক্র ভবনটি ভেঙ্গে নেয়ার প্রস্তুতি নিলে এলাকাবাসীর মধ্যে তোলপাড় শুরু হয়।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত বিন সাদেক জানান, আমি বিষয়টি অবগত হয়েিেছ এবং ওই সাক্ষর আমার নয়। কোনো এক চিঠি থেকে হয়ত আমার সাক্ষর সংগ্রহ করে তা স্ক্যান করে ভুয়া আদেশ তৈরী করেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেবেন বলেও জানান ইউএনও সিফাত বিন সাদেক।
এদিকে পুর্ব গাইমারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলাম বলেন, সম্প্রতি বদলী হওয়া উপজেলা শিক্ষা অফিসার শাহে আলম বিদ্যালয়টি পরিদর্শন করে ভবনটি সরিয়ে ফেলার জন্য আমার সাথে আলোচনা করেছিল। তবে টেন্ডার হয়েছে কিনা তার আমার জানা নেই। তবে এরই মধ্যে কতিপয় ব্যক্তি বিদ্যালয়টির স্টীলের রেলিং, দেড়লাখ টাকা মূল্যের সাবমার্সিবল টিউবওয়েল, ফার্ণিচার এবং বৈদ্যতিক মালামালসহ প্রায় ৫ লাখ টাকার মালামাল নিয়েছে। দিনের বেলায় বিদ্যালয় চললেও রাতে বেলায় অসামাজিক কর্মকান্ডের আসর জমায় ছিচকে সন্ত্রাসীরা। বিষয়টি কারো কাছে বলাও যায় না।
অপরদিকে ফরাজগঞ্জ ইউনিয়ন বিএনপি সভাপতি গিয়াস উদ্দিন বলেন, এ ধরনের কোনো ঘটনা তার জানা নেই। তা হলে কে করেছে এই ভবন ভাঙ্গার আদেশ সে বিষয়ে খোঁজ খবর নিয়ে প্রয়োজনে মামলা করা হবে বলেও জানান গিয়াস উদ্দিন।
এ দিকে বিভিন্ন সুত্রে জানা গেছে, উপজেলার আনিচল মিয়ারহাট এলাকার একটি চক্র সম্প্রতি লালমোহন উপজেলা শিক্ষা অফিসকে ম্যানেজ করে সম্প্রতি-৭-৮টি প্রাথমিক বিদ্যালয় ভবন ভেঙ্গে নিয়ে গেছে। যে সব ভবনগুলোর নির্মানসাল বেশি দূরের না।