ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড ভালনারেবিলিটি স্টাডিজ ইনস্টিটিউটে শিক্ষক নিয়োগকে কেন্দ্র করে বিতর্ক তৈরি হয়েছে। নিয়োগের প্রাথমিক যাচাইয়ে অংশ নেওয়া দুই প্রার্থীকে ঘিরে গুরুতর অভিযোগ উঠেছে। তাদের একজনের বিরুদ্ধে সেমিস্টার ফাইনাল পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগ ছিল। পরে তিনি দায়মুক্তি পান। অন্যদিকে, আরেক প্রার্থীর বিরুদ্ধে আন্তর্জাতিক মানব পাচার চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে।
অভিযোগ অনুযায়ী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড ভালনারেবিলিটি স্টাডিজ ইনস্টিটিউটের অষ্টম ব্যাচের শিক্ষার্থী সপ্তর্ষি বিভার সেমিস্টার ফাইনাল পরীক্ষা চলাকালে একটি চিরকুটে লিখিত প্রশ্নের উত্তর পাওয়া যায়। পরীক্ষার প্রশ্নপত্রের সঙ্গে ওই চিরকুটে থাকা উত্তরের মিলও পাওয়া গিয়েছিল। এ সময় ইনস্টিটিউটের তৎকালীন পরিচালক ড. দিলারা জাহিদ, আরও দুই শিক্ষক এবং সংশ্লিষ্ট ব্যাচের ৫২ জন শিক্ষার্থী উপস্থিত ছিলেন। পরীক্ষার হলে অসদুপায় অবলম্বনের অভিযোগ-সংক্রান্ত প্রমাণপত্র বিশ্ববিদ্যালয় প্রশাসনে জমা দেওয়া হয়।
ঘটনার প্রায় এক মাস পর তৎকালীন পরিচালক ড. দিলারা জাহিদ শিক্ষা ছুটিতে দেশের বাইরে যান। এরপর তার স্থলাভিষিক্ত হয়ে ইনস্টিটিউটের নতুন পরিচালক হিসেবে দায়িত্ব নেন ড. মোঃ.মনিরুজ্জামান খান। অভিযোগ রয়েছে, নতুন পরিচালক ড. মো. মনিরুজ্জামান খানের শাস্তি মওকুফের সুপারিশ এবং তৎকালীন উপাচার্যের সরাসরি নির্দেশে শিক্ষার্থী সপ্তর্ষি বিভার শাস্তি মওকুফ করা হয়।
পরবর্তী সময়ে সাবেক পরিচালক ড. দিলারা জাহিদ নকলের অভিযোগে অভিযুক্ত ওই শিক্ষার্থীর দায়মুক্তি এবং প্রভাষক পদে আবেদন করার বিষয়টি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে পুনঃতদন্তের আবেদন করেন। একই সঙ্গে কোন ভিত্তিতে সপ্তর্ষি বিভাকে দায়মুক্তি দেওয়া হয়েছিল, তা খতিয়ে দেখারও দাবি জানান তিনি।
এদিকে, গত ১৪ জুন ইনস্টিটিউটের সি অ্যান্ড ডি সভায় আপত্তি থাকা সত্ত্বেও পরিচালক ড. মো. মনিরুজ্জামান খানের ইচ্ছায় ওই শিক্ষার্থীর প্রাথমিক যাচাইয়ের আবেদন বৈধ করা হয় বলে অভিযোগ উঠেছে। তিনি ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের শিক্ষামন্ত্রী দীপু মনির কাছের লোক ছিলেন বলে চাউর রয়েছে।
এ বিষয়ে সাবেক পরিচালক ড. দিলারা জাহিদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “শাস্তির বদলে কোন প্রক্রিয়ায় ওই শিক্ষার্থীদের দণ্ড মওকুফ করা হয়েছে সেই বিষয়ে ব্যাখ্যা আমাদের জানা দরকার। কেউ অন্যায় করলে তো তার শাস্তি পাওয়ার কথা।”
অন্যদিকে, শিক্ষক নিয়োগের আরেক প্রার্থী ইনস্টিটিউটের সপ্তম ব্যাচের শিক্ষার্থী মো. আসিব হোসেনের বিরুদ্ধে আন্তর্জাতিক মানবপাচার চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, মানব পাচারের সঙ্গে তার সম্পৃক্ততার বিষয়ে মাদারীপুর, কিশোরগঞ্জ ও মাগুরা জেলা এবং পুলিশ সদর দপ্তরে অভিযোগ জমা রয়েছে। এসব অভিযোগের তদন্ত ও মামলাসংক্রান্ত কার্যক্রম চলমান রয়েছে বলে জানা গেছে। ওই সব অভিযোগে অর্থ আত্মসাৎ ও লিবিয়ায় কর্মী পাঠানোর নামে নির্যাতনের অভিযোগ রয়েছে।
তবে এ সব অভিযোগ অস্বীকার করেছেন মো. আসিব হোসেন। তিনি বলেন, “কেউ হয়ত শত্রুতাবশত আমার বিরুদ্ধে মানবপাচারের অভিযোগ এনেছে। এ সব অভিযোগের সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই।”
নিয়োগপ্রক্রিয়া নিয়ে ওঠা এসব অভিযোগের বিষয়ে শিক্ষক নিয়োগ কমিটির সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (শিক্ষা) ড. আব্দুস সালামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়। তিনি সরকারি একটি অনুষ্ঠানে ব্যস্ত থাকায় তাৎক্ষণিকভাবে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। তবে নাম প্রকাশে অনিচ্ছুক নিয়োগ কমিটির এক সদস্য বলেন, “আমরা চাই, যোগ্য প্রার্থী শিক্ষক হিসেবে নিয়োগ যেন পায়। আশা করি সেটিই হবে।”
গত ১৩ এপ্রিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড ভালনারেবিলিটি স্টাডিজ ইনস্টিটিউটে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হয়। এতে ছয়জন চাকরিপ্রার্থী আবেদন করেছেন। এর মধ্যে বিতর্কিত দুই প্রার্থী রয়েছেন।







