নাটোরের লালপুর উপজেলার গোপালপুর পৌরসভার রাজনীতিতে পরিচিত মুখ আলহাজ্ব জিল্লুর রহমান। বিএনপির রাজনীতির সঙ্গে দীর্ঘদিন সম্পৃক্ত থাকার পাশাপাশি মানবাধিকার, সামাজিক কর্মকাণ্ড ও জনসেবায় ভূমিকা রেখে স্থানীয় পর্যায়ে নিজের পরিচিতি গড়ে তুলেছেন তিনি। আসন্ন গোপালপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপির সমর্থন নিয়ে অংশগ্রহণের প্রত্যাশা ব্যক্ত করেছেন তিনি।
প্রয়াত সাবেক প্রতিমন্ত্রী ও বিএনপির বর্ষীয়ান জননেতা ফজলুর রহমান পটলের রাজনৈতিক অনুসারী হিসেবে পরিচিত আলহাজ্ব জিল্লুর রহমান গোপালপুর পৌর বিএনপির সাবেক সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। তাঁর রাজনৈতিক জীবনের পাশাপাশি মানবিক ও সামাজিক কর্মকাণ্ডও স্থানীয় পর্যায়ে আলোচনায় এসেছে।
আলহাজ্ব জিল্লুর রহমানের জন্ম ১০ জুন ১৯৬৩ সালে। তাঁর পিতার নাম আলহাজ্ব শুকচান প্রাং এবং মাতার নাম হাফিজা বেগম। তাঁর স্থায়ী ও বর্তমান ঠিকানা নাটোর জেলার লালপুর উপজেলার গোপালপুর পৌরসভার বিরোপাড়া গ্রামে।
শিক্ষাজীবনে তিনি বিজ্ঞান বিভাগে পড়াশোনা করেছেন। আলহাজ্ব জিল্লুর রহমানের রাজনৈতিক জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায় গোপালপুর পৌর বিএনপির সাংগঠনিক দায়িত্ব পালন। প্রয়াত সাবেক প্রতিমন্ত্রী ফজলুর রহমান পটলের রাজনৈতিক অনুসারী হিসেবে তিনি স্থানীয় বিএনপির রাজনীতিতে সম্পৃক্ত ছিলেন। পটলের রাজনৈতিক স্মৃতি ও আদর্শের সঙ্গে নিজের রাজনৈতিক সম্পর্ক বজায় রেখে বিভিন্ন দলীয় কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন।
বিএনপির রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে গিয়ে আওয়ামী লীগ সরকারের আমলে বিরূপ পরিস্থিতির মুখোমুখি হওয়ার অভিজ্ঞতা হয় তার। একাধিকবার তিনি কারাগারে যান এবং ফ্যাসিবাদ আওয়ামী লীগের একাধিক মামলার এজাহারভুক্ত আসামিও ছিলেন তিনি।
২০২২ সালের ৬ সেপ্টেম্বর লালপুরের গৌরীপুরে বিএনপির কর্মসূচিকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটে। ওই ঘটনায় পুলিশ লাঠিচার্জ ও টিয়ারশেল নিক্ষেপে জিল্লুর রহমান আহত হয়েছিল। দীর্ঘদিন চিকিৎসার পরে সুস্থ হয়ে আবারও আন্দোলনে অংশগ্রহণ করেন।
তিনি গোপালপুর পৌর বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ দায়িত্বের মাধ্যমে স্থানীয় পর্যায়ে মানবাধিকার সচেতনতা, মানুষের অধিকার রক্ষা এবং সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকার পরিচয় পাওয়া যায়।
এ ছাড়া তিনি শেরে বাংলা এ কে ফজলুল হক স্মৃতি ফাউন্ডেশনের সভাপতির দায়িত্ব পালন করছেন। এই সংগঠনের মাধ্যমে শেরে বাংলা এ কে ফজলুল হকের জীবন, কর্ম, আদর্শ ও জনকল্যাণমূলক দর্শনকে স্মরণ ও প্রচারের সঙ্গে তাঁর সাংগঠনিক সম্পৃক্ততা রয়েছে।
করোনাভাইরাস মহামারির কঠিন সময়ে গোপালপুর পৌর এলাকার মানুষের পাশে দাঁড়িয়েছিলেন আলহাজ্ব জিল্লুর রহমান বলে তাঁর পক্ষ থেকে জানানো হয়েছে।
সে সময় সাধারণ মানুষের জীবন-জীবিকা, চিকিৎসা, খাদ্যসংকট ও সামাজিক নিরাপত্তা নিয়ে নানা উদ্বেগ তৈরি হয়েছিল। এমন পরিস্থিতিতে স্থানীয় মানুষের পাশে দাঁড়ানোর উদ্যোগ তাঁর সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের একটি উল্লেখযোগ্য অধ্যায়।
মানবিক ও সামাজিক কর্মকাণ্ডের স্বীকৃতিস্বরূপ ৭১ মিডিয়া ভিশন থেকে আলহাজ্ব জিল্লুর রহমানকে ‘মানবতার ফেরিওয়ালা’ স্মারক সম্মাননা প্রদান করা হয়েছে বলে জানা গেছে।
এই সম্মাননা তাঁর মানবিক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে তিনি গ্রহণ করেছেন। রাজনীতির পাশাপাশি সমাজসেবামূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার বিষয়টি তাঁর ব্যক্তিগত পরিচয়ের আরেকটি দিক।
আসন্ন গোপালপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে বিএনপির সমর্থন নিয়ে অংশগ্রহণ করতে চান আলহাজ্ব জিল্লুর রহমান। স্থানীয় রাজনীতিতে দীর্ঘদিনের সম্পৃক্ততা, পৌর বিএনপির সাবেক সদস্য সচিব হিসেবে সাংগঠনিক দায়িত্ব পালন এবং মানবাধিকার ও সামাজিক কর্মকাণ্ডের অভিজ্ঞতাকে সামনে রেখে তিনি মেয়র পদে নিজের আগ্রহ প্রকাশ করেছেন।
গোপালপুর পৌরসভার নাগরিকদের জীবনমান উন্নয়ন, নাগরিক সুযোগ-সুবিধা বৃদ্ধি, পরিচ্ছন্ন ও পরিকল্পিত পৌরসভা গঠন, জলাবদ্ধতা নিরসন, রাস্তাঘাটের উন্নয়ন, সুপেয় পানি, ড্রেনেজ ব্যবস্থা, শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং সামাজিক নিরাপত্তার মতো বিষয়গুলো একটি পৌর প্রশাসনের গুরুত্বপূর্ণ দায়িত্ব।
মেয়র পদে দায়িত্ব পালনের সুযোগ পেলে এসব নাগরিক সমস্যা ও উন্নয়নমূলক বিষয়কে গুরুত্ব দেওয়ার প্রত্যাশা তাঁর রাজনৈতিক আগ্রহের সঙ্গে যুক্ত। এলাকার সব শ্রেণী পেশার মানুষকে সাথে নিয়ে তিনি নির্বাচনের আগেই গোপালপুর নাগরিক কমিটি গঠন করবেন। যে কমিটির মাধ্যমে প্রতিটি ওয়ার্ডে সমস্যা তুলে এনে সমাধাণের জন্য কাজ করবেন।
রাজনীতি, মানবাধিকার ও সামাজিক কর্মকাণ্ডের অভিজ্ঞতাকে সামনে রেখে তিনি গোপালপুর পৌরসভার নাগরিক জীবনের সঙ্গে আরও নিবিড়ভাবে সম্পৃক্ত হতে আগ্রহী। তিনি বিশ্বাস করেন তার রাজনৈতিক দীর্ঘ জীবনে যে ত্যাগ ও সংগ্রাম রয়েছে বিএনপির চেয়ারম্যান ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী যদি এলাকায় জরিপ করে তাহলে তার বিএনপির পক্ষ থেকে প্রার্থী হওয়ার নিশ্চয়তা এলকার জনগণই দেবে।







