, ,

মৌলভীবাজারে কলেজছাত্র নাঈম হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড, খালাস ৫

নিউজটি শেয়ার করুন

মৌলভীবাজার সরকারি কলেজের ডিগ্রি প্রথম বর্ষের শিক্ষার্থী রেজাউল করিম নাঈমকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার চাঞ্চল্যকর মামলায় চারজনকে মৃত্যুদণ্ড প্রদান করেছেন আদালত। একই সাথে অভিযোগ প্রমাণিত না হওয়ায় এ মামলার অপর পাঁচ আসামিকে খালাস দেওয়া হয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে মৌলভীবাজার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ রবিউল আউয়াল এই জনাকীর্ণ আদালতে রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন:
১. মো. নুরুল ইসলাম (কারাগারে)

২. মো. সাইমন ইসলাম (কারাগারে)

৩. নাহিদুল ইসলাম রনি (পলাতক)

৪. আনোয়ার হোসেন (পলাতক)

মামলা থেকে খালাসপ্রাপ্ত আসামিরা হলেন:

পারভীন বেগম, রুখসানা আক্তার জেসি, সাকির আহমদ শাকিল, আল আমিন এবং ইমন মিয়া (পলাতক)।

মামলার বিবরণ ও প্রেক্ষাপট:

মামলার বিবরণী থেকে জানা যায়, ২০২৩ সালের ৭ নভেম্বর সন্ধ্যায় মৌলভীবাজার সদর উপজেলার বর্ষিজোড়া এলাকায় নিহত নাঈমের বাবা চেরাগ মিয়ার বাসায় বেআইনিভাবে প্রবেশ করে চাঁদা দাবি ও গালাগালি করে আসামি নুরুল ইসলামসহ তার সহযোগীরা। সে সময় নাঈমের মা-বাবাকে মারধর শুরু করলে নাঈম তাদের থামাতে এগিয়ে আসে। আসামিরা এতে ক্ষিপ্ত হয়ে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে নাঈমকে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক রক্তাক্ত জখম করে। পরে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহত নাঈমের বাবা মো. চেরাগ আলী বাদী হয়ে মৌলভীবাজার মডেল থানায় ১০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ সাক্ষ্যগ্রহণ ও আইনি প্রক্রিয়া শেষে বিচারক দণ্ডবিধির ৩০২ ও ৩৪ ধারায় আসামিদের বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় ৪ জনকে ফাঁসির আদেশে দণ্ডিত করেন।

বাদীপক্ষ ও রাষ্ট্রপক্ষের প্রতিক্রিয়া:

আদালতের এই রায়ে সন্তোষ প্রকাশ করেছেন রাষ্ট্রপক্ষের আইজীবী (পিপি) অ্যাডভোকেট ড. আব্দুল মতিন চৌধুরী। তিনি বলেন, “এই রায়ের মাধ্যমে অপরাধীদের কাছে স্পষ্ট বার্তা পৌঁছাবে এবং আইনের শাসনের প্রতি সাধারণ মানুষের আস্থা আরও সুদৃঢ় হবে।”

নিহত নাঈমের বাবা চেরাগ মিয়া ও মা সামছুন নাহার আদালত প্রাঙ্গণে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বিচারালয়ের প্রতি কৃতজ্ঞতা জানান এবং সাজাপ্রাপ্ত পলাতক আসামিদের দ্রুত গ্রেপ্তার করে ফাঁসির রায় কার্যকর করার আকুল দাবি জানান।