, ,

নারায়ণগঞ্জে মাদক ব্যবসার প্রতিবাদ করায় পুলিশ সদস্যের ওপর হামলা, হাত-পা ভেঙে পায়ের রগ কাটার অভিযোগ

নিউজটি শেয়ার করুন

নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদক ব্যবসার প্রতিবাদ করায় আবুল কালাম (৩৫) নামে এক পুলিশ সদস্যকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে।

হামলাকারীরা তাঁর হাত-পা ভেঙে ডান পায়ের রগ কেটে দিয়েছে বলে অভিযোগ করেছেন পরিবারের সদস্যরা।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাতে রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার উত্তর মাসাবো এলাকায় এ ঘটনা ঘটে। আহত আবুল কালাম আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্য। ছুটিতে গ্রামের বাড়িতে এসে তিনি এ হামলার শিকার হন।

পরিবার সূত্রে জানা যায়, আবুল কালাম দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার বিরুদ্ধে প্রতিবাদ করে আসছিলেন। গত মাসে মাসাবো এলাকার দুই মাদক কারবারিকে পুলিশে ধরিয়ে দিতে সহযোগিতা করেন তিনি। এরপর থেকেই তাঁকে বিভিন্ন ধরনের হুমকি দিয়ে আসছিলেন মাদক কারবারিরা।

পরিবারের অভিযোগ, বৃহস্পতিবার রাতে বাড়িতে গেলে শাহজালাল নামে এক ব্যক্তি তাঁকে ফোন করে ডেকে নিয়ে যান। পরে শাহজালালসহ ১০ থেকে ১৫ জন ব্যক্তি তাঁর ওপর অতর্কিত হামলা চালান। একপর্যায়ে হামলাকারীরা তাঁর ডান হাত ও বাম পা ভেঙে দেন এবং ডান পায়ের রগ কেটে দেন।

আবুল কালামের চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে প্রথমে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাঁকে জাতীয় অর্থোপেডিক হাসপাতালে ভর্তি করা হয়।

আহত আবুল কালামের বাবা আব্দুল মালেক বলেন, দুর্বৃত্তরা পূর্বপরিকল্পিতভাবে তাঁর ছেলের ওপর হামলা চালিয়েছে। হামলাকারীরা তাঁর ছেলের ডান হাত ও বাম পা ভেঙে দেয়। পরে মাটিতে লুটিয়ে পড়লে ডান পায়ের রগ কেটে দেয়।

এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন বলেন, পুলিশ সদস্য আবুল কালাম গ্রামের বাড়িতে ছুটিতে এসে মাদক কারবারিদের হামলার শিকার হয়েছেন। বিষয়টি সুষ্ঠুভাবে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।