, ,

গণভোটের রায় বাস্তবায়ন করলে আমরা’ত আন্দোলনে যেতাম না —– ডাঃ শফিকুর রহমান

নিউজটি শেয়ার করুন

দেওয়ান মোনাকিব চৌধুরী : বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামির আমির ডাঃ শফিকুর রহমান বলেন, অনেকেই আমাদেরকে বলেন, আমার এতো অল্প সময়ের ভিতরে সরকারের বিরুদ্ধে কেন আন্দোলন করছি, আমরা বলেছি, ৭০ ভাগ মানুষের গণভোটের রায় বাস্তবায়ন হলেই’ত আর আন্দোলনের প্রয়োজন হতো না। শনিবার সকাল ১১ ঘটিকার সময় মৌলভীবাজার সার্কিট হাউসের কনফারেন্স হলে ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এই মন্তব্য করেন।
তিনি বলেন, স্থানীয় নির্বাচন নিয়ে এখনো কোন ভালো লক্ষণ দেখছি না। বিএনপি ঘরানার একজন অবসরপ্রাপ্ত কর্মকর্তা কে নির্বাচন কমিশনের অ‍্যাডিশনাল সেক্রেটারি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। একজন দলীয় লোককে কেন এখানে আনতে হলো?
তিনি আরও বলেন, স্থানীয় নির্বাচনের আগে আমরা লেভেল প্লেয়িং ফিল্ডের নিশ্চয়তা চাই। যখন লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত হবে, তখন নির্বাচনে অংশগ্রহণ করব। জনগণ যাকে ভোট দিবে সেই ক্ষমতায় যাবে।
বিরোধীদলীয় নেতা আরো বলেন, আমরা সৌভাগ্যক্রমে একজন স্বরাষ্ট্রমন্ত্রী পেয়েছি, তিনি সকল মন্ত্রণালয়ে গিয়ে মাতব্বরী করেন। তার প্রধান কাজ হলো নিজের মন্ত্রণালয়ের খেয়াল রাখা। দেশে আইনশৃঙ্খলার অবস্থা খুব খারাপ, সে দিকে তার নজর নেই। না তিনি মাদক নিয়ন্ত্রণ করলেন, অস্ত্র নিয়ন্ত্রণ করলেন, না সমাজে শৃঙ্খলা ফিরাতে পারলেন। সরকারের অনেক গুরুত্বপূর্ণ ব‍্যক্তিরা বলেন, আইনশৃঙ্খলা আগের চেয়ে ভালো, এই আগের চেয়ে ভালোর মাপকাঠি কি তা আজ পর্যন্ত জানতে পারলাম না।
তিনি আরও বলেন, সংবাদপত্র সমাজের আয়না। আয়নায় ভূল-ত্রুটি ধরা পড়ে। স্বাধীনতার পর ১৯৭৫ সালে চারটি সংবাদপত্র বাদে সবকটি সংবাদপত্র বন্ধ করে দেওয়া হয়েছিল। বহুদলীয় গণতন্ত্র বাদ দিয়ৈ একদলীয় শাসন ব‍্যবস্থা জারি হয়েছিল। রাজনীতির উপর এক আঘাত নেমে এসেছিল।
বিরোধীদলীয় নেতা আরও বলেন, জাতীয় সংসদের চিফ হুইপ, যিনি জাতীয় সংসদের শৃংখলার দায়িত্বে থাকেন, তিনি তার এলাকায় গিয়ে বলেছেন, যে জায়গায় বিএনপির প্রার্থী বিজয়ী হবে না সেখানে কোনো সরকারি বরাদ্দ দেয়া হবেনা। খুবই লজ্জার বিষয়। তার মানে আগে থেকেই জনগণকে ভয় দেখানো হচ্ছে। এরকম ভয়ভীতি মধ‍্য দিয়ে নির্বাচন হলে নির্বাচন সুষ্ঠু হওয়ার সম্ভাবনা নেই।