সম্প্রীতির চাদর
লিটন সিদ্দিকী
৬ আগস্ট ২০২৪
প্রতিষ্ঠান গুলো প্রাণের মিলন ভাঙুক সকল দেওয়াল
মসজিদ আর মন্দির,গির্জা সাজুক একই খেয়াল।
জোর,জবরদস্তি নেই তো ধর্মে স্রষ্টার সেই বাণী
এক সাথে বাঁচব সবাই সম্প্রীতিটাই জানি।
মানুষকে মোরা ভালোবাসব নয়কো কোনো হানাহানি
ধর্ম যার যার স্বাধীন তাহার, এই সত্যটি মানি।
কারো মনে আঘাত না দিয়ে বুক বাড়িয়ে বুকে
সবাই মিলে বাঁচব মোরা শান্তিতে ও সুখে।
উপাসনালয় থাকুক নিরাপদ নির্ভয়ে কাটুক দিন
অসাম্প্রদায়িকতার এই চেতনায় ঘুচুক সকল ঋণ।
মসজিদের ঐ মিনার থেকে আসুক শান্তির আহ্বান
পাশাপাশি আজ মন্দির,গির্জায় বাজুক মৈত্রীর গান।
কেউ যেন আর পর না হয় সবাই মোরা ভাই
হানাহানি,সংঘাতে আজ মুক্তি কভু নাই।
সৃষ্টিকর্তার প্রতিশ্রুতিময় এই ধরায় মোরা সবে
মানুষ হয়ে মানুষের পাশে দাড়ানোই কাজ হবে।
সকল বাধা ভেঙে চুরে গড়ি এমন এক অবয়ব
প্রেমের ডোরে জড়িয়ে থাকুক আপন,পরের সব।
সুরক্ষার এই চাদর মুড়ে হোক না নতুন ভোর
সাম্প্রদায়িক বিষবাষ্পে আর ভাঙবে না তো ঘর।






