যশোরের কেশবপুরে ফেসবুকে আইফোন ১৩ প্রো কেনার অর্ডার দিয়ে ১৯ হাজার ৫০০ টাকা প্রতারণার শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন মোঃ বিলাল হোসেন (২৪) নামে এক যুবক।
তিনি উপজেলার হাসানপুর ইউনিয়ন এর রেজাকাটি গ্রামের বাসিন্দা। এ ঘটনায় তিনি কেশবপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। অভিযোগের বিষয়ে পুলিশ কাজ করছে বলে জানা গেছে।
বিলাল হোসেনের অভিযোগ, গত ৯ অক্টোবর রাত আনুমানিক ১১টার দিকে ফেসবুকে বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল ফোন বিক্রির একটি পোস্ট দেখতে পান তিনি। সেখান থেকে আইফোন ১৩ প্রো কেনার জন্য অর্ডার করেন। পরে একটি মোবাইল নম্বর থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি তাঁর সঙ্গে যোগাযোগ করে অর্ডারটি নিশ্চিত করেন।
মোবাইল ফোন বুকিংয়ের জন্য প্রথমে বিকাশের মাধ্যমে ৫০০ টাকা পাঠান বিলাল। পরে একই বিকাশ অ্যাকাউন্টে বিভিন্ন সময়ে আরও টাকা পাঠান। সব মিলিয়ে তিনি ১৯ হাজার ৫০০ টাকা পরিশোধ করেন বলে জানান। জিডির আবেদনে ১১ অক্টোবর রাত ৭টা ২০ মিনিটে সর্বশেষ লেনদেনের তথ্য উল্লেখ করা হয়েছে।
বিলাল জানান, টাকা পাঠানোর পর সংশ্লিষ্ট মোবাইল নম্বরে যোগাযোগের চেষ্টা করলে সেটি বন্ধ পান। একাধিকবার চেষ্টা করেও ওই ব্যক্তির সঙ্গে যোগাযোগ করতে পারেননি। এমনকি টাকা ফেরত পাওয়ারও কোনো ব্যবস্থা করতে পারেননি বলে অভিযোগ করেন তিনি।
এ ঘটনায় গত ১২ অক্টোবর কেশবপুর থানায় সাধারণ ডায়েরি করেন বিলাল হোসেন। থানার নথি অনুযায়ী, জিডি নম্বর ৭০৭। অভিযোগের বিষয়ে থানার সংশ্লিষ্ট কর্মকর্তা জানিয়েছেন, তাঁরা বিষয়টি নিয়ে কাজ করছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে অনলাইনে পণ্য কেনার ক্ষেত্রে বিক্রেতার পরিচয় ও বিশ্বস্ততা যাচাই না করে অগ্রিম টাকা পাঠানো থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। অভিযোগের সত্যতা ও জড়িত ব্যক্তির পরিচয় তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে।







