, ,

জাপান-বাংলাদেশ সাংস্কৃতিক বন্ধন সুদৃঢ় করতে ঢাকায় প্রদর্শনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

নিউজটি শেয়ার করুন

 

জাপানি ভাষা, শিল্পকলা ও ঐতিহ্য তুলে ধরবেন ৫৪ শিক্ষার্থী ও শিক্ষক; অংশ নেবেন জাপানের প্রতিনিধিরা

বাংলাদেশ ও জাপানের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, পারস্পরিক বোঝাপড়া এবং সাংস্কৃতিক বিনিময়কে আরও সুদৃঢ় করার লক্ষ্যে ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘জাপান-বাংলাদেশ সাংস্কৃতিক বিনিময় প্রদর্শনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান’।

প্রোসার্চ জাপানিজ ল্যাঙ্গুয়েজ সেন্টারের উদ্যোগে এবং জাপানের Japan International Friendship Association (JIFA) ও PMC Co., Ltd.-এর সহযোগিতায় মঙ্গলবার (১০ নভেম্বর) রাজধানীর হোটেল আমারি ঢাকায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চলবে এ আয়োজন।

অনুষ্ঠানের মূল লক্ষ্য বাংলাদেশি শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে জাপানি ভাষা, সংস্কৃতি, শিল্পকলা ও ঐতিহ্য সম্পর্কে আগ্রহ ও সচেতনতা বৃদ্ধি করা। একই সঙ্গে দুই দেশের মানুষের মধ্যে সাংস্কৃতিক যোগাযোগ, বন্ধুত্ব ও পারস্পরিক সহযোগিতার ক্ষেত্র সম্প্রসারণ করাও এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।

প্রদর্শনীতে প্রোসার্চ জাপানিজ ল্যাঙ্গুয়েজ সেন্টারের শিক্ষার্থী ও শিক্ষকদের তৈরি জাপানি ক্যালিগ্রাফি, চিত্রকর্ম, অরিগামি এবং বিভিন্ন ধরনের হস্তশিল্প স্থান পাবে। আয়োজকদের তথ্য অনুযায়ী, এবারের আয়োজনে মোট ৫৪ জন শিক্ষার্থী ও শিক্ষক তাঁদের সৃজনশীল শিল্পকর্ম জমা দিয়েছেন। তাঁদের মেধা, সৃজনশীলতা ও প্রচেষ্টার স্বীকৃতিস্বরূপ বিভিন্ন বিভাগে পুরস্কার ও সম্মাননা প্রদান করা হবে।

অনুষ্ঠানে জাপান থেকে Japan International Friendship Association (JIFA)-এর চেয়ারম্যান জনাব তাকুরা, প্রেসিডেন্ট জনাব ইকেদা এবং PMC Co., Ltd.-এর প্রতিনিধি জনাব সাকাই উপস্থিত থাকার কথা রয়েছে। এ ছাড়া বিভিন্ন পর্যায়ের আমন্ত্রিত অতিথি, শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গসহ আনুমানিক ১০০ জন অংশগ্রহণ করবেন।

আয়োজকদের প্রত্যাশা, এ ধরনের সাংস্কৃতিক আয়োজন বাংলাদেশের তরুণ প্রজন্মের মধ্যে জাপানি ভাষা ও সংস্কৃতি সম্পর্কে আগ্রহ বাড়ানোর পাশাপাশি দুই দেশের মধ্যে শিক্ষা, সংস্কৃতি ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।