অক্টোবর স্তন ক্যান্সার সচেতনতা মাস ২০২৬ উপলক্ষে ঢাকার ধামরাই সরকারি কলেজে ক্যান্সার সচেতনতায় নতুন বাংলাদেশ গড়ি শীর্ষক এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (১লা অক্টোবর) বেলা ১১টায় কলেজ প্রাঙ্গণে এ সচেতনতামূলক সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা-২০ আসনের মাননীয় সংসদ সদস্য মোঃ তমিজ উদ্দিন। ধামরাই সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোঃ ইফতেকার আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান আলোচকের বক্তব্য রাখেন দেশের বিশিষ্ট ক্যান্সার ও মেডিসিন বিশেষজ্ঞ, বাংলাদেশ আর্মড ফোর্সেসের প্রাক্তন কনসালট্যান্ট ফিজিশিয়ান জেনারেল মেজর জেনারেল (অব.) অধ্যাপক ডা. মোঃ আজিজুল ইসলাম।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ধামরাই পৌর বিএনপি ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আতিকুর রহমান আতিক। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কবি, লেখক, গবেষক এবং অর্পা বাংলাদেশ এর সাধারণ সম্পাদক মোঃ নাজমুল কবির।
সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অর্পা বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক (অবসরপ্রাপ্ত আর্মি) আবদুল আলিম। অনুষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনা ও ধন্যবাদ জ্ঞাপনে ছিলেন বিকন ফার্মাসিউটিক্যালস পিএলসির অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট জনাব ফরহাদ হোসেন মোল্লা।
আলোচনা সভায় বক্তারা ক্যান্সার প্রতিরোধের ওপর বিশেষ জোর দেন। তাঁরা জানান, জীবনযাত্রায় সঠিক অভ্যাস গড়ে তুলে এবং তামাক ও মাদক মুক্ত পরিবার গঠনের মাধ্যমে খুব সহজেই ক্যান্সারমুক্ত ভবিষ্যৎ নির্মাণ করা সম্ভব। বিশেষ করে স্তন ক্যান্সার প্রতিরোধে আগাম সচেতনতা বৃদ্ধি ও নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার প্রতি সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানানো হয়।







