নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশনের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২৬ উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি পদে মোঃ সুমন হাওলাদার, সাধারণ সম্পাদক পদে মোঃ ফজলুর রহমান এবং সাংগঠনিক সম্পাদক পদে মোঃ শাহীন আলম নির্বাচিত হয়েছেন।
গত ১৮ সেপ্টেম্বর রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি), ঢাকায় সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। সারাদেশের অধস্তন জেলা আদালতগুলোর মোট ৬০৯ জন ভোটারের মধ্যে ৫১৬ জন ভোটাধিকার প্রয়োগ করেন। এতে ভোট পড়ার হার দাঁড়ায় ৮৪ দশমিক ৭৩ শতাংশ।
প্রধান নির্বাচন কমিশনার মোঃ নাজিম উদ্দিনের নেতৃত্বে পাঁচ সদস্যের নির্বাচন কমিশনের সরাসরি তত্ত্বাবধানে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ শেষে গণনা করে ফলাফল ঘোষণা করা হয়।
সভাপতি পদে সুমন হাওলাদার: সভাপতি পদে মোঃ সুমন হাওলাদার ৩১২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ রেজোয়ান খোন্দকার পেয়েছেন ২০৪ ভোট।
সুমন হাওলাদার ঢাকার মহানগর দায়রা জজ আদালতের নাজির হিসেবে দায়িত্ব পালন করছেন।
সাধারণ সম্পাদক ফজলুর রহমান: সাধারণ সম্পাদক পদে মোঃ ফজলুর রহমান ৩১৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী তারিক আহমেদ রিঙ্কু পেয়েছেন ১৯৩ ভোট।
ফজলুর রহমান কুষ্টিয়ার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হিসাবরক্ষক হিসেবে কর্মরত।
সাংগঠনিক সম্পাদক শাহীন আলম: সাংগঠনিক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করে মোঃ শাহীন আলম ১৫৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ কামাল হোসেন পেয়েছেন ১৩৩ ভোট।
এ পদে মোঃ আসাদ-উদ-দৌলা (মাসুম) ৭২, মোঃ হাফিজুল ইসলাম ৪৭, মোঃ আবু ছায়েদ ২০ এবং আহসানুল কবির (স্বজন) ১৯ ভোট পেয়েছেন।
শাহীন আলম পাবনা জেলা জজ আদালতের বেঞ্চ সহকারী হিসেবে দায়িত্ব পালন করছেন।
কর্মচারীদের প্রত্যাশা পূরণের চ্যালেঞ্জ: নির্বাচনের ফলাফল ঘোষণার পর নবনির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদককে সংগঠনের সদস্য, কর্মকর্তা ও কর্মচারীদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
নবনির্বাচিত নেতৃবৃন্দ সংগঠনের সদস্যদের কল্যাণ, অধিকার ও স্বার্থ সংরক্ষণ এবং সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেছেন। একই সঙ্গে এসোসিয়েশনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে সারাদেশের বিচার বিভাগীয় কর্মচারীদের ঐক্য, সহযোগিতা ও পরামর্শ কামনা করেছেন।
নির্বাচনে ভোটার ও সাধারণ কর্মচারীদের ব্যাপক অংশগ্রহণ নতুন নেতৃত্বের প্রতি তাদের প্রত্যাশারও প্রতিফলন ঘটিয়েছে। দীর্ঘদিনের বিভিন্ন দাবি, বিশেষ করে বেতন স্কেল যৌক্তিকীকরণ, বিশেষ ভাতার ব্যবস্থা এবং পদোন্নতির জটিলতা নিরসন—এসব বিষয়ে কার্যকর উদ্যোগ নেওয়ার প্রত্যাশা জানিয়েছেন কর্মচারীরা।
সংশ্লিষ্টদের প্রত্যাশা, নতুন নেতৃত্ব বিচার বিভাগীয় কর্মচারীদের পেশাগত অধিকার ও কল্যাণের বিষয়গুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে কার্যকরভাবে তুলে ধরবে। পাশাপাশি সংগঠনের সাংগঠনিক সক্ষমতা বাড়িয়ে সদস্যদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলোতে আরও সক্রিয় ভূমিকা রাখবে নতুন কমিটি।






