অমিতাভ চৌধুরী, কেশবপুর (যশোর): যশোরের কেশবপুর উপজেলার হাসানপুর ইউনিয়নের হাসানপুর-বগা সড়কের একটি অংশ দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। কাবিলপুর পূজা মন্দির পার হওয়ার পর সড়কের বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে অসংখ্য খানাখন্দ ও বড় বড় গর্ত। বৃষ্টি হলেই এসব গর্তে পানি জমে সড়কটির পরিস্থিতি আরও খারাপ হয়ে যায়।
স্থানীয়রা জানান, সড়কটির ওই অংশ দিয়ে প্রতিদিন ছোট-বড় বিভিন্ন যানবাহন চলাচল করে। সড়কের বিভিন্ন স্থানে গর্ত ও খানাখন্দ থাকায় যানবাহন চলাচলে সমস্যা হচ্ছে। কয়েকদিন আগে সড়কের একটি অংশে একটি ট্রাক আটকে যাওয়ার ঘটনাও ঘটে।
প্রত্যক্ষদর্শী প্রকাশ দাশ বলেন, “কয়েকদিন আগে এই সড়কে একটি ট্রাক আটকে যেতে দেখেছি। রাস্তার বিভিন্ন স্থানে বড় বড় গর্ত থাকায় যানবাহন চলাচলে সমস্যা হচ্ছে। বৃষ্টি হলে গর্তগুলো পানিতে ভরে যায়, ফলে চালকদের জন্য ঝুঁকি আরও বেড়ে যায়।”
স্থানীয় বাসিন্দা ও সচেতন নাগরিক আবু রায়হান উজ্জ্বল সড়কটির বর্তমান অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, সড়কটি দিয়ে স্থানীয় শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ নিয়মিত যাতায়াত করেন। রাস্তার এমন অবস্থার কারণে তাদের ভোগান্তিতে পড়তে হচ্ছে। বিশেষ করে বর্ষার সময় গর্তগুলো পানিতে তলিয়ে যাওয়ায় চলাচলে সমস্যা আরও বাড়ে বলে তিনি জানান।
এ বিষয়ে সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য মো. বুলবুল ইসলাম বলেন, সড়কটির দুরবস্থার বিষয়টি তিনি অবগত। এর আগে তিনি ব্যক্তিগত অর্থায়নে কয়েক দফা সড়কটির সংস্কার করেছেন। কিন্তু বারবার সংস্কারের পরও সড়কটির সমস্যার স্থায়ী সমাধান হয়নি। ফলে দীর্ঘমেয়াদি সংস্কারের প্রয়োজন রয়েছে বলে তিনি জানান।
স্থানীয়দের দাবি, সামনে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে এ সড়কে মানুষের চলাচল বাড়বে। তাই পূজার আগেই সড়কের ক্ষতিগ্রস্ত অংশে জরুরি সংস্কার করা প্রয়োজন। পাশাপাশি বারবার সাময়িক সংস্কারের পরিবর্তে সড়কটির স্থায়ী সমাধানের উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন তারা।
স্থানীয়দের প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।







