গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পলাশতলী গ্রামে প্রকাশ্যে দিন-দুপুরে এক বাড়িতে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে।
এতে ৪টি ঘরসহ ঘরের সকল আসবাবপত্র ও গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে প্রায় ৪০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী পরিবার।
ঘটনাটি ঘটে গত ২০ নভেম্বর ২০২৬, দুপুর আনুমানিক ১টার দিকে।
ভুক্তভোগী মোঃ ফজলুল হক (৫৫) কালিয়াকৈর থানায় দায়ের করা এজাহারে উল্লেখ করেন, পূর্ব বিরোধের জেরে আর রশিদের নির্দেশে ১২ জনের একটি দল দেশীয় অস্ত্র, লাঠি-সোটা নিয়ে তার বাড়িতে ঢুকে পড়ে।
অভিযোগে বলা হয়, প্রথমে তারা বাড়িতে ভাঙচুর চালায়। পরে ঘরের ভেতর কেরোসিন ছিটিয়ে আগুন ধরিয়ে দেয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে ৪টি রুমসহ পুরো বাড়িতে। ঘরে থাকা আসবাবপত্র, নগদ টাকা, দলিলপত্রসহ সবকিছু পুড়ে ছাই হয়ে যায়।
বাদী অভিযোগ করেন, এ সময় তাকে ও তার ছেলে মোঃ সুমন খান (৩৩) কে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়।
স্থানীয়রা জানান, আগুন দেখে আশপাশের লোকজন ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করলেও ততক্ষণে সব শেষ হয়ে যায়। খবর পেয়ে বাদী মসজিদ থেকে বাড়ি ফিরে এসে পোড়া বাড়ি দেখতে পান।
এ ঘটনায় কালিয়াকৈর থানায় ১২ জনকে আসামি করে এজাহার দায়ের করা হয়েছে। আসামিরা হলেন – হারুনুর রশিদ পিতা অজ্ঞাত (৪২), আকাশ আলী সিকদার (৪৫), রাজিব সিকদার (৩২), হাবিবুর রহমান (৪২), মেহেদী (৩০), এনামত হোসেন (৩৫), ফরহাদ আহমেদ (৩৫), বাদল (৩৩), সোলাইমান সিকদার (৪০), আমির হোসেন (২৯), ফারহান বাদশা (৩০) ও মোঃ উজ্জ্বল (৩০)।আব্বাস সিকদার, আলম সহ আরো অনেকে।
এ বিষয়ে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, এজাহার পেয়েছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্তে প্রমাণ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। ভুক্তভোগী পরিবার আসামিদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।







