গাইবান্ধায় দীর্ঘদিনের উন্নয়ন বৈষম্য দূর করে সুষম উন্নয়ন নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
বৃহস্পতিবার দুপুরে গাইবান্ধা সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংকালে তিনি এ প্রতিশ্রুতি দেন।
প্রতিমন্ত্রী বলেন, গত সংসদ নির্বাচনে জনগণ বিএনপিকে আকুণ্ঠ সমর্থন দিয়েছে। তবে বিগত সরকারের রেখে যাওয়া বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানি সংকট বর্তমান সরকার উত্তরাধিকার সূত্রে পেয়েছে। এ সংকটের কারণে সংসদে জনগণের কাছে ক্ষমা প্রার্থনা করা হয়েছে বলেও জানান তিনি।
মীর শাহে আলম বলেন, দেশের বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানি সংকট নিরসনে প্রধানমন্ত্রী তারেক রহমান বিভিন্ন বাস্তবমুখী পদক্ষেপ গ্রহণ করেছেন।
তিনি আরও বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে উন্নয়নের ক্ষেত্রে বৈষম্য করা হয়েছে। এর ফলে গাইবান্ধা দীর্ঘদিন উন্নয়নবঞ্চিত ও অবহেলিত জেলা হিসেবে রয়ে গেছে। বর্তমান সরকার সারা দেশে সুষম উন্নয়ন নিশ্চিত করতে বদ্ধপরিকর।
পরে প্রতিমন্ত্রী গাইবান্ধা জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন।
এ সময় উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক ডা. ময়নুল হাসান সাদিক, সাধারণ সম্পাদক মাহমুদুন্নবী টিটুল, বিএনপির রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলামসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।







