, ,

প্রথিতযশা ভূ-বিজ্ঞানী ও প্রবীন রাজনীতিবিদ বীর মুক্তিযোদ্ধা ড. খন্দকার মোশাররফ হোসেনের ৮১তম জন্মদিন আজ

নিউজটি শেয়ার করুন

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) জাতীয় স্থায়ী কমিটির জ্যেষ্ঠ সদস্য, সাবেক সফল মন্ত্রী, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ভূ-বিজ্ঞানী এবং মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বীর মুক্তিযোদ্ধা ড. খন্দকার মোশাররফ হোসেনের ৮১তম জন্মদিন আজ ১লা অক্টোবর। ১৯৪৬ সালের এই দিনে কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার ঐতিহ্যবাহী গয়েশপুর গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম খন্দকার আশরাফ আলী এবং মাতার নাম হোসনে আরা হাসনা হেনা।

শিক্ষাজীবনে অত্যন্ত মেধাবী ড. খন্দকার মোশাররফ হোসেন ১৯৬৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগ থেকে এমএসসি সম্পন্ন করেন। পরবর্তীতে উচ্চশিক্ষার জন্য যুক্তরাজ্যে যান এবং ১৯৭০ সালে ঐতিহাসিক ইম্পেরিয়াল কলেজ থেকে মাস্টার্স এবং ১৯৭৩ সালে বিশ্ববিখ্যাত লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে ভূ-তত্ত্বে পিএইচডি (PhD) ডিগ্রি অর্জন করেন। ভূ-তত্ত্ব বিজ্ঞানের স্ট্রাকচারাল অ্যানালাইসিসে তাঁর আবিষ্কৃত তত্ত্ব ‘হোসেইন’স মেথড অব এক্সটেনশন’ আন্তর্জাতিক ভূ-বিজ্ঞান জগতে স্বীকৃতি লাভ করে। তিনি বিশ্বখ্যাত নোবেল বিজয়ী বিজ্ঞানী প্রফেসর আবদুস সালাম প্রতিষ্ঠিত আইসিটিপি (ICTP)-এর অ্যাসোসিয়েট সদস্য এবং থার্ড ওয়ার্ল্ড একাডেমি অব সাইন্সের একজন ফেলো।

শিক্ষাজীবনে সলিমুল্লাহ মুসলিম হল ও হাজী মুহাম্মদ মহসিন হল ছাত্র সংসদে নেতৃত্ব দেওয়ার পর, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে তিনি প্রবাসে (যুক্তরাজ্য) শিক্ষার্থীদের ও বাঙালি সমাজকে সংগঠিত করতে ‘ছাত্র সংগ্রাম পরিষদ’-এর আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন এবং মুক্তিযুদ্ধের স্বপক্ষে বিশ্বজনমত গঠন করেন। দেশে ফিরে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগে দীর্ঘ শিক্ষকতা জীবন পরিচালনা করেন এবং ১৯৮৭ থেকে ১৯৯১ সাল পর্যন্ত উক্ত বিভাগের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।

১৯৭৯ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আহ্বানে সাড়া দিয়ে ড. খন্দকার মোশাররফ হোসেন বিএনপিতে যোগ দেন। এরপর দলের ছাত্রবিষয়ক সম্পাদক, যুগ্ম মহাসচিব ও কুমিল্লা (উত্তর) জেলা বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৯৪ সাল থেকে তিনি দলের সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরাম ‘জাতীয় স্থায়ী কমিটি’-র সদস্য হিসেবে সফল ভূমিকা রেখে আসছেন।

কুমিল্লা-২ (দাউদকান্দি-তিতাস), বর্তমানে দাউদকান্দি- মেঘনা ), আসন থেকে তিনি পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হন।

১৯৯১-১৯৯৬: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী এবং পরবর্তীতে স্বল্প মেয়াদে স্বরাষ্ট্রমন্ত্রী।
২০০১-২০০৬: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।

স্বাস্থ্যমন্ত্রী থাকাকালীন ২০০২ সালে তিনি জাতিসংঘের ৫৬তম বিশ্ব স্বাস্থ্য অ্যাসেম্বলির (WHA) সভাপতি নির্বাচিত হন। তামাকবিরোধী আন্দোলনে অসামান্য অবদানের জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) তাঁকে মর্যাদাপূর্ণ ‘ওয়ার্ল্ড নো টোব্যাকো অ্যাওয়ার্ড’ প্রদান করে।

কৃষি খাতে তাঁর বিশেষ উদ্ভাবন ‘প্লাবন ভূমিতে মৎস্য চাষ’ (দাউদকান্দি মডেল) সমগ্র দেশে আলোড়ন সৃষ্টি করে, যা পরবর্তী সময়ে সরকারের জাতীয় স্বীকৃতি ও স্বর্ণপদক লাভ করে। এছাড়া তিনি দাউদকান্দির তিতাস উপজেলা প্রতিষ্ঠাসহ নিজ অঞ্চলে বহু শিক্ষা প্রতিষ্ঠান, কলেজ, হাইস্কুল, এতিমখানা ও দাতব্য প্রতিষ্ঠান স্থাপন করেছেন।
তাঁর প্রতিষ্ঠিত ড.মোশাররফ ফাউন্ডেশনের মাধ্যমে এসকল শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা ও আর্তমানবতার সেবা প্রদান করছেন।
গবেষণা ও গ্রন্থ রচনায়ও বিশেষ অবদান রেখেছেন ড. মোশাররফ হোসেন।
রাজনীতিবিদ ও বিজ্ঞানীর পাশাপাশি তিনি একজন বিশিষ্ট লেখক ও গবেষক। দেশ-বিদেশের বৈজ্ঞানিক জার্নালে তাঁর ২১টিরও বেশি গবেষণা নিবন্ধ প্রকাশিত হয়েছে। পাশাপাশি ‘মুক্তিযুদ্ধে বিলাত প্রবাসীদের অবদান’, ‘প্রগতি ও সত্যের সন্ধানে’, ‘রাজনীতির হালচাল’ করনা কালীন বাংলাদেশ, আমার রাজনীতির রোজনামচাসহ রাজনৈতিক ও সম সাময়িক বিষয়ের ওপর তাঁর রচিত বহু জনপ্রিয় গ্রন্থ রয়েছে।

ব্যক্তিজীবনে তিনি বেগম বিলকিস আক্তার হোসেনের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ। তাঁদের দুই পুত্র এবং এক কন্যা সন্তান রয়েছে। তাদের মধ্যে তাঁর উত্তর সূরী হিসেবে রাজনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন তাঁর কনিষ্ঠ ছেলে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিষ্টার ড.খন্দকার মারুফ হোসেন। ৮১তম জন্মদিনে তাঁর সহকর্মী, শুভানুধ্যায়ী ও দেশবাসী তাঁর দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করছেন।