, ,

গাইবান্ধায় ‘কৃষি সমৃদ্ধি প্রকল্পের’ মিডিয়া অ্যাডভোকেসি সভা

নিউজটি শেয়ার করুন

‎কৃষি ও কৃষিভিত্তিক ব্যবসার প্রসার, নতুন উদ্যোক্তা সৃষ্টি এবং আধুনিক প্রযুক্তির মাধ্যমে কৃষি খাতকে আরও সম্প্রসারিত করার লক্ষ্যে গাইবান্ধায় ‘কৃষি সমৃদ্ধি প্রকল্প’-এর আওতায় মিডিয়া অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।
‎
‎মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকেল ৩টায় গাইবান্ধা সদর উপজেলার দক্ষিণধানঘড়া গ্রামে এ সভা অনুষ্ঠিত হয়।
‎
‎‘কৃষি কানেক্ট (KRISHI CONNECT)’-এর আওতায় আয়োজিত সভায় কৃষিভিত্তিক ব্যবসা ও উদ্যোক্তা উন্নয়ন, অনলাইন প্ল্যাটফর্ম ও অ্যাপ ব্যবহারের মাধ্যমে কৃষি খাতের প্রসার এবং কৃষির সঙ্গে সংশ্লিষ্টদের মধ্যে যোগাযোগ ও সহযোগিতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
‎
‎সভায় বিশেষভাবে মৎস্য খাদ্য, গবাদিপশুর খাদ্য, পোল্ট্রি খাদ্য ও ভেড়ার খাদ্যসহ কৃষি খাতের বিভিন্ন ব্যবসার সম্ভাবনা ও উদ্যোক্তা উন্নয়নের বিষয় উঠে আসে। পাশাপাশি কৃষক ও উদ্যোক্তাদের আধুনিক প্রযুক্তির সঙ্গে সম্পৃক্ত করে অনলাইনভিত্তিক প্ল্যাটফর্ম ব্যবহারের মাধ্যমে কৃষি ব্যবসার পরিধি বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।
‎
‎আলোচনায় বক্তারা বলেন, কৃষি বাংলাদেশের অর্থনীতি ও গ্রামীণ জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ খাত। কৃষির সঙ্গে প্রযুক্তির সমন্বয় ঘটানো গেলে উৎপাদক, উদ্যোক্তা ও ক্রেতাদের মধ্যে যোগাযোগ আরও সহজ হবে। একই সঙ্গে কৃষিভিত্তিক ব্যবসার নতুন সুযোগ সৃষ্টি এবং উদ্যোক্তাদের বাজার সম্প্রসারণেও অনলাইন প্ল্যাটফর্ম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
‎
‎সভায় সভাপতিত্ব করেন হোসনে আরা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমিয়া প্রাপন অর্ক, প্রধান নির্বাহী কর্মকর্তা (CEO)। এছাড়া নাদিমসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
‎
‎অনুষ্ঠানে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। তারা কৃষি ব্যবসার সম্ভাবনা, উদ্যোক্তা উন্নয়ন এবং প্রযুক্তিনির্ভর কৃষি কার্যক্রমের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।
‎
‎আয়োজকরা জানান, ‘কৃষি সমৃদ্ধি প্রকল্প (KRISHI SOMRIDDHI PROJECT)’-এর মূল উদ্দেশ্য হলো কৃষি ও কৃষিভিত্তিক ব্যবসার প্রসার ঘটানো, উদ্যোক্তাদের উন্নয়নে সহায়তা করা, অনলাইন প্ল্যাটফর্ম ও অ্যাপ ব্যবহারে উৎসাহ দেওয়া এবং কৃষি খাতের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের মধ্যে যোগাযোগ ও সহযোগিতা বৃদ্ধি করা।
‎
‎প্রকল্পটি দক্ষিণ কোরিয়ার স্মাইল টুগেদার পার্টনারশিপ (STP)-এর সহযোগিতায় এবং ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (DYDF)-এর বাস্তবায়নে পরিচালিত হচ্ছে।