স্মৃতিচারণ, গুণীজন সম্মাননা, আলোচনা ও সংগীতানুষ্ঠানের আয়োজন
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের লোকসংগীত ও আধ্যাত্মিক সংগীতের অনন্য কণ্ঠশিল্পী, গীতিকার ও বংশীবাদক বারী সিদ্দিকীর ৭২তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানীতে বর্ণাঢ্য স্মরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আগামী ১৮ নভেম্বর (বুধবার) বিকেল ৫টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির সংগীত ও নৃত্যকলা মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করবে বারী সিদ্দিকী স্মৃতি পরিষদ।
অনুষ্ঠানে প্রয়াত এই শিল্পীর জীবন, কর্ম, সংগীতসাধনা এবং বাংলা লোকসংগীতে তাঁর অসামান্য অবদান নিয়ে স্মৃতিচারণ, আলোচনা ও গুণীজন সম্মাননা প্রদান করা হবে। পাশাপাশি দেশের জনপ্রিয় শিল্পীদের অংশগ্রহণে থাকবে বিশেষ সংগীতানুষ্ঠান।
১৯৫৪ সালের ১৫ নভেম্বর নেত্রকোনার এক সংগীতজ্ঞ পরিবারে জন্মগ্রহণ করেন বারী সিদ্দিকী। শৈশব থেকেই সংগীত ও বাঁশির প্রতি তাঁর গভীর অনুরাগ গড়ে ওঠে। পরবর্তী সময়ে নিজস্ব গায়কী, দরদভরা কণ্ঠ এবং অসাধারণ বাঁশিবাদনের মাধ্যমে তিনি বাংলা সংগীতাঙ্গনে স্বতন্ত্র অবস্থান তৈরি করেন।
গ্রামীণ লোকসংগীত, বাউল ও আধ্যাত্মিক ধারার গানে তাঁর পরিবেশনা শ্রোতাদের হৃদয়ে বিশেষ জায়গা করে নেয়। ‘শুয়া চান পাখি’, ‘আমার গায়ে যত দুঃখ সয়’ এবং ‘আমি একটা জিন্দা লাশ’সহ তাঁর জনপ্রিয় গানগুলো আজও সংগীতপ্রেমীদের কাছে সমানভাবে সমাদৃত। ২০১৭ সালের ২৪ নভেম্বর তিনি মৃত্যুবরণ করেন। তবে তাঁর গান ও সুরের আবেদন এখনো অমলিন।
আয়োজকদের তথ্যমতে, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ামের। অনুষ্ঠানের উদ্বোধন করবেন বিশিষ্ট সমাজসেবক ও সংগীতানুরাগী প্রকৌশলী মনিরুজ্জামান খান।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন দৈনিক বাংলাদেশ সমাচারের সম্পাদক ও প্রকাশক ড. খান আসাদুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে থাকবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির গবেষণা, প্রকাশনা ও নিউমিডিয়া বিভাগের পরিচালক সাইফুর রহমান (খোকন মাহমুদ), আইকনিক অ্যাসেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. জুলহাস খান (সজীব), গ্রিন হার্টের চেয়ারম্যান মো. সোহাগ হোসাইন, ব্যবসায়ী ও সংগীতপ্রেমী মো. মফিজুল ইসলাম, বাউল শফি মণ্ডল, সমাজসেবক ও ব্যবসায়ী জ্যাকসন ফারুক এবং বিশিষ্ট গীতিকবি দেলোয়ার আরজুদা শরফ ও শহীদুল্লাহ ফরায়জী।
অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ হিসেবে উপস্থিত থাকবেন সুপার হিরো ডি.এ. তায়েব। এতে সভাপতিত্ব করবেন বারী সিদ্দিকী স্মৃতি পরিষদের প্রধান পৃষ্ঠপোষক ও ফিরোজ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ফিরোজ হায়দার খান।
সংগীতানুষ্ঠানে অংশ নেবেন বাউল শফি মণ্ডল, শাহনাজ বেলী, আলম আরা মিনু, আশরাফ উদাস, পথিক নবী, সৈয়দ আশিকুর রহমান (আশিক), ইয়াছমিন সুলতানা লায়লা, নোলক বাবু, সালমা, বিউটি, রাজীব, পারভেজ খান, লিটা সরকার, নিশি শ্রাবণী, সুমাইরা সঙ্গী, মুনিয়া মুন, জুয়েল সরকার ও প্রিন্স আলমগীরসহ দেশের আরও কয়েকজন জনপ্রিয় সংগীতশিল্পী।
আয়োজকদের প্রত্যাশা, এ আয়োজনের মধ্য দিয়ে নতুন প্রজন্মের কাছে বারী সিদ্দিকীর সংগীতজীবন, সৃষ্টিকর্ম ও সাংস্কৃতিক অবদান নতুনভাবে তুলে ধরা সম্ভব হবে। একই সঙ্গে তাঁর গান ও সুরের ঐতিহ্য সংরক্ষণ এবং বাংলা লোকসংগীতের সমৃদ্ধ ধারাকে এগিয়ে নিতে এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।







