মোঃ গোলজার হোসেন, স্টাফ রিপোর্টার, দৈনিক স্বদেশ বিচিত্রা: ডেঙ্গুর বিস্তার রোধে সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ডা. মাজহারুল আলম। তিনি বলেছেন, ডেঙ্গু প্রতিরোধে ব্যক্তিগত সচেতনতার পাশাপাশি বাড়িঘর, আঙিনা ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা জরুরি।
শনিবার (১০ অক্টোবর) গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব), গাজীপুর জেলা শাখা আয়োজিত ‘ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক প্রচার অভিযান’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. মাজহারুল আলম বলেন, বাড়ির আঙিনা, নারকেলের খোসা, ফুলের টবসহ যেসব স্থানে পানি জমে থাকতে পারে, সেসব স্থান নিয়মিত পরিষ্কার রাখতে হবে। কারণ, জমে থাকা পানিতে ডেঙ্গুবাহী এডিস মশার বংশবিস্তার ঘটে। এ জন্য মশার প্রজননস্থল ধ্বংস করার পাশাপাশি বসতবাড়ির প্রতিটি স্থান আবর্জনামুক্ত রাখতে হবে।
তিনি আরও বলেন, ডেঙ্গু থেকে সুরক্ষিত থাকতে রাতে মশারি টাঙিয়ে ঘুমানো এবং আশপাশে পানি জমতে না দেওয়ার বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। ব্যক্তি, পরিবার ও সামাজিক পর্যায়ে সম্মিলিত উদ্যোগ নেওয়া গেলে ডেঙ্গুর ঝুঁকি কমানো সম্ভব।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ড্যাবের গাজীপুর জেলা শাখার সভাপতি ডা. আলী আকবর পলান। এ সময় সংগঠনটির জেলা শাখার অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যের পর ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি সংক্ষিপ্ত র্যালি অনুষ্ঠিত হয়। এর মধ্য দিয়ে সচেতনতামূলক প্রচার অভিযানের সমাপ্তি ঘোষণা করা হয়।
নিজ নিজ বাড়ি ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখা, জমে থাকা পানি অপসারণ এবং মশারি ব্যবহারের মতো সহজ অভ্যাস গড়ে তোলার মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখা সম্ভব—এমন বার্তাই উঠে আসে ড্যাবের এই সচেতনতামূলক কর্মসূচিতে।







