, ,

অধ্যাপিকা নার্গিস বেগমের সঙ্গে বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতি ও ‘হৃদয়ে পতাকা ২ মার্চ’-এর নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

নিউজটি শেয়ার করুন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভাইস চেয়ারম্যান, বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবিকা অধ্যাপিকা নার্গিস বেগমের (নার্গিস ইসলাম) সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেছেন বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতি এবং ‘হৃদয়ে পতাকা ২ মার্চ’-এর নেতৃবৃন্দ।
সাক্ষাৎকালে বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মো. মঞ্জুর হোসেন ঈসা, ‘হৃদয়ে পতাকা ২ মার্চ’-এর উপদেষ্টা এস এম সামছুল আলম নিক্সন, সংগঠনটির সভাপতি কবি সাহানা সুলতানা এবং যশোর জেলা যুব পরিষদের সভাপতি মো. মুছা উপস্থিত ছিলেন।
এ সময় নেতৃবৃন্দ অধ্যাপিকা নার্গিস বেগমের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ সাক্ষাতে পারস্পরিক শুভেচ্ছা ও আন্তরিকতা প্রকাশ পায়।
অধ্যাপিকা নার্গিস বেগম যশোরের শিক্ষা, সামাজিক কর্মকাণ্ড ও রাজনৈতিক অঙ্গনে পরিচিত একটি নাম। তিনি বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সাবেক সদস্য ও সাবেক মন্ত্রী প্রয়াত তরিকুল ইসলামের সহধর্মিণী এবং বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, বর্তমান প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের মা। দীর্ঘদিনের রাজনৈতিক ও সামাজিক সম্পৃক্ততার কারণে যশোরের রাজনৈতিক পরিমণ্ডলে তিঁনি একজন আলোকিত অভিভাবক।
বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতি মানবাধিকার প্রতিষ্ঠা, নাগরিক অধিকার সুরক্ষা এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করে। অন্যদিকে, ‘হৃদয়ে পতাকা ২ মার্চ’ বাংলাদেশের জাতীয় পতাকার ঐতিহাসিক তাৎপর্য ও জাতীয় চেতনা তুলে ধরার প্রত্যয়ে কাজ করছে।