, ,

সাত্তার গেটে বনের জমি দখলের তাণ্ডব: গাছ কেটে প্লট, বন বিভাগ নীরব

নিউজটি শেয়ার করুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলারপৌর ৭ নং ওয়ার্ডে সাত্তার গেট এলাকায় চলছে বনের জমি দখলের মহোৎসব। দিনের আলোতেই শত শত গাছ কেটে বনের জমি দখল করে প্লট বানিয়ে বিক্রি করা হচ্ছে। আর বন বিভাগ যেন চোখ বন্ধ করে ঘুমিয়ে আছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, সাত্তার গেটের ভেতরের দিকে একসময় যেখানে ঘন বন ছিল, সেখানে এখন ইটের বাউন্ডারি, টিনের ঘর আর সাইনবোর্ড – “প্লট বিক্রয় চলছে।” রাতের আঁধারে গাছ কেটে ফেলা হয়, সকালে গিয়ে দেখা যায় জমি সমান।

স্থানীয়রা জানান, প্রথমে প্রভাবশালী একটি চক্র বনের ভেতরে অল্প জায়গা দখল করে ঘর তোলে। তারপর আস্তে আস্তে চারপাশের জমি নিজের দাবি করে। জাল কাগজ বানিয়ে সাধারণ মানুষের কাছে প্লট হিসেবে বিক্রি করে দেয়। একেকটা প্লট বিক্রি হয় লাখ লাখ টাকায়।

স্থানীয় এক বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে বলেন, আমরা প্রতিবাদ করলে আমাদেরকে মামলার ভয় দেখায়। বলে, উপরে সব ম্যানেজ করা আছে। বন অফিসের লোকরাও আসে, দেখে চলে যায়, কিছুই করে না।

বনের গাছ কাটার কারণে এলাকায় গরম বেড়ে গেছে। বৃষ্টি কমে গেছে। আগে যেখানে পাখির ডাক শোনা যেত, এখন সেখানে শোনা যায় ট্রাক আর বুলডোজারের শব্দ। বনের পশুপাখি হারিয়ে যাচ্ছে।

এলাকাবাসীর অভিযোগ, বন বিভাগের কিছু অসাধু কর্মকর্তা এই দখলদার চক্রের সাথে জড়িত। অভিযান আসার আগেই দখলদারদের কাছে খবর চলে যায়। ফলে অভিযান হয় লোক দেখানো।

এক পরিবেশকর্মী বলেন, সাত্তার গেটের বন শেষ হয়ে গেলে কালিয়াকৈরে আর অক্সিজেন থাকবে না। এটা শুধু জমি দখল না, এটা ভবিষ্যৎ প্রজন্মকে হত্যা করা।

এলাকাবাসীর দাবি,
১. সাত্তার গেটে অবিলম্বে যৌথ উচ্ছেদ অভিযান চালাতে হবে
২. গাছ কাটা ও প্লট বিক্রির সাথে জড়িত চক্রকে গ্রেফতার করতে হবে
৩. দখল হওয়া বনের জমিতে আবার গাছ লাগাতে হবে
৪. বন বিভাগের যারা জড়িত, তাদের বিরুদ্ধে তদন্ত করতে হবে

সাত্তার গেটবাসীর এখন একটাই দাবি বন বাঁচাও, কালিয়াকৈর বাঁচাও।