১ থেকে ১৮ অক্টোবর জেলার বিভিন্ন এলাকায় ৩–১২ মাস বয়সী ছাগল-ভেড়াকে দেওয়া হবে টিকার চতুর্থ ডোজ
ছাগল ও ভেড়ার প্রাণঘাতী পিপিআর রোগ নির্মূলের লক্ষ্যে গাইবান্ধায় বিনামূল্যে পিপিআর টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। রোববার (৪ অক্টোবর) সকালে সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের মধ্য ধানঘড়া উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. মো. মনিরুজ্জামান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. মো. জোবাইদুল কবীর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জহিরুল ইসলাম। এছাড়া বল্লামঝাড় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জুলফিকার রহমান , মধ্য ধানঘড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
জেলা প্রাণিসম্পদ দপ্তর সূত্রে জানা যায়, কর্মসূচির আওতায় ৩ থেকে ১২ মাস বয়সী ছাগল ও ভেড়াকে বিনামূল্যে পিপিআর রোগের টিকার চতুর্থ ডোজ দেওয়া হবে। আগামী ১ থেকে ১৮ অক্টোবর পর্যন্ত গাইবান্ধা জেলার বিভিন্ন এলাকায় পর্যায়ক্রমে এ টিকাদান কার্যক্রম পরিচালিত হবে।
পিপিআর ছাগল ও ভেড়ার একটি অত্যন্ত সংক্রামক ভাইরাসজনিত রোগ। দ্রুত ছড়িয়ে পড়ার কারণে এ রোগে আক্রান্ত হয়ে ব্যাপকহারে পশু মারা যেতে পারে। এতে ক্ষুদ্র ও প্রান্তিক খামারি এবং পশুপালনকারীরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হন। রোগটির বিস্তার রোধে নিয়মিত টিকাদানকে কার্যকর প্রতিরোধ ব্যবস্থা হিসেবে গুরুত্ব দেওয়া হচ্ছে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, পিপিআর রোগ নির্মূলে সরকারি উদ্যোগের পাশাপাশি খামারি ও পশুপালনকারীদেরও সচেতন হতে হবে। নির্ধারিত সময়ে ছাগল ও ভেড়াকে টিকা দেওয়ার মাধ্যমে এ রোগের সংক্রমণ ও প্রাণহানি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব।
জেলা প্রাণিসম্পদ দপ্তর, গাইবান্ধার আয়োজনে এবং প্রাণিসম্পদ অধিদপ্তরের ‘পিপিআর রোগ নির্মূল এবং ক্ষুরারোগ নিয়ন্ত্রণ প্রকল্প (৩য় সংশোধিত)’-এর সহযোগিতায় এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।







