, ,

আগাম বন্যার প্রস্তুতি: হাওরাঞ্চলের ৭ জেলায় ১ হাজার ৬০০ প্রদর্শনী প্লটে ব্রি ধান-১১৮-এর বীজতলা তৈরি

নিউজটি শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক: হাওরাঞ্চলের আগাম বন্যার ঝুঁকি মোকাবিলা ও বোরো ধানের ফসল সুরক্ষায় দেশের ৭টি জেলায় ১ হাজার ৬০০টি প্রদর্শনী প্লটে আগাম জাতের ব্রি ধান-১১৮-এর বীজতলা তৈরি করা হয়েছে।

চলতি মৌসুমে এসব প্রদর্শনী বীজতলার চারা হাওরাঞ্চলের কৃষকরা রোপণ করতে পারবেন। প্রাথমিকভাবে ১ হাজার ৬০০টি প্রদর্শনী বীজতলার জন্য ৩০ মেট্রিক টন বীজ সরবরাহ করা হয়েছে।

কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) হাওরাঞ্চলে আকস্মিক আগাম বন্যায় আধাপাকা থেকে পাকা ধান ডুবে নষ্ট হওয়ার ঝুঁকি কমাতে ব্রি ধান-১১৮ জাতটি উদ্ভাবন করেছে। জাতটির বিশেষ বৈশিষ্ট্য হলো, প্রচলিত বিভিন্ন জাতের তুলনায় এ জাতের ধান ৭-১০ দিন আগে বপন ও কর্তন করা যায়। এটি প্রজনন পর্যায়ে ঠান্ডা সহনশীল এবং হাওরাঞ্চলের পরিবেশের জন্য উপযোগী।

জাতটি ২৫ অক্টোবর থেকে ১ নভেম্বরের মধ্যে আগাম বপন করলে প্রজনন পর্যায়ে গড় তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকলেও হেক্টরপ্রতি প্রায় ৬ টন ফলন দিতে সক্ষম। অন্যদিকে, স্বাভাবিক সময়ে (১৫-২০ নভেম্বর) বপন করে পরীক্ষামূলকভাবে ১৪৫ দিনে হেক্টর প্রতি ৬.৯ টন পর্যন্ত ফলন পাওয়া গেছে।

ব্রি ধান-১১৮-এর গড় ফলন হেক্টরপ্রতি ৬.৭৭ টন। উপযুক্ত পরিবেশে সঠিক ব্যবস্থাপনা নিশ্চিত করা গেলে এ জাত থেকে হেক্টরপ্রতি সর্বোচ্চ ৮.৫ টন পর্যন্ত ফলন পাওয়া সম্ভব। জাতটির জীবনকাল ১৪৫-১৪৮ দিন। তবে শীতের তীব্রতা অনুযায়ী জীবনকাল ১৫০-১৫৭ দিন পর্যন্ত হতে পারে।

জাতটির গাছ শক্ত ও মজবুত হওয়ায় সহজে হেলে পড়ে না। ধান পাকার সময়ও ডিগ পাতা সবুজ থাকে। এছাড়া প্রচলিত জাতের তুলনায় রোগবালাই ও পোকামাকড়ের আক্রমণ তুলনামূলক কম হয়। ব্রি’র ফলন পরীক্ষায় ১০টি অঞ্চলে জাতটি ব্রি ধান-২৮-এর তুলনায় প্রায় ২২.৮৩ শতাংশ বেশি ফলন দিয়েছে।

জাতটির আগাম বপন ও উপযোগী ব্যবস্থাপনার মাধ্যমে হাওরাঞ্চলে আগাম বন্যার ঝুঁকি কমিয়ে ধানের উৎপাদন সুরক্ষা এবং কৃষকের ফসলহানি কমানো সম্ভব হবে বলে আশা করা হচ্ছে ।