অসীম চন্দ্র দাস স্টাফ, রিপোর্টার (ব্রাহ্মণবাড়ীয়া): সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের বেড়তলা এলাকায় বাস ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। নিহতরা হলেন, দিনাজপুরের পার্বতীপুর উপজেলার কাজীপাড়ার আবু বক্করের ছেলে সৌরভ (৩২) ও রংপুর সদরের হরকলি চৌরাপাড়ার মুমিনুল ইসলামের ছেলে আছিম (১৮)। শনিবার (২৪ অক্টোবর) সকালে এ ঘটনা ঘটে।
সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) রোকনুজ্জামান জানান, রংপুর থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস সিলেট যাচ্ছিল। পথিমধ্যে ঢাকা-সিলেট মহাসড়কের বেড়তলা নামক স্থানে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে বাসটি সড়ক বিভাজনে উল্টে যায়। ঘটনাস্থলে ২ জন নিহত হয় ও প্রায় ১৫ জন আহত হয়েছে। আহতদের জেলা সদর হাসপাতালে চিকিৎসার জন্য নেয়া হয়েছে।







