নক্স ব্র্যান্ডের আধুনিক ইনভার্টার, লিথিয়াম ব্যাটারি ও সোলার প্রযুক্তি নিয়ে গ্রাহকদের আস্থা অর্জনে কাজ করছে প্রতিষ্ঠানটি
দেশের নবায়নযোগ্য জ্বালানি খাতের সম্প্রসারণ এবং সৌরবিদ্যুৎ প্রযুক্তির ব্যবহার বাড়াতে রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সিটি (আইসিসিবি)-তে অনুষ্ঠিত সেমস গ্লোবাল আয়োজিত ৩১ তম ‘বিল্ড সিরিজ এক্সিবিশন এক্সপো ২০২৬’-এ অংশগ্রহণ করেছে সোলার পণ্য আমদানিকারক ও পরিবেশক প্রতিষ্ঠান স্কাইজোন ইন্টারন্যাশনাল (Skyzone International)। মেলায় প্রতিষ্ঠানটির আধুনিক প্রযুক্তির সোলার পণ্য ও সেবায় দর্শনার্থী এবং সম্ভাব্য গ্রাহকদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা গেছে।
চট্টগ্রাম ভিত্তিক প্রতিষ্ঠান স্কাইজোন ইন্টারন্যাশনাল বর্তমানে সারা দেশে তাদের ব্যবসায়িক কার্যক্রম ও বিতরণ নেটওয়ার্ক সম্প্রসারণ করছে।
শনিবার ১৪ নভেম্বর ২০২৬ মেলায় প্রতিষ্ঠানটির স্টলে কথা হয় স্কাইজোন ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শরীফের সঙ্গে।
সাক্ষাৎকারে মোহাম্মদ শরীফ বলেন, স্কাইজোন ইন্টারন্যাশনাল মূলত চীনের স্বনামধন্য নক্স (Nox) ব্র্যান্ডের সোলার পণ্য নিয়ে কাজ করছে। প্রতিষ্ঠানটি বাংলাদেশে এই ব্র্যান্ডের প্রধান আমদানিকারক হিসেবে পণ্য আমদানি এবং সারা দেশে পরিবেশক হিসেবে সরবরাহ কার্যক্রম পরিচালনা করছে। পাশাপাশি দেশের বিভিন্ন অঞ্চলে নতুন ডিলার নিয়োগের কার্যক্রমও চলমান রয়েছে।
তিনি জানান, মেলায় প্রতিষ্ঠানটির পক্ষ থেকে অন-গ্রিড ইনভার্টার, অফ-গ্রিড ইনভার্টার, হাইব্রিড ইনভার্টার, লিথিয়াম ব্যাটারি ও ভিএফডি (VFD) প্রদর্শন করা হচ্ছে। এছাড়া সৌরবিদ্যুৎচালিত স্ট্রিট লাইটসহ বিভিন্ন ধরনের সোলার পণ্য ও প্রযুক্তি নিয়ে কাজ করছে প্রতিষ্ঠানটি।
মধ্যবিত্ত ও সাধারণ গ্রাহকদের জন্য সোলার সিস্টেমের ব্যয়ভার সহজ করার বিষয়ে তিনি বলেন, আগে অনেকের কাছে সোলার সিস্টেম স্থাপন ব্যয়বহুল মনে হলেও বর্তমানে গ্রাহকদের সামর্থ্য অনুযায়ী বিভিন্ন বাজেটের প্যাকেজ রয়েছে তাদের। ছোট পরিবারের জন্য ১.৫ কিলোওয়াট থেকে শুরু করে ২.৫, ৩.৫, ৪.২, ৬, ৮.৫ এবং ১১ কিলোওয়াট পর্যন্ত বিভিন্ন সক্ষমতার প্যাকেজ সরবরাহ করা হচ্ছে। গ্রাহকের বিদ্যুতের চাহিদা, ব্যবহৃত যন্ত্রপাতি ও লোড ক্যালকুলেশন বিবেচনা করে উপযুক্ত প্যাকেজ নির্ধারণ এবং সে অনুযায়ী কোটেশন দেওয়া হয়। এতে গ্রাহক তাঁর প্রয়োজন ও সামর্থ্য অনুযায়ী সঠিক সোলার সিস্টেম বেছে নিতে পারেন।
প্রতিষ্ঠানটির কার্যক্রম সম্পর্কে মোহাম্মদ শরীফ আরও জানান, আবাসিক, বাণিজ্যিক ও শিল্প—এই তিন খাতেই তারা সোলার প্রকল্প বাস্তবায়ন করছে। বর্তমানে ওয়াসার সঙ্গে ৫০ কিলোওয়াট সক্ষমতার একটি বড় প্রকল্পের কাজ চলমান রয়েছে। এছাড়া কুমিল্লায় একটি মাদ্রাসা, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মকর্তাদের বাসাবাড়ি এবং ফাইজা গার্ডেনসহ বিভিন্ন স্থানে সোলার সিস্টেম স্থাপন করেছে প্রতিষ্ঠানটি। দেশের বিভিন্ন এলাকায় ছোট-বড় আবাসিক ও বাণিজ্যিক প্রকল্পেও তাদের কার্যক্রম অব্যাহত রয়েছে।
২০২৬ সালে চলমান প্রকল্পের বিষয়ে তিনি বলেন, চট্টগ্রামের পটিয়ার হল টুডে ২০ কিলোওয়াট ও ১২ কিলোওয়াট সক্ষমতার দুটি প্রকল্পের কাজ চলছে। এর মধ্যে একটি স্থাপনার কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে এবং অন্যটির ইনস্টলেশন কার্যক্রম চলমান রয়েছে।
গ্রাহকসেবার বিষয়ে তিনি বলেন, সোলার সিস্টেম স্থাপনের পাশাপাশি ইনস্টলেশন ও বিক্রয়োত্তর সেবা নিশ্চিত করাকে তারা বিশেষ গুরুত্ব দেন। এ জন্য প্রতিষ্ঠানের রয়েছে দক্ষ ও অভিজ্ঞ টেকনিক্যাল টিম। গ্রাহকদের প্রয়োজন অনুযায়ী সারা দেশে ২৪ ঘণ্টা সেবা দেওয়ার ব্যবস্থা রয়েছে। ইনস্টলেশন থেকে শুরু করে পরবর্তী কারিগরি সহায়তাও প্রতিষ্ঠানটির নিজস্ব টিমের মাধ্যমে প্রদান করা হয়।
স্কাইজোন ইন্টারন্যাশনালের যাত্রা সম্পর্কে মোহাম্মদ শরীফ জানান, প্রতিষ্ঠানটি প্রায় এক বছর ধরে সোলার এনার্জি খাতে কাজ করছে। তবে এর আগে থেকেই তাদের ফায়ার সেফটি খাতে ব্যবসায়িক অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে সোলার প্যানেলের মাধ্যমে পরিচালিত সড়কবাতি ও বাসাবাড়িতে ব্যবহৃত সৌরবিদ্যুৎচালিত লাইট নিয়েও কাজ সম্প্রসারণ করছে প্রতিষ্ঠানটি।
তিনি আরও বলেন, সরকারের নবায়নযোগ্য জ্বালানি ও সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ানোর উদ্যোগকে সামনে রেখে স্কাইজোন ইন্টারন্যাশনাল কাজ করে যাচ্ছে। দেশের মানুষের কাছে সাশ্রয়ী ও আধুনিক সৌরবিদ্যুৎ প্রযুক্তি পৌঁছে দেওয়াই তাদের অন্যতম লক্ষ্য।
উল্লেখ্য, স্কাইজোন ইন্টারন্যাশনাল বর্তমানে সারা দেশে ডিলার নিয়োগের মাধ্যমে তাদের ব্যবসায়িক নেটওয়ার্ক সম্প্রসারণ করছে। আধুনিক প্রযুক্তির সোলার পণ্য, সাশ্রয়ী প্যাকেজ এবং সার্বক্ষণিক কারিগরি সেবার সমন্বয়ে দেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করতে কাজ করছে প্রতিষ্ঠানটি।







