মেয়ে কণ্ঠে কথা বলে অনলাইনে প্রেমের সম্পর্ক ও বিয়ের নাটক সাজিয়ে ইতালি প্রবাসীর কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে নাটোরের লালপুরে বাবা ও ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ।
গত৭ অক্টোবর লালপুর উপজেলার গণ্ডবিল গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃতরা হলেন— লালপুর উপজেলার গণ্ডবিল গ্রামের মোঃ শান্ত আলী (২০) এবং তার বাবা মোঃ শহিদুল ইসলাম (৩৮)।পুলিশ সূত্রে জানা যায়, শান্ত আলী মেয়ে কণ্ঠে কথা বলে ‘সুমাইয়া আক্তার’ ছদ্মনাম ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে ইতালি প্রবাসী এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। একপর্যায়ে প্রতারণার মাধ্যমে মোবাইল ফোনেই তারা বিয়ে করেন। এ ঘটনায় শান্তকে পুরোপুরি সহায়তা করেন তার বাবা শহিদুল ইসলাম। তিনি টাকার লোভে নিজের প্রকৃত পরিচয় লুকিয়ে ইতালি প্রবাসীর শ্বশুর সেজে নিয়মিত কথা বলতেন এবং বিভিন্ন অজুহাতে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নেন।অভিযানের বিষয়ে লালপুর থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে লালপুর থানার এসআই (নিঃ) এ জে মিন্টুর নেতৃত্বে একটি টিম বুধবার সকাল সাড়ে ৬টার দিকে গণ্ডবিল গ্রামে আসামিদের বসতঘরে অভিযান পরিচালনা করে। সেখান থেকে শান্ত আলী ও তার বাবা শহিদুল ইসলামকে আটক করা হয়। এ সময় প্রতারণার কাজে ব্যবহৃত ২ টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।পুলিশ আরও জানায়, তারা দুজনে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার ও ইমো আইডি হ্যাকিং এবং অনলাইনভিত্তিক প্রতারক চক্রের সক্রিয় সদস্য।এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইন ২০২৬-এর ১৭(২)(খ)/২১(২)/২২(২)/২৭ ধারায় লালপুর থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। আটককৃতদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।







